
আট বছর ধরে যৌতুকের দাবিতে স্বামী মিলন হাওলাদার মারধর করে আসছেন পোশাকশ্রমিক মাহফুজা বেগমকে। নানা সময়ে দাবিমতো কিছু টাকাও দিয়েছেন মাহফুজা। কিন্তু সর্বশেষ ছয় মাস ধরে পাঁচ লাখ টাকা দাবি করছেন স্বামী। টাকা দিতে না পারায় গত ২০ জানুয়ারি নির্মমভাবে মাহফুজাকে মারধর করেন স্বামী, স্বামীর বোন ও ভগ্নিপতি। মার খেয়ে গুরুতর আহত অবস্থায় তিনি ভর্তি হন চট্টগ্রাম মেডিকেল কলেজের সেবাকেন্দ্র ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)।
মাহফুজার ওপর নির্যাতন যে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেবাকেন্দ্রের দেওয়া পরিসংখ্যানই সে কথা বলে। প্রতিদিনই কেউ না কেউ শারীরিক বা যৌন নির্যাতনের শিকার হয়ে এই সেবাকেন্দ্রে আসছেন। এখানকার কর্মকর্তারা নারী নির্যাতনের পেছনে চারটি কারণও চিহ্নিত করেছেন। এসব হলো যৌতুক, স্বামীর পরকীয়া বা দ্বিতীয় বিয়েতে বাধা, স্বামীর মাদকাসক্তি ও ভরণপোষণ দিতে না চাওয়া।
ওসিসি কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ২০১৫ সালে মোট ৪৬৯ জন নারী ও শিশু এই কেন্দ্রে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৩৪৮ জনই শারীরিক নির্যাতনের শিকার। যৌন নির্যাতনের শিকার হয়েছে ১১৭ জন। এদের মধ্যে শিশুও রয়েছে। ২০১৪ সালে শারীরিক নির্যাতনের শিকার হয়ে এসেছিল ২৯৭ জন। এর আগের বছর ২০১৩ সালে এ সংখ্যা ছিল ২১৯। গত জানুয়ারি মাসে ৩৪ জন নারী ওসিসিতে সেবা নিতে এসেছিলেন। এঁদের মধ্যে ২৭ জনই ছিলেন মারধরের শিকার।
ওসিসি চট্টগ্রামের সমন্বয়ক মাফরুহা নিগার প্রথম আলোকে বলেন, স্বামী বা পরিবারের নির্যাতনের শিকার নারীরাই ওসিসিতে সেবা পান। প্রধানত যৌতুকের জন্যই এসব নারী নির্যাতিত হচ্ছেন। স্বামীর পরকীয়া কিংবা দ্বিতীয় বিয়েতে বাধা, স্বামীর মাদকাসক্তি, ভরণপোষণ দিতে না চাওয়াও নির্যাতনের অন্যতম কারণ। এ ছাড়া মাঝেমধ্যে নির্যাতিত গৃহকর্মীরাও আসেন।
গত ১ জানুয়ারি স্বামীর হাতে গুরুতরভাবে নির্যাতিত হয়ে ওসিসিতে ভর্তি হন রাঙ্গুনিয়া উপজেলার একটি উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা। স্বামীর দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় তাঁর ওপর নির্যাতন নেমে আসে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষিকা প্রথম আলোকে বলেন, ‘আমার মতো শিক্ষিত নারীর ওপর যদি এই অত্যাচার হয়, তাহলে নিরক্ষর বা কম শিক্ষিত নারীদের কী অবস্থা, বুঝে দেখুন।’
ধর্ষণের মতো যৌন নির্যাতনের শিকারদের মধ্যে পূর্ণবয়স্ক নারী ও শিশুর সংখ্যা প্রায় সমান বলে জানান মাফরুহা নিগার। আত্মীয় বা পরিচিত ব্যক্তিরাই এসব ঘটনার জন্য দায়ী বলে তিনি জানান। ধর্ষণের পাশাপাশি ঘটছে শারীরিক হামলার ঘটনাও। গত মাসে বাঁশখালীতে এক গৃহবধূকে তাঁর দেবর ধর্ষণ করেন। ধর্ষণ শেষে ওই গৃহবধূকে দা দিয়ে কুপিয়ে আহত করেন পাষণ্ড দেবর। আহতাবস্থায় ওই নারী ওসিসিতে চিকিৎসা নেন। ঘটনার চার দিন পর তিনি মামলা করেন।
নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া মামলাগুলো বিচারের জন্য চট্টগ্রামে তিনটি ট্রাইব্যুনাল রয়েছে। চট্টগ্রাম নগর ও ১৪ উপজেলার মামলাগুলোর বিচার হয় এই আদালতগুলোতে। দায়ের করা মামলার হিসাবে দেখা গেছে, গেল দুই বছরে আদালতগুলোতে মামলার সংখ্যা বেড়েছে। ২০১৫ সালে তিন আদালতে মোট ৩ হাজার ৫৬৩টি মামলা হয়েছে। এর আগের বছর ২০১৪ সালে মামলার সংখ্যা ছিল ৩ হাজার ৫৬৬টি। ২০১৩ সালে তিন আদালতে দায়ের হয়েছিল ২ হাজার ৯৮৬টি মামলা।
তবে আদালত তিনটিতে কোন ধারায় কত মামলা হয়েছে সে হিসাব বের করা যায়নি। অবশ্য চট্টগ্রাম মহানগর পুলিশের হিসাবে দেখা গেছে, নগরের ১৬ থানায় ২০১৫ সালে নারী ও শিশু নির্যাতনের ৩৫৬টি ঘটনায় মামলা হয়েছে। এগুলোর মধ্যে যৌতুকের জন্য নির্যাতনের মামলা সবচেয়ে বেশি ছিল।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২–এর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এম এ নাসেরও প্রথম আলোকে বলেন, যৌতুকের জন্য শারীরিক নির্যাতনের অভিযোগে সবচেয়ে বেশি মামলা হয়। এরপর শ্লীলতাহানি বা ধর্ষণচেষ্টার মামলার সংখ্যাও উল্লেখযোগ্য। অবশ্য কেউ কেউ আইনের অপব্যবহার করে মিথ্যা মামলাও করেন। আবার, এটাও ঠিক যে প্রকৃত নির্যাতিত অনেকেই আইনের আশ্রয় নিতে চান না।
ওসিসি কর্তৃপক্ষও এম এ নাসেরের এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন। তাঁরা জানান, নির্যাতনের শিকার হয়ে আসা নারীদের সবাই মামলা করতে চান না। গত মাসে ওসিসিতে আসা ৩৪ জনের মধ্যে মাত্র চারজন মামলা করেছেন। মামলাগুলোর মধ্যে তিনটি ছিল নির্যাতন ও একটি ধর্ষণ মামলা। আইনগত সহায়তা প্রদানকারী সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) চট্টগ্রাম কার্যালয়ে গত বছর ৫০৫টি অভিযোগ এসেছে। এসব অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে ১৯৪টি। এসব মামলার ৮০টিই নারী নির্যাতনের। ৭৪টি ঘটনার মীমাংসা করা হয়েছে সালিসের মাধ্যমে। এ ছাড়া গত বছর খোরপোষ চেয়ে মামলা করেছেন ৭৮ জন নারী।
ব্লাস্ট চট্টগ্রামের সমন্বয়কারী রেজাউল করিম চৌধুরী বলেন, নারী নির্যাতন প্রতিরোধে সরকারি-বেসরকারি নানা উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু তাতে নির্যাতনের মাত্রা হ্রাস পেয়েছে, সেটি বলা যাচ্ছে না। একদিকে সামাজিক অসহিষ্ণুতা বেড়েছে, অন্যদিকে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক মূল্যবোধ কমছে। এসব কারণেই নারী নির্যাতনের হার বাড়ছে।