
রোয়ানুর আঘাতে ক্ষতবিক্ষত হয় আনোয়ারার মোহছেন আউলিয়া সড়ক। এরপর থেকে বন্ধ রয়েছে সড়কটির সংস্কারকাজ। ভাঙা সড়কে চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন চার ইউনিয়ন—জুঁইদণ্ডী, বটতলী, বারশত ও বৈরাগের বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, সড়কের লামারবাজার অংশ ইতিমধ্যে শঙ্খ নদে চলে গেছে। লোকজন চলাচল করছেন গ্রামের ভেতরের বিকল্প সড়ক দিয়ে। খুরুস্কুল অংশটিও বিলীন হওয়ার পথে। তা ছাড়া জুঁইদণ্ডীর চৌমুহনী থেকে চর জুঁইদণ্ডী পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকা ক্ষতবিক্ষত। এ ছাড়া ১৪ কিলোমিটারের সড়কটির প্রায় পাঁচ কিলোমিটার রাস্তায় এখন গাড়ি চলছে না।
জুঁইদণ্ডী ইউনিয়ন পরিষদের সদস্য বদিউর রহমান বলেন, সড়কটির কারণে পুরো ইউনিয়নটি অচল হয়ে পড়েছে। এটি সংস্কার হলেই পাল্টে যাবে এলাকার চেহারা।
লামারবাজার এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন বলেন, সড়কটির নয় কিলোমিটারে এখন সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চলাচল করে। এই নয় কিলোমিটারের বেশ কিছু অংশ খানাখন্দে ভরা।
সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, ২০১৫ সালের নভেম্বরে উপজেলার মহালখান বাজার এলাকা থেকে চর জুঁইদণ্ডী পর্যন্ত ১৪ কিলোমিটারের সড়কটি সংস্কারে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়। এতে ব্যয় ধরা হয় ৯ কোটি টাকা। কার্যাদেশ অনুযায়ী, ১৮ মাসের মধ্যে সংস্কারকাজ শেষ করার কথা ছিল। কার্যাদেশ পায় ডেলটা ইঞ্জিনিয়ারিং নামের একটি ঠিকাদারিপ্রতিষ্ঠান।
ঠিকাদারিপ্রতিষ্ঠান সূত্র জানায়, কার্যাদেশ পাওয়ার পর জানুয়ারি মাসে সংস্কারকাজ শুরু হয়। পাঁচ মাসে সড়কটির অর্ধেক কাজ সম্পন্ন হলেও রোয়ানুর আঘাতে বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে জুঁইদণ্ডীর বিভিন্ন স্থানে পিচঢালাই ভেসে গেছে। সড়কের কোনো কোনো অংশ চলে গেছে শঙ্খ নদে।
ডেলটা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষে কাজ পরিচালনাকারী মো. আলাউদ্দিন বলেন, ‘আমরা সড়কটির অর্ধেকের বেশি কাজ শেষ করলেও রোয়ানুর আঘাতে জুঁইদণ্ডীর বিভিন্ন অংশ নষ্ট হয়ে যায়। ফলে আমরা আর্থিক ক্ষতির শিকার হই। তার পরও অবশিষ্ট কাজ শেষ করে বুঝিয়ে দেব।’
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তোফায়েল মিয়া বলেন, শাহ মোহছেন আউলিয়া সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এটির সংস্কারকাজ সম্পন্ন হলে জুঁইদণ্ডীসহ চারটি ইউনিয়নের বাসিন্দাদের কষ্ট লাঘব হবে। তিনি আরও বলেন, ‘নির্ধারিত সময়ে কাজ বুঝিয়ে দেওয়ার জন্য আমরা ঠিকাদারিপ্রতিষ্ঠানকে বলেছি।’