চাপমুক্ত থাকুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতীক্ষার প্রহর প্রায় শেষ। শুরু হতে যাচ্ছে ৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষা। একজন বিসিএস পরীক্ষার্থীর জন্য এ সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছুই তো পড়া হয়নি, অথবা যা পড়া হয়েছে ঠিকঠাকভাবে লিখে আসতে পারব তো—এমন নানা চিন্তা উঁকি দেবে মনে। কিন্তু আপনাকেই এই দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। এ সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানসিক চাপমুক্ত থাকা।পরীক্ষার হলে যুক্তিসহকারে বিশ্লেষণধর্মী লেখা উপস্থাপন করুন। সম্ভব হলে তথ্যসূত্র ও প্রাসঙ্গিক উক্তিসহকারে উত্তর লিখুন। সব প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারা জরুরি। সব প্রশ্ন কমন না পড়লে ধারণা থেকে হলেও কিছুটা লিখে আসুন।গণিতের ক্ষেত্রে বলব, একটি অঙ্ক নিয়ে সময় নষ্ট না করে পরেরটিতে চলে যান, পরে সময় থাকলে না-পারা অঙ্কটি নিয়ে চেষ্টা করে দেখতে পারেন। পরীক্ষার আগের রাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে একবার চোখ বুলিয়ে নিতে পারেন। কোনো এক দিনের পরীক্ষা আশানুরূপ না হলে মন খারাপ করা যাবে না। তার চেয়ে পরবর্তী বিষয়ের জন্য প্রস্তুতি নিন। কারণ, চূড়ান্ত ফল তৈরি হবে সব বিষয় মিলিয়ে।অনেকের মনে জিজ্ঞাসা থাকে, পরীক্ষার উত্তর বাংলায় না ইংরেজিতে দিলে ভালো হয়। আমি ইংরেজি ছাড়া বাকি বিষয়গুলো বাংলাতেই দিয়েছি। এ ছাড়া গুরুত্বপূর্ণ রেফারেন্স ও উক্তি নীল কালিতে লিখেছি, যাতে পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করে।বিসিএস পরীক্ষা অত্যন্ত কঠিন, কিন্তু পরীক্ষার্থী মানসিক চাপমুক্ত থেকে নিজের সেরাটুকু দিতে পারেন, তাহলে সাফল্য আসবেই।