চামড়া ও ট্যানারি শিল্পে ধসের শঙ্কা
অ্যানথ্রাক্স-আতঙ্কে গরু জবাই কমে যাওয়ায় চট্টগ্রামের ট্যানারিগুলোর চামড়া রপ্তানি অর্ধেকে নেমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ট্যানারিতে চামড়া সংগ্রহ অর্ধেকের বেশি কমে গেছে। সংশ্লিষ্ট লোকজন জানান, ‘ট্যানারির এক বছরের চাহিদার শতকরা ৫০-৬০ ভাগ চামড়া সংগ্রহ করা হয় কোরবানির ঈদে। ২০ ভাগ করা হয় রোজার ঈদে। কিন্তু গত ঈদে চামড়া সংগ্রহ করা গেছে ১০ ভাগেরও কম। আগামী কোরবানির ঈদে লক্ষ্যমাত্রার ২০ ভাগ সংগ্রহ করা যাবে কি না তা নিয়ে শঙ্কিত ট্যানারিমালিকেরা। টিকে গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রিফ লেদার ট্যানারির কর্মকর্তারা জানান, বছরে অর্ধশত কোটি টাকার চামড়া রপ্তানি করে কারখানাটি। বছরে দেড় লাখ পিস চামড়া কেনে প্রতিষ্ঠানটি। আগামী কোরবানির ঈদে চাহিদামতো চামড়া সংগ্রহ করা না গেলে রপ্তানি অর্ধেকে নেমে আসতে পারে। সে ক্ষেত্রে চামড়া ব্যবসায়ী, আড়তদার ও কারখানার শ্রমিকেরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এক দশক আগেও চট্টগ্রামে ২০-২২টি ট্যানারি ছিল। তবে বর্তমানে রিফ লেদার ও মদিনা ট্যানারি টিকে আছে। অ্যানথ্রাক্স চট্টগ্রামের চামড়াশিল্পে কতটুকু প্রভাব ফেলেছে? এমন প্রশ্নের জবাবে রিফ লেদারের সহযোগী ব্যবস্থাপক এস এম খাইরুল ইসলাম বলেন, ‘প্রভাব তো অবশ্যই পড়েছে। আগে যে বাজারে প্রতিদিন ১২-১৫টি গরু জবাই হতো এখন সেখানে দুটিও হচ্ছে না। রোজার ঈদে লক্ষ্যমাত্রার ১০ শতাংশ চামড়াও সংগ্রহ করতে পরিনি।’এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চাহিদা থাকলেও বাজারে চামড়ার জোগান নেই। ফলে দাম অস্বাভাবিক বেড়ে যাচ্ছে। অ্যানথ্রাক্সে গরু মরার বিষয়ে সত্যতার চেয়ে গুজব বেশি। গুজবে যাতে মানুষ কান না দেয় সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে সরকারকে।’জানা যায়, তিনটি পর্যায় পেরিয়ে রপ্তানির উপযোগী হয় চামড়া। ‘ফিনিশড’ চামড়া রপ্তানি হয়। চট্টগ্রামের কারখানার চামড়া যায় জাপান, চীন, ইতালি ও স্পেনে। দেশের বিভিন্ন জুতা কারখানায়ও চামড়া সরবরাহ করা হয়। চামড়া থেকে জুতা, ব্যাগ, জ্যাকেট, মানিব্যাগ, বেল্ট, সোফা তৈরি করা হয়।রিফ লেদারের উপমহাব্যবস্থাপক মো. জালাল উদ্দীন জানান, ‘আমাদের কারখানায় বছরে প্রায় এক-দেড় লাখ পিস চামড়া সংগ্রহ করা হয়। ৫০-৬০ হাজার পিস সংগ্রহ করা হয় বগুড়া, সন্দ্বীপ, নওগাঁ, ফেনী ও নাটোর থেকে। কোরবানির ঈদে ৮০-৯০ হাজার পিস চামড়া সংগ্রহ করি। কিন্তু আগামী ঈদে লক্ষ্যমাত্রা পূরণের কোনো সম্ভাবনা দেখছি না।’নগরের আতুরার ডিপোতে কয়েকটি চামড়ার আড়ত আছে। ওখানকার চামড়া ব্যবসায়ী মো. আব্বাস উদ্দীন বলেন, ‘অ্যানথ্রাক্স রোগের খবরে চামড়া সংগ্রহ ৬০ শতাংশ কমে গেছে। আগে যেখানে দুই-তিন হাজার পিস চামড়া আসত এখন সেখানে ২০০-৩০০ পিসও আসছে না। কোরবানির ঈদে পরিস্থিতি কী হবে বলা মুশকিল।’ আড়তদারেরা প্রতি বর্গফুট গরুর চামড়া ৯০-১০০ টাকা, বকরির ৪৫-৫০ টাকা আর মহিষের ৫০ টাকা দরে বিক্রি করেন কারখানায়।জালালাবাদের মদিনা ট্যানারির এক শ্রমিক বলেন, ‘এ শিল্পের সঙ্গে বিভিন্ন পেশার মানুষ জড়িত। আড়তদার, কেমিক্যাল, লবণ সরবরাহকারীসহ অনেকের রুটিরুজি ট্যানারির ওপর। এখন শুনছি কোরবানির ঈদে চামড়া না পেলে কারখানা লোকসানে পড়বে। জানি না আমাদের ভাগ্যে কী আছে। ’রপ্তানি খাতে কী প্রভাব পড়বে—এমন প্রশ্নের জবাবে মদিনা টানারির মালিক আবু আহমদ বলেন, ‘উন্নতমানের হওয়ায় বিদেশিদের কাছে আমাদের চামড়ার আলাদা কদর আছে। কিন্তু এ অবস্থা চললে আমদানিকারকদের চাহিদা অনুযায়ী ফিনিশড চামড়া রপ্তানি করা সম্ভব হবে না। আর বিদেশিদের মধ্যে অ্যানথ্রাক্সের ভীতি ঢুকলে তারা পণ্য কিনবে না। তখন রপ্তানি কমবে, সরকার রাজস্ব হারাবে। আর চট্টগ্রামের ট্যানারির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।’