কক্সবাজারের রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে চার কারণে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী রিয়াজ উল আলম জয়লাভ করেছে বলে মনে করছেন ভোটাররা। আওয়ামী লীগের প্রতি সংখ্যালঘু বড়ুয়া সম্প্রদায়ের ঐকমত্য, জামায়াতের নীরব সমর্থন, রিয়াজুলের ওপর ককটেল হামলা এবং সাংসদ সাইমুম সরওয়ারের উন্নয়ন অঙ্গীকারে ভোটাররা প্রভাবিত হয়েছেন।
২১ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী রিয়াজ উল আলম (মোটরসাইকেল) ৪০ হাজার ১২০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি-সমর্থিত প্রার্থী মেহরাজ আহমেদ মাহিন চৌধুরী (আনারস)। তিনি পেয়েছেন ৩৪ হাজার ৮০২ ভোট। জামায়াতের প্রার্থী ফজলুল্লাহ মোহাম্মদ হাসান (ঘোড়া) পেয়েছেন ১৫ হাজার ১১৭ ভোট। উপজেলার ১১টি ইউনিয়নের ৫০টি কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৩৯ হাজার ৮০১। এর মধ্যে ৬৫ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
এদিকে নির্বাচনের দিন সন্ধ্যায় জেলা বিএনপি সংবাদ সম্মেলন করে ১৮টি ভোটকেন্দ্র দখল, ব্যালট ছিনতাই ও ভোট কারচুপির অভিযোগে ২৩ ডিসেম্বর জেলায় অর্ধদিবস হরতাল পালন করে।
জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন হলে বিএনপি-সমর্থিত প্রার্থী বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতেন। আওয়ামী লীগদলীয় সাংসদ সাইমুম সরওয়ারের ইশারায় দলীয় নেতা-কর্মীরা প্রকাশ্যে ১৮টি ভোটকেন্দ্র থেকে বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্ট বের করে দিয়ে ব্যালটে সিল মেরে বাক্সে ঢুকিয়ে দিয়েছেন।
ফলাফল পর্যালোচনা ও ভোটারদের সঙ্গে আলাপে জানা গেছে, চার কারণে এবার ভোটাররা আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী রিয়াজুলের পক্ষে রায় দিয়েছেন। নির্বাচনের আগের দিন ককটেল বিস্ফোরণে রিয়াজুলের মাথা ফেটে যায়। ভোটের দিন মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় তিনি ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং ভোটারদের সহানুভূতি আদায় করতে সক্ষম হন। দ্বিতীয়ত, গত ২৩ মার্চের উপজেলা পরিষদ নির্বাচনে মাত্র কয়েকজন সংখ্যালঘু ভোটার আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীকে ভোট দিয়েছিলেন। বাকিরা বিএনপি-সমর্থিত প্রার্থী মরহুম আহমেদুল হক চৌধুরীকে ভোট দেন। কিন্তু রিয়াজুলের বাড়ি সদরের বৌদ্ধমন্দির-সংলগ্ন এলাকায় হওয়ায় সংখ্যালঘু জনপ্রতিনিধি ও এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রিয়াজুলের জন্য মাঠে নামেন। তৃতীয়ত, এবার জামায়াত শুরু থেকে মাঠে নেমে বিএনপির বিরুদ্ধে অবস্থান নেয়। শেষের দিকে এসে জামায়াতের কিছু নেতা ভোটারদের আওয়ামী লীগ প্রার্থীকে সমর্থনের ইঙ্গিত দেন। এ কারণে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর ভোট বেড়ে যায়। চতুর্থত, সাংসদ সাইমুম সরওয়ারের উন্নয়ন অঙ্গীকার ভোটারদের উদ্বুদ্ধ করেছে।
এ প্রসঙ্গে সাইমুম সরওয়ার বলেন, সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। আরও রাস্তাঘাট, সেতুসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড হাতে নিয়েছি। এসব দেখে ভোটাররা খুশি হয়ে রিয়াজুলকে ভোট দিয়েছেন।
রামু কেন্দ্রীয় সীমাবিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া বলেন, রামু হামলার ঘটনায় সংখ্যালঘু ভোটাররা দ্বিধাবিভক্ত থাকলেও এবারের নির্বাচনে তাঁরা ঐক্যবদ্ধ হয়ে রিয়াজুলের পক্ষে রায় দিয়েছেন। এ কারণে ভোটের ব্যবধান রেড়েছে।
রিয়াজ উল আলম বলেন, ‘চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নিয়ে মানুষের কল্যাণ আর এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করব।’
উল্লেখ্য, গত ২৩ মার্চে অনুষ্ঠিত এই উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির সভাপতি আহমেদুল হক চৌধুরী ৩৩ হাজার ৩০৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। কিন্তু নির্বাচনের চার মাসের মাথায় গত ১১ আগস্ট ভারতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেলে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।