চান্দগাঁওবাসীর কষ্টের শেষ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নর্দমা না থাকায় প্রায় সময় পানি জমে থাকে চান্দগঁাওয়ের নাজির বাড়ি এলাকায়। প্রথম আলো
নর্দমা না থাকায় প্রায় সময় পানি জমে থাকে চান্দগঁাওয়ের নাজির বাড়ি এলাকায়। প্রথম আলো

চান্দগাঁওয়ের নাজির বাড়ি সড়ক। চারদিকে খানাখন্দে ভরা। সড়কে পিচঢালাইয়ের অস্তিত্বই নেই। ইটগুলোও সরে গেছে এদিক-ওদিক। কড়া রোদেও কিছুদূর অন্তর ডিঙাতে হচ্ছে সড়কে জমে থাকা পানি। আশপাশের নালা ভরাট হয়ে যাওয়ায় পানি উপচে সড়কে এসে জমছে। ফলে রিকশাযাত্রীদের ঝঁাকুনি আর যাঁরা হেঁটে যাচ্ছেন তাঁদের মাড়াতে হচ্ছে ময়লা পানি। ভোগান্তি নিয়ে এভাবে দিনের পর দিন চলাফেরা করছেন এখানকার বাসিন্দারা। ৯ এপ্রিল বেলা ১১টায় চান্দগাঁও থেকে হামিদচর যাওয়ার পথে চোখে পড়ে এই চিত্র।
বাসিন্দাদের অভিযোগ, এই এলাকায় সমস্যার শেষ নেই। সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। নেই পর্যাপ্ত ডাস্টবিন। সন্ধ্যা হলে বসে মাদকের আসর। বখাটেদের উৎপাতে পথচলা দায় হয়ে পড়ে।
পাশের দাসপাড়ায় শুধু নেই আর নেই। ওয়াসার পানির সংযোগ নেই। এখনো নলকূপের পানিই ভরসা। গ্যাস–সংযোগও নেই। আর ভাঙাচোরা রাস্তার কষ্ট তো আছেই।

এই পাড়ার বাসিন্দা সুনীল দাস বলেন, ‘আমাদের পাড়াটি নগরের সবচেয়ে অবহেলিত। এই পাড়ায় ২০০ পরিবার বসবাস করে। নির্বাচনের সময় সব প্রার্থী প্রতিশ্রুতি দেয়, পরে আর কেউ মনে রাখে না।’
দাসপাড়ার শেষ প্রান্ত ধরে কর্ণফুলীতে মিশেছে ডোম খাল। এর ওপর দিয়ে হামিদচরের মানুষ যাতায়াত করে। কিন্তু এই খালের ওপরে যে সেতুটি ছিল তা দুই বছর আগে ভেঙে গেলেও এখন পর্যন্ত নতুন করে সেতু তৈরি করা হয়নি। এখন পারাপারে ভরসা বাঁশের সাঁকো।
হামিদচর থেকে নিয়মিত পুরোনো চান্দগাঁও থানা এলাকায় অবস্থিত নুরুল ইসলাম পৌর বালিকা উচ্চবিদ্যালয়ে যাওয়া–আসা করে দশম শ্রেণির ছাত্রী সায়মা আক্তার। সে বলে, ‘সেতুটি ঠিক না করার কারণে পুরোনো চান্দগাঁও থানা থেকে হামিদচরে গাড়ি চলাচল করতে পারে না। এর ফলে আমাদের প্রায় এক কিলোমিটার হেঁটে বিদ্যালয়ে যাওয়া-আসা করতে হয়। বর্ষায় এই রাস্তা পানির নিচে তলিয়ে যায়। তখন বিদ্যালয়ে আসতে হয় সিঅ্যান্ডবি এলাকা ঘুরে।’ 

ভেঙে যাওয়ার দুই বছর পরও নির্মিত হয়নি ডোমখালের সেতু। তাই বাঁ​েশর সাঁকো দিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের l প্রথম আলো
ভেঙে যাওয়ার দুই বছর পরও নির্মিত হয়নি ডোমখালের সেতু। তাই বাঁ​েশর সাঁকো দিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের l প্রথম আলো

