
শেষ হলো উৎসবের ডামাঢোল। ঈদ আর পূজার ছুটি মিলে শিশুদের দিনগুলোও কেটেছে আনন্দে। লম্বা একটা সময় বন্ধের পর খুলতে শুরু করেছে স্কুল। বেশিরভাগ স্কুলের বার্ষিক পরীক্ষা শুরু হতে এখনো সময় আছে। আগামী ডিসেম্বরে শুরু হওয়ার কথা বার্ষিক পরীক্ষা। এর আগে নভেম্বরে শুরু হচ্ছে অষ্টম শ্রেণীর জেএসসি আর পঞ্চম শ্রেণীর পিএসসি পরীক্ষা। তাই ‘বাচ্চাদের হাতে খুব বেশি সময় নেই এমনটা ভাবার কোনো কারণ নেই’ বলে মনে করেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক পারভীন বানু। তাঁর মতে, অনেক দিন পর স্কুল খুলছে। বাচ্চারা আবার পড়াশোনার ভেতরে আসতে সময় নেবেই। অভিভাবকদের উচিত তাদের বুঝিয়ে-শুনিয়ে স্কুলে পাঠানো। আর অভিভাবকেরাও স্কুল খোলা মাত্র শিশুকে চাপ দেবেন না। বাড়িতে গল্পের ছলে কিংবা যখন ও হয়তো খেলছে, তখন পড়ার বই নিয়ে আলোচনা করতে পারেন। শিশু খেলছে, পাশে বসে আপনি পাঠ্যবইয়ের যেকোনো একটি গল্প বা কবিতা পড়ে শোনাতে পারেন। তবে যেসব শিশুর পিএসসি বা জেএসসি পরীক্ষা, তাদের ক্ষেত্রে বাড়তি চাপ না দিয়ে পড়াটা নিয়মিত পড়ছে কি না, সেটি খেয়াল রাখতে হবে।
স্কুলে আসার পর একটু আলাদাভাবে পড়ানো উচিত বাচ্চাদের। ছুটিতে তারা কী করেছে, সেটা নিয়ে গল্প করা যেতে পারে। এরপর আস্তে আস্তে পড়ার দিকে আসা যেতে পারে। শিশুরা নিজেদের মজার গল্পগুলো বলার পর শিক্ষকদের আপন মনে করতে শুরু করে। এর পরই পড়াশোনার কথা বললে তারা সহজে মনোযোগ দেবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিশেষজ্ঞ সিফাত ই সাইদ বলেন, অনেক দিন বন্ধ থাকার পর শিশু স্কুলে যেতে চাইবে না—এটাই স্বাভাবিক। এটা নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। ওকে বুঝিয়ে বললে আবার শুনবে। তবে বকা দিলে বা মারধর করলে তাকে বোঝানো আরও মুশকিল হবে। তাই ধৈর্য নিয়ে তাকে বুঝিয়ে পড়তে বসান বা স্কুলে পাঠান।
এখন তো স্কুলগুলোয় তিনটা পরীক্ষার বদলে দুটি পরীক্ষা দিতে হচ্ছে। তাই পরীক্ষার চাপ কমে গেছে। সুতরাং, শিশুকে বেশি চাপ না দেওয়াই ভালো বলে মনে করেন বিশেষজ্ঞরা। শিশুকে যদি পড়ানোর জন্য অন্য শিশুর উদাহরণ টেনে তার সঙ্গে তুলনা করেন, তবে সে মানসিকভাবে ভেঙে পড়তে পারে। কোনো অবস্থায় তাই এমনটি করা ঠিক হবে না। আপনার সন্তানকে প্রথম হতে হবে—এমন কোনো শর্ত না দিলেই তার জন্য ভালো। কোনো ধরনের ভয় দিয়ে পড়ানোর চেষ্টা করলে এই সময়ে সে ফলাফল আরও খারাপ করতে পারে। অনেক পড়া জমে গেলে সেটা অল্প অল্প করে পড়ান। তাকে উৎসাহ দিন পড়তে। কোনো ধরনের শারীরিক নির্যাতন করলে শিশু জিদ ধরতে পারে। তাই যতটা সম্ভব বুঝিয়ে স্কুলে পাঠান। পরিবেশের সঙ্গে মিশে গিয়ে সে আবার পড়াশোনায় মন দেবে।