রাশিয়া ও ইরান খুব ভালো বন্ধু হিসেবেই পরিচিত ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে এই সম্পর্কের অবনতি হয়েছে। ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচিই এর কারণ। আর অংশত এ কারণে গোটা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যের পুরোনো ছবিটা বদলে যাচ্ছে।১৯৯১ সালের পর থেকে রাশিয়া ইরানের আধুনিক অস্ত্রের মূল জোগানদাতা। দক্ষিণ ইরানের বুশেহেরে রাশিয়ার সহায়তায় নির্মিত পরমাণু জ্বালানি প্লান্ট এ বছরই চালু হতে যাচ্ছে। রাশিয়া আগেভাগেই পরমাণু চুল্লিটির জন্য ১০০ টনেরও বেশি নিম্ন ক্ষমতাসম্পন্ন ‘ফুয়েল রড’ পাঠিয়েছে ইরানে। এ বিষয়ে এত দিন ইরানকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অবরোধকে পাশ কাটাতে সাহায্য করে শতকোটি ডলার কামিয়েছে মস্কো।এত কিছুর পর সেই মস্কোই গত মাসে ইরানের পরমাণু কর্মসূচির ওপর অবরোধ আরোপে জাতিসংঘের প্রতি সমর্থন জানিয়েছে।এমনকি সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ইরানের কর্মসূচি নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তোলেন। ধারণা করা হচ্ছে, তেহরানের পরমাণু কর্মসূচি এমন পথে এগোচ্ছে যে তারা অস্ত্র বানাতে সক্ষম হতে পারে।এত দিন রাশিয়ার কর্মকর্তারা বলে আসছিলেন, ইরান যে পরমাণু অস্ত্র বানাচ্ছে এ ব্যাপারে কোনো প্রমাণ নেই।২০০৫ সালের ডিসেম্বর মাসে রাশিয়া ইরানের কাছে প্রায় ১০০ কোটি ডলার মূল্যের দূরপাল্লার এস-৩০০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বিক্রি করতে রাজি হয়।রাশিয়া ইতিমধ্যেই ইরানকে এস-৩০০-এর চেয়ে স্বল্প-দূরত্বের ‘তর এম ১’ ও পুরোনো বহু দূরপাল্লার এস-২০০ দিয়েছে। এগুলো মিলিয়ে ইরান তার পরমাণু স্থাপনাগুলোর ওপর সম্ভাব্য মার্কিন ও ইসরায়েলি হামলা মোকাবিলায় খুবই কার্যকর বিমান বিধ্বংসী ব্যবস্থা গড়তে পারে। হামলাকারীদের বড় রকমের ক্ষতি করতে পারবে তারা।এস-৩০০ বাদ দিলে ইরানের ভালো কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নেই। ‘কারিগরি’ কারণের কথা বলে মস্কো ইরানকে এস-৩০০ দেওয়া ২০০৮ সাল থেকে ঝুলিয়ে রেখেছে। আর গত মাসে কিছু দ্বিধাদ্বন্দ্বের পর তারা ঘোষণা করে, জাতিসংঘের নতুন অবরোধের ফলে এস-৩০০ চুক্তি অবৈধ হয়ে গেছে। ইরানের কর্মকর্তারা এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। প্রতিরক্ষামন্ত্রী আহমাদ ভাহিদি বলেন, চুক্তি সত্ত্বেও এস-৩০০ সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় রাশিয়াকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে।ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ তাঁর ভাষায়, ‘যুক্তরাষ্ট্রের চাপে’ নতুন অবরোধ নিয়ে সম্মত হওয়ায় প্রকাশ্যেই রুশ প্রেসিডেন্ট মেদভেদেভকে তীব্র ভর্ত্সনা করেছেন।স্নায়ুযুদ্ধের সময় মধ্যপ্রাচ্য নিয়ে মস্কোর যে নীতি ছিল, তার সঙ্গে দেশটির বর্তমান দৃষ্টিভঙ্গির স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। ওই সময় রাশিয়া যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ সঙ্গী ইসরায়েলের বিপক্ষে মুসলিম দেশগুলোকে দৃঢ়ভাবে সমর্থন করত।