
চট্টগ্রামে ট্যানারি বন্ধ হতে হতে ঠেকেছিল দুটিতে। গত এক বছরে সেই দুটিও বন্ধ হয়ে গেছে। ফলে চামড়া নিয়ে বিপাকে পড়ছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। তাঁদের এখন পুরোপুরিই নির্ভর করতে হচ্ছে ঢাকার ব্যবসায়ীদের ওপর।
ব্যবসায়ী ও আড়তদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রামে কোরবানি পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ। এর মধ্যে চার লাখের বেশি গরুর চামড়া, এক লাখ ছাগলের এবং ১০ হাজারের মতো মহিষের চামড়া রয়েছে। এসব চামড়া নিয়ে বিপাকে পড়ার আশঙ্কা করছেন তাঁরা। তার ওপর লবণের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে চামড়া প্রক্রিয়াজাতকরণ নিয়েও ভাবিয়ে তুলছে তাঁদের।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, বর্জ্য শোধনাগার (ইটিপি) না থাকায় গত বছর ঈদুল আজহার আগে ট্যানারি শিল্পকারখনা মদিনা ও একই বছরের আগস্ট মাসে রিফ লেদার লিমিটেড নামের অপর ট্যানারিটিও বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তর। এর মধ্যে মদিনা নগরের জলালাবাদ ও রিফ লেদার কালুরঘাট শিল্প এলাকায় অবস্থিত।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা বলেন, ইটিপি স্থাপন না করায় ট্যানারি দুটি বন্ধ করে দেওয়া হয়েছে। এখন ইটিপি স্থাপন করলে আবার চালুর অনুমতি দেওয়া হবে।
আড়তদারেরা জানান, গত বছরও বিপুল চামড়া নিয়ে চট্টগ্রামের ব্যবসায়ীরা বিপাকে পড়েছিলেন। তারপরও কারখানা চালু করতে পারবেন এই আশায় রিফ লেদার কিছু চামড়া কিনেছিল। বাকি চামড়া ঢাকার বিভিন্ন ট্যানারির কাছে বিক্রি করতে হয়। ঢাকার ব্যবসায়ীরা অর্ধেক টাকা দিয়ে চামড়া সংগ্রহ করেন। বাকি টাকা সংগ্রহে অনেক ভোগান্তি পোহাতে হয়।
চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নূর আহমদ বলেন, ‘আমরা পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ চামড়া সংগ্রহ করি। কিন্তু চট্টগ্রামে এবার একটি ট্যানারিও খোলা নেই। ফলে এত চামড়া নিয়ে কী করব বুঝতে পারছি না। ঢাকার কারখানার ওপর আমাদের নির্ভর করতে হবে। কিন্তু তাদের কাছে টাকা বকেয়া থেকে যায়।’
তিনি আরও বলেন, শুধু ট্যানারি নয়, এবার চামড়া নিয়ে বিপাকে পড়ার আরেকটি কারণ হচ্ছে লবণের অস্বাভাবিক দাম বৃদ্ধি। গত বছর যে লবণের বস্তা (৭০ কেজি) ৫০০ টাকায় কিনেছি, এবার তা বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ টাকায়। ফলে প্রক্রিয়াজাতকরণের খরচও বাড়ছে।
কাঁচা চামড়া আড়তদার সমিতি সূত্র জানায়, চামড়া সংগ্রহ করে লবণ দিয়ে প্রথমে প্রক্রিয়াজাত করতে হয়। প্রক্রিয়াজাতকরণের পর মাস দুয়েকের মধ্যে তা ট্যানারিগুলোতে বিক্রি করা হয়। চট্টগ্রামে ট্যানারি না থাকায় ঢাকার ট্যানারি মালিকেরা চট্টগ্রাম এসে চামড়া নিয়ে যান। চট্টগ্রামে প্রায় ২০০ কাঁচা চামড়ার আড়তদার রয়েছেন। এর বাইরে রয়েছে বেশ কিছু চামড়া ব্যবসায়ী ও ফড়িয়া। সব মিলিয়ে এই শিল্পের সঙ্গে ২৫ হাজার পরিবার জড়িত।
আড়তদার সমিতির উপদেষ্টা মুসলিম উদ্দিন বলেন, ‘ঢাকার ট্যানারিগুলোর কাছে আমরা এখনো গত বছরের টাকা পাব। চট্টগ্রামে ট্যানারি না থাকায় তারাও আমাদের পেয়ে বসেছে। তাই আমরা একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। অন্তত কোরবানিকে সামনে রেখে যদি চট্টগ্রামের দুটি ট্যানারি খুলে দিত তাহলে এই সংকট থেকে বাঁচতাম।’
তিনি আরও বলেন, ‘চামড়া প্রক্রিয়াজাত করে দুই মাসের বেশি রাখা যায় না। তখন চামড়ার মান খারাপ হতে শুরু করে। তাই যত তাড়াতাড়ি সম্ভব ট্যানারিতে পাঠাতে পারলে ভালো। এই আবেদন জানিয়ে আমরা গতকাল শনিবার সংবাদ সম্মেলন করেছি। কারণ চামড়া শিল্পে চট্টগ্রামে ২৫ হাজার লোক নিয়োজিত।’
আড়তদার সমিতি সূত্র জানায়, স্বাধীনতার পর চট্টগ্রামের ট্যানারি ছিল ২২টি। পরিবেশগত কারণ ও লোকসানের মুখে পড়ে বিভিন্ন সময় একে একে বন্ধ হয়ে যায় ২০টি। শেষ পর্যন্ত টিকে ছিল মদিনা ও রিফ লেদার। এই দুই ট্যানারি ব্যবসায়ীদের ৭০ শতাংশ চামড়া কিনে নিত। বাকি ৩০ শতাংশ ঢাকায় বিক্রি করতেন ব্যবসায়ীরা।
চট্টগ্রামের আতুরার ডিপোতে মূলত বেশির ভাগ আড়তগুলোর অবস্থান। এখানে কোরবানির দিন থেকে শুরু করে দুই–তিন দিন কক্সবাজার, রাঙামাটি, বান্দরবানসহ বিভিন্ন এলাকা থেকে চামড়া আসতে শুরু করে।
কবে কারখানা চালু হবে জানতে চাইলে চট্টগ্রামের রিফ লেদার ট্যানারির মালিক মোখলেসুর রহমান বলেন, ‘আমরা জোরেশোরে কাজ শুরু করেছি ইটিপি বসানোর জন্য। আশা করি ঈদের পরই তা চালু করতে পারব।’
চামড়া সংগ্রহ করবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইটিপি চালুর ওপর এটা নির্ভর করবে। তবে আমরা চেষ্টায় আছি যত তাড়াতাড়ি সম্ভব চালু করতে।’
জানা গেছে, কোরবানির আগে চামড়া ব্যবসায়ীদের তিন সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ হাইড মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার অ্যাসোসিয়েশন চামড়ার মূল্য নির্ধারণ করে দেয়। গত বছর ঢাকার বাইরে গরুর চামড়া প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৫ টাকা নির্ধারণ করা হয়। ছাগলের চামড়ার মূল্য নির্ধারণ করা হয় প্রতি বর্গফুট ২০ থেকে ২২ টাকায়। এবার এখনো নির্ধারণ করা হয়নি।