চার চাকায় দেশীয় ব্র্যান্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০০ সিসি ইঞ্জিনের রেসিং কার। চালকসহ দুজনের বসার ব্যবস্থা। এক লিটার জ্বালানিতে চলবে কমপক্ষে ৮০ কিলোমিটার। শুধু তাই নয়, ইঞ্জিন থেকে শুরু করে সব সরঞ্জাম দেশি। এও কী সম্ভব! অসাধ্য বটে। তবে এ অসাধ্য সাধন করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা। মিলেছে তাঁদের প্রতিভার স্বীকৃতিও। ঢাকায় অনুষ্ঠিত ইকোরান বাংলাদেশ ২০১৩ প্রতিযোগিতার রানার্স আপ হয়েছে তাঁদের প্রকল্প ‘প্রটোটাইপ’।স্বপ্নবাজ এ তরুণেরা যন্ত্রকৌশল বিভাগের চতুর্থবর্ষের শিক্ষার্থী। দলের বহর বেশ বড়—১৯ জন। নেতৃত্বে ছিলেন মুজাহিদুল ইসলাম। তাঁর মূল সহযোগী ছিলেন রুহুল আমিন, মিঠুনচন্দ্র ও শুভ দাশ। সম্প্রতি প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে কথা হয় তাঁদের সঙ্গে। শুরুতেই গোড়ার কথা। কীভাবে যুক্ত হলেন এ কাজে? দলনেতা মুজাহিদই শুরু করলেন কথা, ‘ইকোরানের প্রতি আগ্রহ ছিল আমাদের সবার। জাপানে এটা শুরু হয়েছে আরও ৩০ বছর আগে। এই ইকোরান প্রতিযোগিতা দিয়ে তারা মেধাবীদের কাজে লাগায় নতুন গাড়িপ্রযুক্তি উদ্ভাবনে। সে ধারা এখন শুরু হয়েছে আমাদের দেশেও। প্রথমবারের মতো এ প্রযোগিতার জন্য আমরা বেছে নিই ১৯৩৯ সালের একটি রেসিং কারের মডেল। মূল কাঠামো ঠিক রেখে এতে সংযোজন করি সরবরাহ করা দেশীয় কোম্পানি ওয়ালটনের ইঞ্জিন। তবে সময়ের অভাবে গাড়ির পুরোপুরি আদল দেওয়া সম্ভব হয়নি। ক্লাস-পরীক্ষার ফাঁকে সবাই মিলে চেষ্টা করেছি সাধ্যমতো। যার ফলও পেয়েছি।’ তবে এ জন্য তরুণ এই মেধাবী দলটি কৃতজ্ঞ তাঁদের শিক্ষক অধ্যাপক তাজুল ইসলাম, আফজালুর রহমান, প্রসেনজিৎ দাশ ও আবু সায়েমের কাছে। মুজাহিদের বলা শেষ হলে মুখ খুললেন এতক্ষণের মুগ্ধ শ্রোতা শুভ দাশ। তাঁর কাছে এ যাত্রা স্বনির্ভরতার পথে প্রথম ধাপ। ‘এই পথ ধরে বিদেশ থেকে গাড়ি আমদানি কমতে থাকবে। দেশীয় প্রযুক্তিতে তৈরি গাড়ি চলবে রাস্তায়। জ্বালানি সাশ্রয় হবে, দামও থাকবে ভোক্তাদের নাগালের মধ্যে। আমাদের থাকবে নিজেদের ব্র্যান্ড।’ বললেন শুভ।শুভর কথায় সায় দিয়ে আরও যোগ করলেন রুহুল আমিন। বললেন, ‘জাপানিরা অনেক গবেষণার পর আজকের এই পর্যায়ে পৌঁছেছে। আর আমরা সবে শুরু করেছি। তাদের উদ্ভাবন করা একটি গাড়ি এক লিটারে তিন হাজার কিলোমিটার পর্যন্ত যাচ্ছে। আমরাও এক সময় সেই পর্যায়ে যাব। ইতিমধ্যে দেশীয় কোম্পানি ওয়ালটনে দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে ইঞ্জিন। এসব ইঞ্জিন টেকসই।’ প্রকল্প তো দাঁড়াল, পুরস্কারও জিতলেন। এই মডেলের ব্যবসায়িক গুরুত্ব কতটুকু? প্রশ্ন করতেই সবাই অনেকটা একসঙ্গেই বলে উঠলেন। শেষে ফ্লোর পেলেন মিঠুনচন্দ্র। ‘এটার ব্যবসায়িক গুরুত্ব আছে। বাণিজ্যিকভাবে এটিকে প্রতিষ্ঠিত করতে গেলে আরও কিছু কাজ করতে হবে। যেকোনো কোম্পানি এগিয়ে এলে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।’উল্লেখ্য, এ বছরের ১৫ মার্চ বুয়েট ও জাইকা যৌথ উদ্যোগে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আয়োজন করে ইকোরান বাংলাদেশ প্রতিযোগিতা। এতে অংশ নেয় বুয়েট, চুয়েট, খুয়েট, রুয়েট, এমআইএসটি ও আইইউটির ১৪টি দল। চ্যাম্পিয়ন হয় বুয়েট দল।