আজকের রাশিয়া ইউক্রেন ও জর্জিয়াসহ সাবেক সোভিয়েত দেশগুলোয় পশ্চিমা প্রভাবের বিস্তৃতি ও উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার (ন্যাটো) সম্প্রসারণে উদ্বেগ ও চাপের মধ্যে রয়েছে। রাশিয়া একসময় তার অধীন প্রতিবেশী সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলোকে বৈধভাবেই তার প্রভাবাধীন বলে ভাবে। ঘরের কাছেই যে রাশিয়ার প্রভাববলয় সংকুচিত হয়ে আসছে, সেই রাশিয়ার কাছে এখন মধ্যপ্রাচ্য হয়তো সত্যিকারের স্বার্থ বা সক্ষমতা উভয়ের বিচারেই অনেক দূরে।বারাক ওবামার অধীনে ওয়াশিংটন যদি সাবেক সোভিয়েত দেশগুলোর ওপর সাম্প্রতিক সময় থেকে কম নাক গলায় বা ইসরায়েল যদি জর্জিয়ার কাছে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ বন্ধ করতে রাজি হয় (২০০৮ সালে যেমন করেছিল), তাহলে রাশিয়া হয়তো ইরানের ব্যাপারে তাদের অবস্থানে সমর্থন করবে। ইরানের পরমাণু অস্ত্রের অধিকারী হওয়াটাও রাশিয়ার একটি আশঙ্কা। তবে তা কোনো প্রধান কারণ নয়। কারণ রাশিয়ার সামরিক বাহিনী উত্তর কোরিয়া বা ইরানের গোটাকয়েক সেকেলে ধরনের পরমাণু অস্ত্রের মালিক হওয়াকে তেমন হুমকি হিসেবে মনে করে না। অন্যান্য আরব দেশসহ বৃহত্তর মধ্যপ্রাচ্যের সঙ্গে অস্ত্র ও পরমাণু প্রযুক্তি সরবরাহ করা নিয়ে এখনো মস্কোর গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও নিরাপত্তা স্বার্থ আছে। একই সময়ে ইসরায়েলের সঙ্গেও রাশিয়ার সামরিক ও নিরাপত্তা সম্পর্ক ক্রমাগত বাড়ছে। ইসরায়েল ও রাশিয়া যৌথভাবে ভারতের জন্য শত শত কোটি ডলারের অস্ত্র বানাচ্ছে। রাশিয়ান সামরিক বাহিনী ইসরায়েলের কাছ থেকে উল্লেখযোগ্যসংখ্যক চালকবিহীন গোয়েন্দা বিমান (ইউএভি) সংগ্রহ করেছে। ১৯৪৫ সালের পর রাশিয়ার এটাই প্রথম আনুষ্ঠানিকভাবে কোনো পশ্চিমা বা তাদের মিত্র রাষ্ট্রের কাছ থেকে গুরুত্বপূর্ণ সমর উপকরণ সংগ্রহ করার ঘটনা। মস্কো বর্তমানে সে দেশে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইউএভি উত্পাদনের ব্যাপারে আলোচনা করছে।একটি সুস্পষ্ট ও জোরালো মধ্যপ্রাচ্য নীতিমালার অভাবে রাশিয়ার নীতি এখন অনেকটাই সুযোগসন্ধানী। লবিং বা পেছনের দরজার তত্পরতায় তা সহজেই পরিবর্তিত হতে পারে। ইরান ইস্যু নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট মেদভেদেভ ও ব্যাপক ক্ষমতাধর প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের মধ্যে বড় ধরনের মতপার্থক্যের কোনো প্রমাণ নেই। তবে তেহরানের মার্কিনবিরোধী নীতি, রাশিয়ার সমরাস্ত্র ও পরমাণু প্রযুক্তি কেনা মস্কোতে ইরানের পক্ষে শক্তিশালী লবি তৈরিতে সহায়তা করেছে। রাশিয়ার সরকারি সংস্থাগুলো সব প্রক্রিয়া যখন চূড়ান্ত করে ফেলেছিল, তখনই এস-৩০০ বিক্রির প্রক্রিয়া বাতিল করা হলো। এটা প্রভাবশালী অনেক কর্মকর্তাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং ক্ষুব্ধ করে। তবে মস্কোতে ইসরায়েলেরও লবি আছে।আরেকটি বিষয় রয়েছে, যা ভবিষ্যতে মস্কোর সিদ্ধান্ত নেওয়ায় বাড়তি প্রভাব ফেলতে পারে। তা হলো ২০০ কোটিরও বেশি মার্কিন ডলারের রুশ সমরাস্ত্র কেনার সৌদি প্রস্তাব। কিন্তু এর শর্ত হলো, রাশিয়া ইরানের কাছে এস-৩০০ ক্ষেপণাস্ত্র বিক্রি করতে পারবে না এবং জাতিসংঘে ইরানকে সমর্থন দেওয়া বন্ধ করতে হবে।সবকিছু দেখে মনে হচ্ছে, ইসরায়েল, আরব রাষ্ট্রগুলো, রাশিয়া ও মার্কিনিরা সবাই (সচেতন হোক বা না-ই) এক ধরনের সমন্বয়ের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের ঐতিহ্যগত ক্ষমতা প্রতিযোগিতার কাঠামোয় পরিবর্তন এনেছে। তবে ইরানের পরমাণু কর্মসূচি সমস্যার সমাধান বরাবরের মতোই এখনো অনেক দূরে। সূত্র: বিবিসি।