চামড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর চারেক আগের কথা। মহল্লার বড় ভাইদের সঙ্গে দল বেঁধে হইচই, উচ্চ শব্দে গান-বাজনা (আশপাশের লোকদের যতটা সম্ভব যন্ত্রণা দিয়ে), ইভ টিজিং এসব ছিল প্রতিদিনকার রুটিন। নাটের গুরু রনি ভাইয়ের বাবা ছিলেন এলাকার মেম্বার, সোহেল ভাইয়ের বাবা মসজিদ কমিটির চেয়ারম্যান, লুতফর ভাইয়ের বাবা এমপি সাহেবের কাছের লোক। কার সাধ্য আমাদের বিরুদ্ধে টুঁ শব্দ করে।কোরবানি ঈদে খুব খারাপ একটা কাজ করতাম (তখন এই উপলব্ধি ছিল না)। কোরবানির পশুর চামড়া নিয়ে সিন্ডিকেট হতো। চামড়া অবশ্যই আমাদের কাছে বিক্রি করতে হবে এবং আমাদের ধার্য করা মূল্যে। যে চামড়ার দাম হওয়া উচিত দেড় হাজার টাকা, সেটা আমাদের দিতে হতো চার থেকে পাঁচ শ টাকায়। দাম পছন্দ না হলে পড়ে থাকবে চামড়া, দেখি কে ছোঁয়? বড় ভাইদের ওপর আরও বড় ভাই আছে। আমরা যা বলব তা-ই আইন। তো সেবার আশপাশের তিন-চার গ্রামের চামড়া জড়ো করা হলো। শহরের এক পার্টির সঙ্গে একটু ঝামেলা হয়েছে। চারজন দুইটা বাইক নিয়ে ঘণ্টা খানেক আগে ‘ডিল’ করতে গেছে। রনি ভাই আমাকে বললেন, ‘আয় তো, একটা চক্কর দিয়ে আসি।’ ভরসন্ধ্যায় গ্রামের বাইরে বিলের রাস্তা ধরে বাইকে করে আমরা দুজন যাচ্ছি। হঠাৎ কালভার্টের ওপর অচেনা ১২-১৩টা ছেলে আমাদের আটকাল। এর পরের ঘটনাসংক্ষেপ হলো: রনি ভাইয়ের সঙ্গে কথা-কাটাকাটি, রনি ভাই যেই পিস্তল বের করবেন, তখনই ওদের একজন রনি ভাইয়ের মাথায় গুলি, আমার মাথায় আঘাত করল। জ্ঞান হারিয়ে ফেললাম। এরপর যখন জ্ঞান ফিরে এল, দেখি একটা প্রাইভেট ক্লিনিকের জরুরি বিভাগে পড়ে আছি। পাশের টেবিলে ডাক্তারের সঙ্গে লুঙ্গি, স্যান্ডো গেঞ্জি পরা একজন লোক কথা বলছে, ‘ডাক্তার সাব, আমি গেছিলাম ভ্যান লইয়া কদমপুরে। গরু কাইটা এরপর গ্রামের সব গরু-বকরির চামড়া লইয়া গঞ্জে।’ ‘কেন? নিজের গ্রাম রেখে এত দূরের গ্রামে গেলেন?’ ‘আরে, এই পাশের গ্রামের কতগুলা বদ পোলাপান আছে। ঠিকমতো গোশত নিয়া যাইতে দেয় না, আবার চামড়ার দাম সিন্ডিকেট কইরা মাইরা দেয়। কদমপুর আমার শ্বশুরবাড়ি। সেখানে পঞ্চায়েত খুব শক্ত। চামড়া, এক্কেরে ন্যায্য দাম। তাই গেছিলাম ওই গ্রামে।’ ‘এই ছেলেকে দেখলেন কোথায়?’ ‘দেখি কালভার্টের ওপর পইড়া আছে। এইটার খুলি বাইরাইয়া গেছে আর এইটা জিন্দা আছে। দিলাম ভ্যানে লইয়া টান।’ ‘আপনার কেউ হয় না? আপনি গরিব মানুষ, অথচ অচেনা ছেলেটার জন্য ওষুধ, বিল এত কিছু করলেন।’‘কুরবানির চামড়ার টাকাগুলা ছিল। তা জীবন আগে না টাকা আগে। টাকা গেছে আবার আইব। অইজে দেহেন, পোলা তো চোখ খুইলা চাইছে। আমার কষ্ট সার্থক।’সেই ঈদের শিক্ষা আমার জীবনটাই পাল্টে দেয়। আমার কেটে যাওয়া চামড়া আবার জোড়া লেগেছে। সেই চামড়ার সিন্ডিকেট থেকে বেরিয়ে গেছি, কয়েকজন আমাকে দেখে ভালো হয়ে গেছে। কিন্তু কারও কারও চামড়া মোটা, খুব মোটা। তবে আমি নিশ্চিত, একদিন তারাও ভালো হয়ে যাবে। আদনান ঠিকানা প্রকাশে অনিচ্ছুক