চামড়ার ন্যায্য দাম নিয়ে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক বাজারে মন্দাভাব। নির্ধারণ হয়নি আগাম দর। ফলে এবার চামড়ার ন্যায্য দাম নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ফলে আসন্ন ঈদুল আজহার পশুর চামড়া নিয়ে হিমশিম খেতে হতে পারে গৃহস্থ ও আড়তদারদের। এ ক্ষেত্রে মধ্যস্বত্বভোগী হুজুগে ব্যবসায়ীদের চামড়া কেনার সময় সাবধানী হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। জানা গেছে, গত বছর প্রতিটি বড় গরুর চামড়া এক হাজার থেকে এক হাজার চার শ টাকায় বিক্রি হয়েছে। আড়তদারেরা এই দামে চামড়া কিনে মজুদ করেন। পরবর্তী সময়ে তাঁরা তা বিভিন্ন ট্যানারিতে বর্গফুট হিসাবে একটা লভ্যাংশ রেখে বিক্রি করে থাকেন। কিন্তু ট্যানারিগুলোতে বর্তমানে চামড়ার মজুদ থাকায় এবার বাজার আগের মতো চড়া হবে না বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে রিফ লেদার লিমিটেডের পরিচালক (পরিচালন) মোখলেসুর রহমান বলেন, ‘বিশ্ববাজারে মন্দাভাব। ইউরোপ আমেরিকার অর্থনৈতিক মন্দার কারণে চামড়ার চাহিদা কমে গেছে। তাই গত এক বছর আমরা সেভাবে বিক্রি করতে পারিনি। আমাদের কাছে এখনো গত বছরের চামড়া মজুদ রয়েছে। তবু আমরা নতুন চামড়া সংগ্রহ করব।’একই অবস্থা চট্টগ্রামের আরেকটি ট্যানারি শিল্পপ্রতিষ্ঠান মদিনা ট্যানারিরও। তাদেরও গতবছরের চামড়া মজুদ রয়েছে বলে জানা গেছে। এসব কারণে এবার চামড়ার দাম গতবারের মতো কিংবা তার চেয়ে কম হতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। গত বার যেখানে বড় গরুর চামড়া এক হাজার থেকে এক হাজার চার শ টাকায় বিক্রি হয়েছে এবারও তা একই দাম কিংবা তার চেয়ে কম হতে পারে বলে মনে করছেন আড়তদারেরা। একইভাবে ছোট চামড়ার দাম ৮০০ থেকে ৯০০ টাকার বেশি হবে বলে তাঁদের ধারণা। অন্যদিকে ছাগলের চামড়া ১০০ থেকে ১৮০ টাকার মধ্যে বিক্রি হতে পারে। গত বছরও একই দামে বিক্রি হয়েছে। এ প্রসঙ্গে চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার সমিতির সভাপতি মো. মুসলিম উদ্দিন বলেন, ট্যানারিগুলোতে এখনো চামড়া মজুদ রয়েছে। যার কারণে নতুন চামড়া আমরা মজুদ করেও কতটা বিক্রি করতে পারব বুঝতে পারছি না। তাই দামটা কম হবে। গতবারের দামের চেয়ে বেশি এবার হবে না বলে মনে হচ্ছে।জানা গেছে, চট্টগ্রামে প্রতিবছর কোরবানি ঈদে প্রায় তিন লাখ গরুর ও ৭৫ হাজার চামড়া পাওয়া যায়। চট্টগ্রামের প্রায় ১৮০ জন আড়তদার বিভিন্ন মধ্যস্বত্বভোগী কিংবা সংগ্রাহকদের মাধ্যমে চামড়া কিনেন। এর মধ্যে ৫০ থেকে ৬০ জন হচ্ছেন মৌসুমি আড়তদার। সংগ্রহের পর তা বিভিন্ন ট্যানারিতে বর্গফুট হিসাবে বিক্রি করা হয়। ট্যানারি ব্যবসায়ীরা মৌসুমি মধ্যস্বত্বভোগীদের চামড়া সংগ্রহের সময় সাবধানী হওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁদের মতে, গতবার অনেকে বেশি দামে বিভিন্ন বাড়ি থেকে চামড়া কিনে পরবর্তী সময়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এ প্রসঙ্গে মোখলেসুর রহমান বলেন, গতবার অনেকে আর্থিক ক্ষতির সম্মুখীন হন। অনেকে লাভও করেছেন। কিন্তু চামড়ার ব্যবসা এখন মন্দা চলছে। এসব জেনেশুনে যদি চামড়া সংগ্রহ করেন তাহলে তাঁদের জন্য ভালো হবে। ইউরোপ আমেরিকায় মন্দার কারণে এখন ব্যবসাটি পুরোপুরি চীন নির্ভর হয়ে পড়েছে।