চাপ কমাবে সবলতা

৪ মার্চ প্রথম আলো বন্ধুসভা আয়োজন করে মানসিক চাপমুক্ত থাকার উপায় শীর্ষক একক বক্তব্য ও প্রশ্নোত্তর কর্মশালার। মানসিক চাপ কেমন, কীভাবে উপলব্ধি করা যায়, কীভাবে নিজেকে চাপমুক্ত রাখা যায় প্রভৃতি বিষয়ে বিশদ আলোচনা করা হয় এ কর্মশালায়। কর্মশালাটি পরিচালনা করেন চিকিৎসা মনোবিজ্ঞানী জোহরা পারভীন।
একই পরিস্থিতিতে দুজন মানুষের ভিন্ন উপলব্ধি হতে পারে। সে কারণে তাদের দুজনের মানসিক ও শারীরিক পরিবর্তনগুলোও ভিন্ন হবে। এমনকি আলাদা আলাদা চিন্তার কারণে মানসিক চাপের প্রভাবও ভিন্ন হয়।
জোহরা পারভীন বলেন, ‘মানসিক চাপ থেকে মুক্ত হওয়ার প্রথম কাজটি হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে কেন আপনি চাপ অনুভব করছেন। তারপর যে সমস্যাগুলো আপনি সমাধান করতে পারবেন, সেগুলো মাথা ঠান্ডা রেখে সমাধান করুন। এবং বিকল্প কাজের মাধ্যম বের করুন। আর যেগুলো কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব না। সেগুলো মেনে নেওয়া শিখতে হবে।’
মূলত প্রত্যেকের চিন্তাশক্তির ভিন্নতার কারণে প্রত্যেকের মানসিক চাপমুক্ত হওয়ার উপায়ও ভিন্ন হয়।
তিনি আরও বলেন, ‘সবাই সবার সবলতার (স্ট্রেনথ্) এবং দুর্বলতার (উইকনেস) একটি তালিকা তৈরি করে রাখবেন। যখন চাপ অনুভব করবেন। তখন সেই তালিকাতে চোখ বোলাবেন। দেখবেন আপনি সমাধান খুঁজে পাবেন।’
প্রথম আলোর প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয় এ কর্মশালা।