খালের ওপর একটি সেতু নির্মাণ ও দুই পাশের সংযোগসড়ক সংস্কারের অভাবে যাতায়াতে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে পটিয়া উপজেলার তিন ইউনিয়নের চার গ্রামের ১০ হাজার মানুষ। স্বাধীনতার পর থেকে এলাকাবাসী কখনো খেজুরগাছ আবার কখনো লোহার পাটাতন বিছিয়ে এ সেতুর ওপর দিয়ে গন্তব্যে যাতায়াত করছেন। সরেজমিনে দেখা গেছে, পটিয়া-কেলিশহর সড়কের সঙ্গে সংযুক্ত ধলঘাট ইউনিয়নের আলামপুর গ্রামের ভেতর দিয়ে পূর্ব দিকে কেলিশহরের দিকে চলে গেছে আলামপুর সড়ক। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ সড়কটি দিয়ে ধলঘাট ইউনিয়নের আলামপুর, ঈশ্বরখাইন, দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের সদর দক্ষিণ ভূর্ষি, ডেঙ্গাপাড়া এবং কেলিশহর গ্রামের প্রায় ১০ হাজার মানুষ যাতায়াত করে। আলামপুর এলাকায় সড়কের সঙ্গে যুক্ত হয়েছে নাঘাটা খাল। এলাকার লোকজন জানান, এ সড়ক দিয়ে একসময় রিকশা, অটোরিকশা, ঠেলাগাড়ি, জিপ ইত্যাদি চলাচল করত। স্থানীয় ব্যবসায়ীরা চাক্তাই-খাতুনগঞ্জ থেকে আনা পণ্য নাঘাটা সেতুসংলগ্ন সড়কে নামিয়ে বিভিন্ন যানবাহনে করে আশপাশের এলাকায় নিয়ে যেতেন। সেতুটি স্বাধীনতার পর ভেঙে যায়। এর মধ্যে সংস্কারের অভাবে সড়কটিও জরাজীর্ণ হয়ে পড়ে। স্বাধীনতার ৪০ বছর পরও সেতুটি পুনর্নির্মাণ করা হয়নি। এলাকার জনসাধারণ বাঁশ বা খেজুরগাছের সাঁকো বানিয়ে খাল পার হচ্ছিল। কয়েক বছর আগে তিনটি লোহার পাটাতন বসিয়ে খাল পারাপারের ব্যবস্থা করেছে তারা। ঈশ্বরখাইন গ্রামে কৃষক মোহাম্মদ কাউসার (২৬) বলেন, ‘আমার জন্মের পর থেকে এখানে কোনো সংস্কারকাজ হতে দেখিনি।’ আলামপুর গ্রামের বাসিন্দা খেলন দাশ (৩৫) সড়কের দুরবস্থা দেখিয়ে বলেন, ‘এই যে সড়কটি দেখছেন, এটি আগে অনেক চওড়া ছিল। ভাঙতে ভাঙতে সরু হয়ে বর্তমানে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে গেছে।’ কাউসার ও খেলন দাশ জানান, বর্ষা এলে সড়কসহ সাঁকোটি পানিতে ডুবে যায়। ফলে সাঁকোর দুদিকে প্রায় ২০০ কৃষকের ফলন আনা-নেওয়ার সময় কষ্টের সীমা থাকে না। এ ছাড়া, পটিয়া সদর বা শহরে রোগী আনা-নেওয়া, শিক্ষার্থীসহ স্থানীয় ব্যবসায়ী ও চাকরিজীবীদের গন্তব্যে যাতায়াতে সারা বছরই দুর্ভোগ পোহাতে হয়। আলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতা চক্রবর্তী বলেন, ‘একমাত্র এই সেতু ও সড়কের কষ্টের কারণে আমি এই বিদ্যালয় থেকে বদলির আবেদন করেছি। এ ছাড়া, কেলিশহর ও নাঘাটা এলাকার ছেলেমেয়েরা বিদ্যালয়ে আসতে না পারায় এখানে শিক্ষার্থীও কমে গেছে।’ কেলিশহর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছালামত উল্লাহ মল্ল প্রথম আলোকে বলেন, ‘সেতু ও সড়কটির কারণে এলাকার চার গ্রামের লোকজন সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। চার-পাঁচ বছর আগে চট্টগ্রাম জেলা পরিষদ থেকে সেতুটি সংস্কারের জন্য চার লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু যোগাযোগ সমস্যার কারণে ঠিকাদার কাজ না করে চলে যান।’ চেয়ারম্যান জানান, সেতু নির্মাণ ও সড়ক-সংস্কারে আরও বেশি অর্থ বরাদ্দ প্রয়োজন। এ ব্যাপারে স্থানীয় সাংসদের সহযোগিতা দরকার বলে মন্তব্য করেন তিনি।