
১৯৮৩ সাল। সোভিয়েত ইউনিয়নের (রাশিয়া) আকাশসীমায় ভুল (?) করে ঢুকে পড়েছিল দক্ষিণ কোরিয়ার একটি যাত্রীবাহী বিমান। বিমানটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় একটি রুশ যুদ্ধবিমান। একেবারে ধ্বংস হয়ে যায় যাত্রীবাহী বিমানটি। সেই সঙ্গে নিহত হয় ২৬৯ জন আরোহীর সবাই। সে সময় সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’-এর অভিযোগ তুলেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান।
প্রায় ৩১ বছর পর ১৭ জুলাই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। ইউক্রেনের আকাশে ক্ষেপণাস্ত্র হামলায় মালয়েশিয়ান এয়ারলাইনসের যাত্রীবাহী বিমান এমএইচ-১৭ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। প্রাণ হারিয়েছে এর ২৯৮ জন আরোহী। রাশিয়ার নাম এ ক্ষেত্রেও জড়িয়ে গেছে। তবে প্রত্যক্ষ হামলাকারী হিসেবে নয়, ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীদের সমর্থক ও প্রশ্রয়দাতা হিসেবে। সন্দেহ করা হচ্ছে, ইউক্রেন সরকারের বিরুদ্ধে সংগ্রামরত রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরাই এ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সন্দেহের পেছনে অবশ্য কারণও রয়েছে। বেশ কয়েক দিন ধরেই ইউক্রেনের বিমান লক্ষ্য করে তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাত্মক পরিণাম ও ইউক্রেনের আকাশসীমায় প্রবেশ করার বিরুদ্ধে রুশপন্থী বিদ্রোহী নেতারা প্রকাশ্য হুঁশিয়ারি দিয়ে আসছিলেন। তবে বিদ্রোহীরা উল্টো ইউক্রেন সরকারের দিকেই আঙুল তুলেছে। তারা বলেছে, এটা ইউক্রেনের সেনাবাহিনীর কাজ। মস্কোও বলেছে, ইউক্রেনের সরকার বিদ্রোহীদের এমন সহিংস পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে যে তারই ফলস্বরূপ এমন ঘটনা ঘটেছে। ইউক্রেন সরকার অবশ্য এ অভিযোগ নাকচ করে দিয়েছে।
তবে যুক্তরাষ্ট্র একেবারে নিশ্চিত করেই বলছে, মালয়েশীয় এয়ারলাইনসের বিমানটি রাশিয়াই ধ্বংস করেছে। রাশিয়াই ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সাহায্য করেছে। এই দাবির সপক্ষে তাদের কাছে তথ্য-প্রমাণও রয়েছে বলে দাবি করছে। এর আগের সপ্তাহে যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর নতুন করে যে নিষেধাজ্ঞা জারি করে, তারই প্রতিশোধ হিসেবে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে ওয়াশিংটনের কর্মকর্তারা মনে করেন।
ওয়াশিংটনের এই দাবির সঙ্গে ইউরোপীয় শক্তিগুলো সহমত প্রকাশ করেছে। আর এটা রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপকে দ্রুততর করতে পারে। রাশিয়া আদৌ মালয়েশীয় বিমানে ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে জড়িত কি না, তার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া ছাড়াই পশ্চিমারা এটা করতে পারে। ইউরোপীয় শক্তিগুলো বলছে, রাশিয়াকে অবশ্যই ইউক্রেনের রুশ বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সাহায্য করা বন্ধ করতে হবে। ইউরোপিয়ান ইউনিয়ন ইতোমধ্যে রাশিয়ার কোন কোন প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে, তার তালিকা তৈরি করে ফেলেছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী রাশিয়ার কাছে এ বর্বরতার ব্যাখ্যা চেয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দ্য সানডে টাইমস-এ এক নিবন্ধে লিখেছেন, ‘ইউরোপীয় রাষ্ট্রগুলোর উচিত তাদের ক্ষমতাকে অনুধাবন করা। আমরা এখনো মাঝেমধ্যে এমন আচরণ করি যেন রাশিয়ার আমাদের যত-না প্রয়োজন, তার চেয়ে রাশিয়াকে আমাদের বেশি প্রয়োজন।’ তাঁর মতে, সে জন্যই রাশিয়ার বিরুদ্ধে কড়া অবস্থান নিতে ইউরোপের বহু দেশকে পাশে পাওয়া যায় না।
