সপ্তমবারের মতো মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। ১৬ জানুয়ারি সম্মেলন হওয়ার কথা রয়েছে। এর আগে ছয় বার তারিখ ঘোষণা করেও সম্মেলন হয়নি। তবে জেলা আওয়ামী লীগের নেতারা জোর দিয়ে বলছেন, ‘সম্মেলন এবার হবেই’। সম্মেলনে তৃণমূলের নেতা-কর্মীরা চাপিয়ে দেওয়া কমিটি নয়, প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচন করতে চান।
২০০২ সালে ৩০ সেপ্টেম্বর মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে আনোয়ার পাশা চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে এম. আজিজুর রহমান নির্বাচিত হন। এরপর ২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি, ২২ ও ২৮ মার্চ, ১১ এপ্রিল, ২০১৪ সালের ২৭ ডিসেম্বর এবং ২০১৫ সালের ৩১ অক্টোবর সম্মেলনের তারিখ ঘোষণা করেও সম্মেলন হয়নি।
দলীয় সূত্র জানায়, ১১ জানুয়ারি জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ১৬ জানুয়ারি মহেশখালী উপজেলা ও ২৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। সম্মেলন সফলভাবে সম্পন্ন করার লক্ষে ইতিমধ্যে জেলা আওয়ামী লীগ সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
নেতা-কর্মীরা জানান, সম্মেলনকে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী কাউন্সিলরদের মন জয় করার চেষ্টা করছেন। ইতিমধ্যে সভাপতি পদে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হোছাইন ইব্রাহিম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী উপজেলা যু্বলীগের সভাপতি মোহাম্মদ শাহজাহান, ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ ও ফরিদুল আলম মাঠে প্রচারণা চালাচ্ছেন।
নেতা-কর্মীরা জানান, জেলার ১১টি সাংগঠনিক উপজেলার মধ্যে ১০টিতে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওই সব সম্মেলনে কাউন্সিলররা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। সর্বশেষ গত বছরের ২৯ অক্টোবর ভোটের মাধ্যমে কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই আদলে মহেশখালীতেও ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের সুযোগ চান কাউন্সিলররা।
কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল আলম বলেন, টানা ১৩ বছর ধরে সম্মেলন না হওয়ায় মাঠ পর্যায়ে সাংগঠনিক অবস্থা খুবই নাজুক। তাই সম্মেলনে ভোটের মাধ্যমে কাউন্সিলররা আগামী তিন বছরের জন্য নেতা নির্বাচিত করবেন।
জানতে চাইলে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্মেলন সম্পন্ন করতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কাউন্সিলরদের তালিকা চূড়ান্ত করার পাশাপাশি ছাপানো হয়েছে ব্যালট পেপার।