চার উন্নয়ন প্রকল্পে ধীরগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী পৌরসভার ৩১টি উন্নয়ন প্রকল্পের কাজ চলতি সেপ্টেম্বর মাসে শেষ হওয়ার কথা। এর মধ্যে ২৩টির কাজ শেষ হলেও চারটির কাজ শুরু হয়নি প্রশাসনের অনুমতি না পাওয়ায়। বাকি চারটির কাজ ধীরগতিতে চলতে থাকায় নির্ধারিত সময়ে শেষ হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

মহেশখালী পৌরসভার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় তিন কোটি টাকা ব্যয়ে পৌর এলাকায় নালা, কালভার্ট নির্মাণ, সড়ক কার্পেটিং, মন্দির সংস্কারসহ ৩১টি উন্নয়ন প্রকল্পের জন্য চলতি বছরের এপ্রিল মাসে দরপত্র আহ্বান করা হয়। কার্যাদেশ অনুযায়ী, এসব উন্নয়নকাজ গত জুলাই মাসে শুরু হয়ে চলতি মাসে কাজ শেষ হওয়ার কথা।

কিন্তু তার মধ্যে উপজেলার প্রধান সড়ক থেকে ঘটিভাঙা সংযোগ সড়ক পর্যন্ত আধা কিলোমিটার সড়কের সংস্কার, দক্ষিণ হিন্দুপাড়ায় হরিমন্দির ও কালীমন্দির নির্মাণ এবং মাস্টার অবিনাশ সড়কের সংস্কার শুরু হয়নি প্রশাসনের অনুমতি না পাওয়ায়। বাকি প্রকল্পগুলোর মধ্যে পুটিবিলা কবরস্থানের সীমানাদেয়াল নির্মাণের কাজ, বিজয় রাম সর্দারপাড়া সড়ক সংস্কার, মহেশখালী কলেজ থেকে ঘটিভাঙা সংযোগ সড়ক পর্যন্ত আধা কিলোমিটার সংস্কার এবং মাছ বাজার থেকে দক্ষিণে শিকদারপাড়া পর্যন্ত ২৩০ মিটার সড়কের সংস্কার কাজ শেষ হয়নি।

৭ সেপ্টেম্বর বিকেলে গোরকঘাটার মাছবাজার এলাকায় গিয়ে দেখা যায়, সড়কে সংস্কারকাজ করছেন নিয়োজিত ১০ থেকে ১২ জন শ্রমিক। তাঁরা সড়কে ইটের খোয়া আর বালু ফেলছিলেন। আর সড়কের পাশে পানিনিষ্কাশন করার জন্য নির্মাণ করা হচ্ছে ড্রেন। একই অবস্থা পুটিবিলা কবরস্থানের সীমানাদেয়াল নির্মাণ ও বিজয় রাম সর্দারপাড়া সড়কের সংস্কার কাজেরও।

তবে মহেশখালী কলেজ সড়কের সংস্কারকাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার হারুন রশিদ বলেন, সড়কের সংস্কারকাজ ইতিমধ্যে প্রায় ৫০ শতাংশ শেষ হয়েছে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ও বৃষ্টির কারণে যথাসময়ে কাজ শেষ করতে অনেকটা বিলম্ব হয়েছে। সড়কের সংস্কারকাজ বন্ধ থাকার কথা স্বীকার করে তিনি আরও বলেন, শিগগিরই সড়কের সংস্কারকাজ শুরু করা হবে।

মহেশখালী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইদুল আলম প্রথম আলোকে বলেন, ৩১টি বিভিন্ন প্রকল্পের মধ্যে ইতিমধ্যে ২৩টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। প্রশাসনিক জটিলতার কারণে কাজ শুরু হয়নি চারটি উন্নয়ন প্রকল্পের। আর বাকি চার প্রকল্পের কাজ চলছে পুরোদমে। তবে কার্যাদেশের মধ্যে সব উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হবে কি না, তা জানতে চাইলে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগসহ বৃষ্টির কারণে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে অনেকটা বিলম্ব হচ্ছে। এরপরও চলতি মাসের মধ্যে ওই চারটি প্রকল্পের কাজ শেষ করতে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।