বিমান ধ্বংসের পরদিন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক সংবাদ সম্মেলনে স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের মদদ দেওয়া বন্ধ না করে, যুক্তরাষ্ট্র তার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার বোঝা আরও বাড়াবে।
মোটকথা, ব্যাপক চাপের মুখে পড়েছেন ভ্লাদিমির পুতিন। পুতিন এখন সেই চাপ কীভাবে সামাল দেবেন, সেটাই দেখার বিষয়। তবে একেবারে চুপটি করে বসে নেই পুতিন। পশ্চিমা দেশগুলোকে লক্ষ্য করে একটি কড়া টেলিভিশন বার্তায় তিনি বলেছেন, ‘এমএইচ-১৭ ভেঙে পড়ার মতো দুর্ভাগ্যজনক ঘটনাকে কেউ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করলে তা বরদাশত করা হবে না।’ অবস্থা এখন যা দাঁড়িয়েছে, বিমানে ক্ষেপণাস্ত্র হামলার এই ঘটনা মস্কোর সঙ্গে পশ্চিমাদের দূরত্বকে আরও বাড়িয়ে দেবে।
চলতি বছরের গোড়ার দিকে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার জেরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা রাশিয়ার ওপর বেশ কয়েকটি নিষেধাজ্ঞা জারি করে। এরপর রুশ-অধ্যুষিত আরেকটি প্রদেশ দোনেৎস্ক তাদের বিচ্ছিন্নতাবাদী তৎপরতার কেন্দ্র হয়ে ওঠে। ইউক্রেন রুশ প্রভাববলয় থেকে মুক্ত হয়ে ইউরোপিয়ান ইউনিয়নের দিকে ঝুঁকে পড়ার অভিপ্রায় ব্যক্ত করার পর এসব ঘটনা ঘটে। ভ্লাদিমির পুতিন কোনো অবস্থাতেই চাননি ইউক্রেন রুশ প্রভাববলয় থেকে বেরিয়ে যাক। তাই পুতিনের সমর্থিত প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচকে অপসারণ করে ইউক্রেনীয়রা নতুন নির্বাচনের পথে গেলে তাঁরই প্রচ্ছন্ন সমর্থনে ক্রিমিয়া ও দোনেৎস্কসহ ইউক্রেনের বিভিন্ন রুশ-অধ্যুষিত অঞ্চল বিচ্ছিন্নতাবাদের পথ গ্রহণ করে।
ক্রিমিয়া আলাদা হওয়ার পর এবার দোনেৎস্কের পালা। সেখানে ইউক্রেনীয় সেনাবাহিনীর সঙ্গে রুশ বিচ্ছিন্নতাবাদীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষের জেরে ইতিমধ্যেই বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় একাধিক ইউক্রেনীয় সামরিক বিমান ধ্বংস হয়েছে। রুশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিদ্রোহীরা এ সাফল্য পাচ্ছে। রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র যে বিদ্রোহীদের কাছে আছে, তার অকাট্য প্রমাণও পাওয়া গেছে। মালয়েশীয় বিমানটি ধ্বংস হওয়ার ক্ষেত্রেও বিচ্ছিন্নতাবাদীদের ভূমিকা এ জন্য উড়িয়ে দেওয়া কঠিন।
এদিকে, রাশিয়ার সরকারি একটি গণমাধ্যম দাবি করেছে, ক্ষেপণাস্ত্র হামলার আসল লক্ষ্য ছিলেন প্রেসিডেন্ট পুতিন। ব্রাজিলে ব্রিকস শীর্ষ বৈঠকে যোগদান শেষে গত বৃহস্পতিবারই ওই বিমানপথ দিয়ে দেশে ফিরেছেন তিনি। পুতিনের বিমান আর মালয়েশীয় এয়ারলাইনসের ওই বিমানের চেহারায় সাদৃশ্য আছে। রাশিয়ার যুক্তি ছিল, ইউক্রেনের সেনাবাহিনী পুতিনের বিমানে হামলা চালাতে গিয়ে ভুল করে এমএএইচ-১৭-তে আঘাত করেছে। রাশিয়ার এই যুক্তি অবশ্য হালে পানি পায়নি। এখন কেবল নিরপেক্ষ তদন্তেই প্রকৃত তথ্য জানা সম্ভব৷