চাভেজের পর কী হবে
হুগো চাভেজের সমর্থকদের জন্য সামনের দিনগুলোয় কী অপেক্ষা করছে—এ মুহূর্তের প্রশ্ন সেটাই। কতটা সফলভাবে দেশকে চলমান নানামুখী সংকট থেকে উদ্ধার করতে পারবেন সম্ভাব্য আগামী নেতা নিকোলাস মাদুরো? চাভেজের বিপ্লবেরই বা কী হবে? শোকের প্রাথমিক ধাক্কার পর এ প্রশ্নগুলোই ঘুরেফিরে আসছে ভেনেজুয়েলার মানুষের মনে।সাম্প্রতিক এক জনসভায় ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো চাভেজের চিরচেনা ভঙ্গিমা অনুকরণের চেষ্টা করেছিলেন। দেশব্যাপী কঠোরভাবে সমালোচিত হয় তা। চাভেজভক্তরা ভালোভাবে নেয়নি বিষয়টি। ওই জনসভায় এমনিতেই তেমন ভিড় ছিল না। পেছন দিকে অনেকেই ইতস্তত ঘুরে বেড়াচ্ছিলেন। কেউ কেউ কিনছিলেন চাভেজের ছবিওয়লা টুপি, ব্যাজ বা এ ধরনের বিভিন্ন স্মারক; যদিও মাদুরোকে নিজেই উত্তরাধিকারী মনোনীত করে গেছেন চাভেজ। চিকিৎসার জন্য শেষ দফা কিউবা যাওয়ার আগে তিনি বলে যান, তাঁর কিছু হলে মাদুরো দেশের ভবিষ্যৎ নেতা হবেন।কিউবায় চিকিৎসাধীন থেকেও এভাবেই বরাবর স্বদেশের মাটিতে প্রবলভাবে উপস্থিত ছিলেন হুগো চাভেজ। তাঁর শূন্যতা যে সহজে পূরণ হওয়ার নয়, ওই জনসভা যেন তার একটি ক্ষুদ্র অথচ জাজ্বল্যমান প্রমাণ। হবেই না বা কেন; দেশের সংখ্যাগরিষ্ঠ দরিদ্র মানুষের কাছে চাভেজ সাক্ষাৎ ত্রাণকর্তা। সম্ভাব্য উত্তরাধিকারী মাদুরোকে নিয়ে এত সংশয়ের কারণ সেটাই। সব মিলিয়ে পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন, চাভেজকে হারিয়ে অনিশ্চিত এক গন্তব্যে যাত্রা শুরু করল তেলসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলা।দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হবে ৩০ দিনের মধ্যেই। নির্বাচনে নিকোলাস মাদুরোর প্রতিদ্বন্দ্বী হবেন খুব সম্ভবত মধ্যপন্থী বিরোধীদলীয় নেতা হেনরিকে ক্যাপ্রিলেস। গত বছরের অক্টোবরে চাভেজের কাছে পরাজিত হয়েছিলেন এই ক্যাপ্রিলেস। তিনি এখন বিরোধী দলগুলোর সম্মিলিত পছন্দের প্রার্থী। মাদুরোর সাম্প্রতিক সভা-সমাবেশে তেমন ভিড় না হলেও জনমত জরিপের ফল বলছে, তাঁর জয় নিয়ে সন্দেহের বিশেষ অবকাশ নেই।হুগো চাভেজের বিদায়ে ভেনেজুয়েলার বিপ্লব থেমে যাবে না এ মুহূর্তে—এমনই মনে করে চাভেজের সমর্থকেরা। তাদের অনেকেরই বিশ্বাস, মাদুরো তাঁর আদর্শের মশালটি বিশ্বস্ততার সঙ্গে বয়ে নেবেন। কারাকাসের রাস্তায় সজল চোখে ৫০ বছর বয়সী এক গৃহবধূ বলেন, ‘চাভেজের আদেশ ছিল, মাদুরোর পেছনে জড়ো হও। আমরা সেটাই করব।’এসব ‘চাভিস্তাস’ অর্থাৎ কিনা চাভেজভক্তদের প্রত্যাশার সঙ্গে একমত আঞ্চলিক নেতাদের অনেকেও। বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস বলেছেন, চাভেজ এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জীবিত।হুগো চাভেজ ১৯৯৮ সালে ক্ষমতায় আসার আগে লাতিন আমেরিকার বামপন্থী নেতারা নির্বাচনে জিততে হিমশিম খেতেন। কিন্তু চাভেজ ক্ষমতায় আসার পর থেকে পরাজয়ই যেন কঠিন হয়ে দাঁড়ায় তাঁদের জন্য! ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, ইকুয়েডর ও পেরু একে একে বিভিন্ন মাত্রার বামপন্থী নেতাদের প্রেসিডেন্ট নির্বাচিত করে। এই জোয়ার কত দিন অব্যাহত থাকে, পর্যবেক্ষকেরা সেদিকে সাগ্রহ দৃষ্টি রাখবেন এখন। কারণ, লাতিন আমেরিকায় সাম্প্রতিক কয়েক বছরে ভেনেজুয়েলার ‘অতিবিপ্লবী’ ভাবধারার চেয়ে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা দা সিলভার ‘ভারসাম্যপূর্ণ’ সাম্যবাদের নীতি ওই অঞ্চলে কদর পাচ্ছে বেশি। মাদুরোর প্রতিদ্বন্দ্বী ক্যাপ্রিলেস এই নীতিই অনুসরণের চেষ্টা করে আসছেন।আগুনঝরা বিপ্লবী বক্তব্যের জন্য চাভেজ অনেকের কাছে কিউবার ফিদেল কাস্ত্রোর আদর্শিক উত্তরাধিকারী। চাভেজ দৃশ্যত কাস্ত্রোর কাছ থেকে লাতিন আমেরিকায় মার্কিন প্রাধান্যের বিরুদ্ধে বামপন্থী প্রতিরোধের মশালটি তুলে নিয়েছিলেন। চাভেজের ঘনিষ্ঠ মিত্র আর পরামর্শক হয়ে উঠেছিলেন কিউবার বিপ্লবের নেতা কাস্ত্রো। ভেনেজুয়েলার কাছ থেকে সস্তায় পাওয়া জ্বালানি তেল কিউবার দুর্বল সমাজতান্ত্রিক অর্থনীতিকে অনেক সাহায্য করছে। বিনিময়ে কিউবা চাভেজের দরিদ্র ব্যক্তিদের জন্য নেওয়া সমাজকল্যাণমূলক প্রকল্পে কাজ করতে স্বাস্থ্যকর্মী পাঠিয়ে আসছে। চাভেজের মৃত্যুর পর কম দামে এই তেলের প্রবাহ অব্যাহত থাকবে কি না, তা কিউবার জন্য এক বড় চিন্তার বিষয় হবে। ভেনেজুয়েলার সংবিধানে ৩০ দিনের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে। ক্ষমতার জোরে সংবিধাননির্দেশিত শপথগ্রহণের তারিখ পিছিয়েছিলেন চাভেজ। কিন্তু তাঁর মৃত্যুর পর নির্বাচনের সময় পেছানো কঠিন হবে; যদিও বাস্তবে এত অল্প সময়ে সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা সহজ হবে না। আবার যত দ্রুত নির্বাচন হবে, সহানুভূতির ভোট ততই বেশি পাবেন মাদুরো।স্বাভাবিকভাবেই দেশের সব মানুষ চাভেজের মৃত্যুতে ব্যথিত নয়। ধনিক শ্রেণীর অনেকে তাঁর মৃত্যুতে উল্লাস করেছে। তবে পর্যবেক্ষকেরা সতর্ক করে দিয়ে বলেছেন, তাদের এখনই অত উল্লসিত হওয়ার কিছু নেই। চাভেজের ভেনেজুয়েলা সহজে বিপ্লবের পথ থেকে বিচ্যুত হবে না।ভেনেজুয়েলার রাজনৈতিক কলাম লেখক আলবার্তো বেরেরা টাইসকা বলেন, নিকোলাস মাদুরো এত দিন পর্যন্ত চাভেজের ছায়াতেই ছিলেন। নীরবে কাজ করে গেছেন। সামনে এগিয়ে আসতে চাননি। চাভেজের অসুস্থতাকে কেন্দ্র করেই কেবল মাস দুয়েক ধরে সেই খোলস ছেড়ে বাইরে বেরিয়ে এসেছেন। অন্যদিকে, রাজনৈতিক ও ব্যক্তিগত দক্ষতার প্রমাণ দিয়ে উচ্চ মুদ্রাস্ফীতি, বিশ্বের অন্যতম সর্বোচ্চ খুনের হার আর বিদ্যুতের প্রকট সংকটের মতো নানা সমস্যার মধ্যে দেশ চালিয়ে এসেছেন হুগো চাভেজ। মাদুরো কতটা সফলভাবে এ পরিস্থিতি সামাল দেন, সেটা তাই একটা বড় প্রশ্ন। তবে আরও বড় প্রশ্ন হবে চাভেজের ‘বলিভারীয় বিপ্লবের’ কতটা টিকে থাকবে। চরম অসুস্থতার মধ্যেও শেষ পর্যন্ত না দেখে ক্ষমতা হস্তান্তর না করার ঘটনা প্রমাণ করে চাভেজের শাসন অনেকটাই ব্যক্তিনির্ভর ছিল। তাঁর অনুপস্থিতি তাই প্রতি মুহূর্তে বোধ করতে হবে মাদুরোকে।