চাপা রঙে মানায় সব রং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবাই মিলে কেনাকাটা করতে যাওয়া হয়েছে। গাঢ় সবুজ বা ঝকঝকে গোলাপি জামাটার দিকেই নজর পড়ল মেয়েটির। অমনি মায়ের শাসন, ‘তোমাকে ও রং মোটেও মানাবে না। হালকা কোনো রঙের জামা বাছো।’ অথচ বড় বোন দিব্যি কিনে নিল ওই রঙের জামা। তার নাকের সামনে দিয়েই তার পছন্দের জামার প্যাকেটটি ঝুলিয়ে চলল। অভিমানে ঠোঁট ফোলানো হলেও লাভ কী! গায়ের রং চাপা বলে তার জামাকাপড় কেনার এই বাছবিচার তো আরও আগে থেকেই চলছে।কালো গায়ের রং হলে সব রঙের পোশাক পরা যাবে না। সাজগোজ করতে হবে খুব ভেবেচিন্তে। এমন কথাই প্রচলিত আমাদের দেশে। আসলেই কি তাই! ফ্যাশন ডিজাইনার বা রূপবিশেষজ্ঞের মতামতটা চলুন জেনে নেওয়া যাক।‘প্রথমেই আমি পরিষ্কার করে দিতে চাই একটা ব্যাপার। চাপা রঙের মেয়েদের ফ্যাশন, সাজসজ্জা অন্য রকম কিছু হবে, এটা ভাবাই যায় না। সব রংই পরতে পারে তারা। তবে কোন রংটা কীভাবে পরতে হবে, সেটা তাদের শিখে নিতে হবে।’ বলেন ফ্যাশন হাউস সাদাকালোর ডিজাইনার তাহসীনা শাহীন। এই শিখে নেওয়ার ব্যাপারটা অবশ্য অন্য কেউ শেখাতে পারে না বলেই মত তাঁর। ‘এটা আসতে হবে নিজের ভেতর থেকে। আয়নায় দেখেই বুঝতে হবে কোন সাজে মানাচ্ছে নিজেকে। ক্যানভাসে যখন কেউ ছবি আঁকে, তখন তো তাঁকে কেউ বলে দিতে পারেন না কোন রঙের ব্যবহার করতে হবে। তেমনি পোশাকটাকেও বলা যায় বড় একটা ক্যানভাস। যার যেভাবে খুশি সাজিয়ে নাও। আমি সারা আপাকে (সারা যাকের) দেখেছি ৩০০ টাকা তাঁতের শাড়িতেও কী উজ্জ্বল! শাড়ি, ব্লাউজ, গয়না কোনো কিছুর সঙ্গেই কিছুর মিল নেই। তবু সব মিলিয়ে কী সুন্দর দেখায় তাঁকে। এই সব মেলানোর ব্যাপারটাই হলো আসল। তা আপনার গায়ের রং যেমনই হোক না কেন।’তাহসীনা শাহীন গায়ের রং কালো এমন মেয়েদের জন্য কিছু টিপস দিয়েছেন। কোন পোশাকটি পরে আত্মবিশ্বাসী থাকা যাবে, সেটাই হলো আসল কথা। উজ্জ্বল গোলাপি রংও কালো গায়ের রঙে সুন্দর মানিয়ে যেতে পারে। সে ক্ষেত্রে একটু কম মেকআপ, কম গয়না পরতে হবে। আবার গোলাপি কামিজের সঙ্গে সালোয়ার হতে পারে সাদা বা অন্য কোনো হালকা রঙের। ওড়না যদি রংচঙে হয়, জামাটা হালকা রঙের হতে পারে। এভাবে নিজের মতো করে মিলিয়ে নিতে হবে। যেকোনো রংই বুঝে পরা যেতে পারে। তবে খুব শকিং কোনো রং ব্যবহার না করাই নিরাপদ। সাদা ও কালো এই দুটি রংও তাদের খুবই মানিয়ে যায়। এ দুয়ের মিশ্রণ বা একরঙা—দুভাবেই পরা যায়। এ ছাড়া যেসব কাপড়ের ছাপা খুব বড় এবং চোখে লাগে, তা না পরাই ভালো। কাপড়ে সেই রঙেরই অন্য শেড দিয়ে কাজ করা আছে, এমন পোশাকও তাদের ভালো মানাবে। আবার একদম হালকা রংও যে বাদ যাবে, তা নয়। সময় বুঝে তা-ও পরা যেতে পারে।কালো গায়ের রঙে মেকআপ কেমন হবে, তা জানালেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান। ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে ফাউন্ডেশন নির্বাচনই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন। ‘ত্বকের রঙের সঙ্গে মিলিয়েই মেকআপ করতে হবে। অনেকে ত্বকের রঙের চেয়ে হালকা রঙে ফাউন্ডেশন ব্যবহার করেন। যা মোটেও ঠিক নয়। সঠিক রঙের ফাউন্ডেশন ব্যবহার করে মেকআপ শুরু করতে হবে। ত্বকের রঙের এক শেডও হালকা রং ব্যবহার করা যাবে না।’ বলেন তিনি। লিপস্টিক, ব্লাশঅন, আইশ্যাডোতে কিছু নির্দিষ্ট রঙই ব্যবহার করতে হবে। এগুলো হল- বার্গান্ডি, ম্যাজেন্টা, মেরুন, ব্রোঞ্জ, কপার, পিচ, বাদামি, সোনালি। নীল এবং সবুজ রং দুটি ব্যবহার করা যায় এর যে কোন একটি রঙের সঙ্গে মিলিয়ে। প্রতিদিনকার মেকাপের জন্য ময়েশ্চারাইজার দিয়ে এর ওপর ফেস পাইডার দেওয়া যেতে পারে। এছাড়া হালকা কাজল, মাসকারা এবং পিংক টোনের কোন লিপস্টিক লাগানো যেতে পারে।কানিজ আলমাস খান মনে করেন, ত্বক পরিষ্কার রাখাটাই গুরুত্বপূর্ণ। ত্বক ও চুলের ধরন বুঝে এজন্য নিয়মিত যত্ন নিতে হবে।