এ প্রসঙ্গে বর্তমান ওয়ার্ড কাউন্সিলর মাহবুব আলম বলেন, ‘ডোম খালের সেতুটি এডিবিতে (এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক) অনুমোদন হয়েছে। তিন কোটি টাকার এই প্রকল্পটি গত জুলাইয়ে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আমি জেলে থাকায় প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে না পারায় তা আটকে আছে।’
হামিদচরের অবস্থাও একই। ওয়ার্ডের সানোয়ারা আবাসিক এলাকা হয়ে বরিশাল কলোনি যাওয়ার রাস্তাটাও একই রকম। তবে বরিশাল কলোনি এলাকার মানুষের প্রধান সমস্যা মাদক, পানি আর গ্যাস–সংকট। স্থানীয় একটি স্কুলের শিক্ষক আবদুস সাত্তার বলেন, ‘সন্ধ্যা হলেই এখানে মাদকের আসর বসে। মদ খেয়ে পাগলামি করে বখাটেরা। বাচ্চাদের নিয়ে দুশ্চিন্তায় থাকি।’
সিটি করপোরেশন সূত্র জানায়, নগরের সবচেয়ে বড় ওয়ার্ড এই চান্দগাঁও। আয়তন ১২ দশমিক ৪১ বর্গমাইল। ওয়ার্ডের উত্তরে কুয়াইশ, দক্ষিণে কোদাল কাঠা, পশ্চিমে ঢালিপাড়া ও পূর্বে হামিদচর। এই ওয়ার্ডের মধ্যে পড়েছে ঐতিহাসিক কালুরঘাট বেতারকেন্দ্র, স্বাধীনতা পার্ক ও বাস টার্মিনাল। এতে উন্নয়নকাজ হয়েছে ২২ কোটি ৪৯ লাখ ৬৮ হাজার টাকার।
এদিকে ওয়ার্ডের ফরিদারপাড়া, শমসেরপাড়া ও ঢালিপাড়া এখনো যেন অজপাড়াগাঁ রয়ে গেছে। এই তিন এলাকায় যাওয়ার সড়ক খুবই সরু। এক সঙ্গে দুটি রিকশা চলাচল করতে হিমশিম খেতে হয়। তার ওপর সড়কে নানা খানাখান্দ। সড়কের পাশের নালাও আবর্জনায় ভরা।
স্থানীয় লোকজন জানান, নিয়মিত পরিষ্কার না করায় নালা ভরে আছে ময়লা–আবর্জনায়। ফলে একটু বৃষ্টি হলেই নালার পানি রাস্তায় উপচে পড়ে।
ফরিদারপাড়ার বাসিন্দা মোহাম্মদ নাজের বলেন, ‘জলাবদ্ধতা আর রাস্তার সমস্যা তো আছেই সেই সঙ্গে গ্যাস ও খাবার পানির তীব্র সংকটও রয়েছে। নিয়মিত খাবার পানি পাই না। আর গ্যাস তো-এই আছে, এই নেই।’
এদিকে অভিজাত হিসেবে পরিচিত চান্দগাঁও আবাসিক এলাকার অবস্থাও করুণ। ঢোকার মুখে বড় ডাস্টবিনে উপচে পড়ছে ময়লা-আবর্জনা। দুর্গন্ধ ছড়াচ্ছে আশপাশের একশ গজের মধ্যে আবাসিক এলাকার মূল সড়কে পথচারীরা চলাচল করছে নাকে কাপড় গুঁজে। এ ছাড়া প্রায় প্রতিটি সড়কই বেহাল। অবশ্য কয়েকটি সরু সড়ক সংস্কার কাজ করতে দেখা গেছে।

আবাসিক এলাকার বাসিন্দা আবদুর নুর বলেন, ‘শহরের অন্যতম অভিজাত এলাকা হলেও উন্নয়নে তেমন অগ্রাধিকার পায়নি এই এলাকা। রাস্তাগুলো ভাঙা দীর্ঘদিন ধরে। পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় রাস্তার ধারে ময়লা-আবর্জনা ফেলতে হয়। আর একটু বৃষ্টি হলেই সেই আবর্জনা পানির সঙ্গে ছড়িয়ে পড়ে রাস্তাজুড়ে।’
এ প্রসঙ্গে ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল আলম বলেন, ‘দশ বছর আগে তো চান্দগাঁও ওয়ার্ডকে সবাই গ্রাম বলে চিনত। আমি অনেক উন্নয়নকাজ করেছি। যার ফলে অনেকেই এটাকে এখন শহর বলছে।’ এলাকার সড়কের বেহাল দশার ব্যাপারে তিনি বলেন, ‘সিডিএ পানিনিষ্কাশনের ব্যবস্থা না করে আশপাশের বড় বড় সড়কগুলো অপরিকল্পিতভাবে উঁচু করে ফেলেছে। ফলে বৃষ্টি হলেই সড়কগুলোতে পানি আটকে যায়।’