চাভেজের নাটকীয় ফেরা এবং কিছু প্রশ্ন
হুগো চাভেজ এত দিন খবর হয়েছেন মূলত স্বাধীনচেতা, পাশ্চাত্যবিরোধী নীতি ও—কারও কারও ভাষায়—বাগাড়ম্বরের জন্য। এবার খবর হয়েছেন নীরব থেকে। ভেনেজুয়েলার ‘বিপ্লবী’ প্রেসিডেন্টের অসুস্থতাজনিত দীর্ঘ অনুপস্থিতি দেশ-বিদেশে ব্যাপক গুঞ্জনের জন্ম দিয়েছিল। তাঁর আকস্মিক প্রত্যাবর্তন (সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষা করলেও সরকার আগে জানায়নি) স্বস্তি বয়ে আনলেও সব প্রশ্নের জবাব মেলেনি এখনো।৮ জুন থেকে বড় ধরনের অসুস্থতার জন্য বন্ধুদেশ কিউবায় চিকিৎসা নেন ৫৬ বছর বয়সী চাভেজ। সরকার তখন জানিয়েছিল, মেরুদণ্ডের গোড়ায় ফোড়া হয়েছে তাঁর। সেখানে অস্ত্রোপচার করতে হবে। কিন্তু দেশে ছড়িয়ে পড়ে ক্যানসারের গুজব। সরকার ঝেড়ে অস্বীকার করে। গতানুগতিক সরকারি কায়দার অর্থহীন রাখঢাকের পর অবশ্য একপর্যায়ে কিউবা থেকে চাভেজ নিজেই জানান, ক্যানসারবাহী টিউমার অপসারণ করা হয়েছে তাঁর শরীর থেকে। এখন সেরে উঠছেন। এরপর বিনা ঘোষণায় দেশে ফিরে আসার পরই ৪ জুলাই প্রাসাদের ঝুলবারান্দায় দাঁড়িয়ে সমর্থকদের সামনে ভাষণ দিলেন প্রেসিডেন্ট। দৃঢ়প্রত্যয় ব্যক্ত করলেন, ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে জিতবেন তিনি। সমর্থনের জন্য জনগণকে ধন্যবাদ দিলেন। বললেন, যেকোনো অসুখ সারানোর এটাই সেরা দাওয়াই। অসুস্থতা নিয়ে বিশেষ রাখঢাক করেননি চাভেজ। ভাষণে বললেন, পরের দিন মঙ্গলবার দেশের স্বাধীনতার দ্বিশতবার্ষিকী উদ্যাপনে মাঠে নামতে পারবেন না। প্রাসাদ থেকেই অংশ নেবেন। ‘আমার প্রত্যাবর্তন শুরু হয়েছে’, বলেছিলেন চাভেজ।স্বাধীনতা দিবসের ঠিক আগে ফিরে আসাটা নিঃসন্দেহে চাভেজের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ, নিজের সমাজতান্ত্রিক বিপ্লবকে নিজের প্রিয় নেতা সিমন বলিভারের দুই শতাব্দী আগের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তুলনা করে থাকেন তিনি।স্থানীয় ও আঞ্চলিক রাজনৈতিক পর্যবেক্ষকেরা এত দিন বলছিলেন, চাভেজকে হয়তো কয়েক মাসের জন্য দায়িত্বে ফিরে আসতে দেখা যাবে না। তাঁর পক্ষে ফিরে আসা আদৌ সম্ভব কি না তা নিয়েও প্রশ্ন উঠেছিল। কিউবা থেকে প্রত্যাবর্তন আপাতত এসব প্রশ্নের বেশির ভাগই থামিয়ে দিলেও প্রেসিডেন্টের অবস্থা কতটা গুরুতর তা এখনো স্পষ্ট নয়। ক্যানসারের চিকিৎসা তাঁকে দুর্বল করে তুলবে কি না সেটাও দেখার। ‘প্রত্যাবর্তন শুরু হয়েছে’ চাভেজের এ কথাটির অর্থ পরিষ্কার। পুরোদমে দায়িত্ব পালনের মতো এখনো সুস্থ নন তিনি। চাভেজ কিউবায় থাকতে বিরোধী দলের নেতারা শারীরিক অবস্থার পরিপ্রেক্ষিতে তাঁর রাষ্ট্র পরিচালনার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন। দেশের ক্ষমতা কোনো প্রতিনিধির কাছে হস্তান্তরের দাবি জানান তাঁরা। কিন্তু বাস্তবতা হচ্ছে, ভেনেজুয়েলার রাজনীতিতে আসলে চাভেজ এখন প্রায় বিকল্পহীন। তাঁর একজন যোগ্য উত্তরসূরির অভাব রয়েছে দেশে। আগামী সপ্তাহগুলোতে হুগো চাভেজ তাঁর স্বাভাবিক কাজকর্মের কতটা শুরু করতে পারেন, সেটা দেখার জন্যই এখন অধীর আগ্রহে অপেক্ষা করবেন তাঁর সমর্থকেরা। এ আগ্রহ থাকবে ভেনেজুয়েলার সীমা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত। কাজী আনিছ, বিবিসি অবলম্বনে