চায়ের কাপে নাসরিনের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ​া বিক্রি করেই সংসার চালাচ্ছেন নাসরিন। ছবি: অধুনা
চ​া বিক্রি করেই সংসার চালাচ্ছেন নাসরিন। ছবি: অধুনা

নাসরিনের কিছুই ছিল না। ছিল কাজের প্রতি ভালোবাসা ও আন্তরিকতা। তাঁর হাতের এক কাপ চা যিনি একবার পান করেছেন, তিনি আবার তাঁর দোকানে যাবেন, তাতে কোনো ভুল নেই। এখন দূর থেকে গাড়ি চালিয়ে মানুষ চা পান করতে আসেন তাঁর দোকানে। দোকান বলতে কিছুই না। পথের ধারে ছোট্ট একটা ঘর। সামনে একটা ত্রিপল টানানো। তার নিচে কয়েকটি প্লাস্টিকের চেয়ার। আগে চেয়ারও ছিল না। ছিল খেজুর গাছের গাছের গুঁড়ি। গোল গোল করে কেটে তাতে রং দেওয়া ছিল। মানুষ তাতেই গিয়ে বসত।
নাসরিনের বাবার বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার কানপাড়া গ্রামে। আট বছর আগে জেলার পুঠিয়া উপজেলার শিবপুর জায়গীরপাড়ার যুবক মোহাম্মদ রুবেলের সঙ্গে তাঁর বিয়ে হয়। রুবেল তখন টিনের দাঁড়িপাল্লা তৈরির কারখানায় কাজ করতেন। হঠাৎ রুবেল অসুস্থ হয়ে পড়েন। তাঁর শরীরে অস্ত্রোপচার করতে হয়। নিঃস্ব হয়ে যান রুবেল-নাসরিন দম্পতি। পরে সুস্থ হলেও তাঁর পক্ষেÿকারখানায় কাজ করা সম্ভব ছিল না। হাতে কোনো টাকাও নেই। একপ্রকার উপোস থাকা শুরু হলো। এ সময় রুবেলের মাথায় একটা বুদ্ধি আসে। ভাবলেন, নাসরিন খুব পরিপাটি আর চটপটে মেয়ে। সুন্দর করে গুছিয়ে কথাও বলতে পারেন। তাঁকে একটা চায়ের দোকান করে দিতে পারলে বোধ হয় ভালো চালাতে পারবেন। রুবেল কিছু টাকা ঋণ করে কিনলেন বহনযোগ্য ছোট্ট একটা ঘর। রাজশাহী নাটোর মহাসড়কের পাশে একটি জায়গা ঠিক করলেন। জায়গাটা নিচু। দুজনে মিলে রাত-দিন খেটে এটা উঁচু করলেন। বসালেন ঘরটি। অদ্ভুত ব্যাপার! ছয় মাসের মধ্যে মহাসড়কের যাত্রীরা তাঁদের চায়ের খবর জেনে গেলেন। এখন গাড়ি থামিয়ে যাত্রীরা নাসরিনের দোকানে চা পান করে।
এ বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসের দিকে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান গাড়ি থামিয়ে নেমে পড়েন। চা পান করে মুগ্ধ হন, তারপর নিজের পরিচয় দেন। একটা ভিজিটিং কার্ডও দিয়ে যান।
সম্প্রতি ওই দোকানে নাসরিনের সঙ্গে কথা হয়। তাঁর স্মৃতিশক্তি খুব প্রখর। তিনি বললেন, ‘জিল্লুর রহমান আমাকে এখন মেয়ের মতো স্নেহ করেন। ফোনে প্রায়ই তাঁর সঙ্গে কথা হয়।’
দোকানে দেখা হয় রাজশাহীর আলমিরা আর্ট অ্যান্ড ফার্নিচারের স্বত্বাধিকারী আরাফাতের সঙ্গে। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে রাজশাহী শহর থেকে ২৩ কিলোমিটার দূরে ওই দোকানে ছুটে গিয়েছেন চায়ের নেশায়। আশপাশের দোকানে চায়ের দাম চার টাকা, কিন্তু নাসরিনের দোকানে গাছের গুঁড়িতে বসেও সবাই প্রতি কাপ ২০ টাকায় চা পান করছে। আরাফাতের ভাষায়, এটি একেবারে ভিন্ন স্বাদের চা। শুধু চা-ই নয়, দোকানের সবকিছুই পরিচ্ছন্ন সুন্দর ও পরিপাটি। তার চেয়ে মনে রাখার বিষয় চা-দোকানি নাসরিন খাতুনের মিষ্টি ব্যবহার।
রুবেল জানান, কিছুই ছিল না আগে। এখন বাড়ি করার জায়গাটা কিনেছেন। দুটি ছেলে হয়েছে। বড় ছেলেকে স্কুলে দিয়েছেন। তাদের লেখাপাড়া শিখিয়ে মানুষ করবেন—এই সাহসটুকু এখন পেয়েছেন। এখন তাঁর প্রতিদিন প্রায় দুই মণ দুধের প্রয়োজন পড়ে। এসব দেখে অনেকেই সহ্য করতে পারেন না। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে মিথ্যা অভিযোগ করেন। ইউএনও এসে চা খেয়ে মুগ্ধ হন। বুঝতে পারেন, নাসরিনের নামে মিথ্যা অভিযোগ করা হয়েছিল।