চার আচার
‘ছোটবেলায় মা ও নানির হাতে আচার বানানো দেখে খুব ইচ্ছা হতো নিজেই তাঁদের সঙ্গে হাত মেলাই। কিন্তু তাঁদের শাসন-বারণ আর বকুনিতে তখন সেই ইচ্ছাটা আর পূরণ হয়নি। তবে মনে মনে ভেবেই রেখেছিলাম, বড় হয়ে আমিও তাঁদের মতো কিছু একটা করব।’ বলছিলেন চট্টগ্রামের জেবুন্নেসা বেগম। ২০০৯ সালে প্রাণ-প্রথম আলো আচার প্রতিযোগিতায় তিনি প্রথম হয়েছিলেন। ২০০৮ সালে একই প্রতিযোগিতায় অংশ নিয়ে পান সান্ত্বনা পুরস্কার। সম্প্রতি মনিটর বাংলাদেশ আয়োজিত রান্না প্রতিযোগিতায় বাছাইয়ে চট্টগ্রাম বিভাগে ১০ জনের তালিকায় রয়েছেন। আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে পরবর্তী প্রতিযোগিতা। প্রশিক্ষণ নিয়েছেন টমেটো ক্যাচাপের ওপর।জেবুন্নেসা আচার তৈরি শিখেছেন তাঁর মায়ের কাছ থেকে। সেই থেকে নিয়মিত বানিয়ে যাচ্ছেন আচার।বিয়ের পর নিজের শাশুড়ির সঙ্গে মিলে বানান সস।এই সস ‘বউ-শাশুড়ির গ্রিন-ম্যাঙ্গো সস’ নামে বাজারেও ছেড়েছেন। জেবুন্নেসা বলেন, ‘আসলে আমি ও আমার শাশুড়ি একসঙ্গে প্রশিক্ষণে অংশ নিয়েছিলাম। এরপর আমরা প্রথমে টমেটো ও পরে কাঁচা আমের সস তৈরি করি।’ তাঁর কাজে ব্যবসায়ী স্বামী কায়েস খন্দকারের পুরোদমে সহযোগিতার কথা বলেছেন। স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী জেবুন্নেসা পড়াশোনা শেষ করে নিজেই একটি রান্না শেখার প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন দেখেন। —নিজাম সিদ্দিকী, চট্টগ্রামআমড়ার টক আচারউপকরণ: আমড়া ১২টি, সিরকা ১ কাপ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, পাঁচফোড়ন ১ টেবিল-চামচ, আদা বাটা আধা চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, সরিষার তেল পৌনে এক কাপ, লবণ স্বাদমতো, শুকনা মরিচ ২টি।প্রস্তুত প্রণালি: আমড়া খোসা ফেলে টুকরা করে সিরকায় ১০-১২ ঘণ্টা ভিজিয়ে রেখে তুলে নিন। এবার হলুদ ও লবণ দিয়ে এক দিন কড়া রোদে শুকিয়ে নিন। গরম তেলে সব মসলা, আমড়া ও সিরকা দিয়ে নাড়ুন। আচার হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ফেলুন।কাঁচামরিচের আচারউপকরণ: কাঁচা মরিচ ৫০টি, সরিষার তেল আধা কাপ, সিরকা আধা কাপ, রসুন বাটা ১ চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মারিচ বাটা ২ চা-চামচ, চিনি আধা কাপ, লবণ স্বাদমতো, মরিচ গুঁড়া আধা চা-চামচ, পাঁচফোড়ন ১ চা-চামচ, তেঁতুল ১ টেবিল-চামচ।প্রস্তুত প্রণালি: তেল গরম করে এতে সব মসলা দিয়ে কষিয়ে নিন। তেঁতুল, সিরকা, চিনি ও লবণ দিন। এরপর মরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে ফেলুন।আমলকীর আচারউপকরণ: আমলকী ২৫০ গ্রাম, চিনি ১ কাপ, সিরকা আধা কাপ, আদার টুকরা ৪-৫টি, শুকনা মরিচ ২টি, লবণ পরিমাণমতো।প্রস্তুত প্রণালি: প্রথমে টুথপিক দিয়ে আমলকী ছিদ্র করে ফিটকিরির পানিতে ১৪-১৫ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। মাঝেমধ্যে পানি পাল্টে দিতে হবে। এবার একটি পাত্রে পানি ও লবণ দিন। একবার ফুটে উঠলে নামিয়ে পানি ঝরিয়ে সব উপকরণ একসঙ্গে দিয়ে আমলকী অল্প আঁচে সেদ্ধ করে নিন। আচার হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করুন। এরপর বয়ামে ঢুকিয়ে রাখুন। আনারসের আচারউপকরণ: আনারস ২টি, চিনি ৩ কাপ, এলাচ ৩টি, দারচিনি ২-৩ টুকরা, তেজপাতা ৩টি।প্রণালি: আনারসের খোসা ফেলে টুকরা করে এতে সব উপকরণ দিয়ে চুলায় বসিয়ে দিন। কিছুক্ষণ পর পর নাড়তে থাকুন। লালচে রং হয়ে গেলে নামিয়ে নিন। তবে রোদে দেওয়ার প্রয়োজন নেই।