
চৈত্রের প্রখর রোদ আর ভ্যাপসা গরমের মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’র (আইএলইটি) মিলনায়তনটি ছিল পূর্ণ! ঢোকার মুখেই খই, জিলাপি, বাতাসা, সিঙ্গাড়ার ব্যবস্থা ছিল অতিথিদের জন্য। রাজধানীর হাজারীবাগে আইএলইটি প্রাঙ্গণের এক পাশে চলছিল চামড়া দিয়ে তৈরি ওয়ালেট, মেয়েদের ব্যাগ, জুতাসহ নানা ধরনের চামড়াজাত পণ্যের প্রদর্শনী।
মিলনায়তনে বিকেল থেকেই শুরু হয় পয়লা বৈশাখ উপলক্ষে প্রথম চামড়াজাত পণ্য ও পাদুকা প্রদর্শনী এবং ফ্যাশন শো। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট সেলিমা আহমাদ, সাবেক প্রেসিডেন্ট সংগীতা আহমেদ এবং আইএলইটির পরিচালক আফতাব আলী শেখ।
প্রদর্শনী ও ফ্যাশন শোর আয়োজক লেদার টেকনোলজিস্ট স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেনিউয়ার্সের কার্যক্রম নিয়ে একটি উপস্থাপনাও দেওয়া হয়। জানানো হয় ২২ জন উদ্যোক্তা মিলে একসঙ্গে কাজ করছেন এই সংগঠনে। চামড়াজাত পণ্য নির্মাতাপ্রতিষ্ঠান কারিগরের প্রতিষ্ঠাতা তানিয়া ওয়াহাব বলেন, ‘বাংলাদেশে ফ্যাশন শো বলতে সবাই বোঝে পোশাকের ফ্যাশন শো। বেশির ভাগ ফ্যাশন শোতে কাপড়ের সঙ্গে ব্যাগ, জুতা ও অন্য পণ্যগুলো হয়ে থাকে বিদেশি। কিন্তু আমাদের দেশেও যে এসব পণ্য তৈরি হয় এবং এর একটি বড় বাজার তৈরি হয়েছে তা সবাইকে জানানোর জন্য এই আয়োজন।
অনুষ্ঠানের শেষে হয় ফ্যাশন শো। আসাদ খানের কোরিওগ্রাফিতে মডেলরা নানা ধরনের চামড়াজাত পণ্য নিয়ে ও পাদুকা পরে একাধিক কিউতে হাঁটেন। আয়োজনের পৃষ্ঠপোষক ছিল আমিন মোহাম্মদ গ্রুপ ও ই-কমার্স সাইটি ট্যান। বিউটি পার্টনার ছিল ডিভাইন বিউটি স্যালন। পোশাক সহযোগিতায় ছিল ফ্যাশন হাউস বিবিয়ানা, চরকা ও সাদাকালো।