চা–পাতায় গাছের যত্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক থেকে দেড় মাস পরপর গাছের গোড়ায় লিকার সার প্রয়োগ করা যায়।
ছবি: সংগৃহীত

সারা দিন যত ঝড়ঝাপটা যাক না কেন, এক কাপ চা মুহূর্তেই চনমনে করে তুলতে পারে আপনাকে। আবার এই চা–পাতাই চঞ্চলতা এনে দিতে পারে শখের গাছে। গাছের যত্নে দারুণ কার্যকর দুটি পাতা, একটি কুঁড়ি থেকে তৈরি চা-পাতা।

কৃষিবিদ মৃত্যুঞ্জয় রায় বলেন, ‘বাসায় বানানো চায়ের লিকার কিংবা চায়ের দোকান থেকে সংগ্রহ করা লিকার একটি পাত্রে জমিয়ে রাখলে দিন পনেরো পরে সেটি পচে জৈব সারে পরিণত হয়। এরপর সেটা গাছের গোড়ায় দেওয়ার উপযোগী হয়। মূলত টব বা ছাদবাগানের গাছের জন্য চায়ের লিকার হতে পারে পুষ্টিকর খাদ্য। গোলাপগাছের খুব প্রিয় খাবার এই লিকারের সার।’

গোলাপগাছ ছাড়াও পাতাবাহার ও অন্যান্য গাছে চা–পাতা ব্যবহার করা যায়। সাধারণভাবে জৈব সার প্রয়োগের নিয়ম হলো ৩ ভাগের ২ ভাগ মাটিতে ১ ভাগ সার মেশানো। কিন্তু চায়ের লিকারের শক্তি বেশি থাকায় ৪ ভাগের ৩ ভাগ বেলে দো–আঁশ মাটি এবং ১ ভাগ চা-পাতার সারই যথেষ্ট। এই পরিমাণে গাছের বৃদ্ধি ভালো না হলে মাটির সঙ্গে আরও কিছুটা সার বাড়িয়ে দেওয়া যেতে পারে।

এক থেকে দেড় মাস পরপর গাছের গোড়ায় লিকার সার প্রয়োগ করা যায়। সব সময় খেয়াল রাখতে হবে, যাতে পরিমাণে বেশি না দেওয়া হয়। সরাসরি কাঁচা বা অব্যবহৃত চা–পাতা না দেওয়ারও পরামর্শ দিলেন মৃত্যুঞ্জয় রায়। তবে দুধ ও চিনি মিশিয়ে তৈরি চায়ের পাতি গাছে ব্যবহার করা উচিত নয়। এতে গাছের গোড়ায় পিঁপড়ার উপদ্রব হয়ে গাছের উপকারের চেয়ে ক্ষতি হতে পারে।