চার-ছক্কা হলে নাচতে থাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাহাদ হোসেন
ফাহাদ হোসেন

ক্রিকেট আমার অনেক পছন্দের খেলা। আর নিজের দেশ হলে তো কথাই নেই। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখার জন্য আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম। যখন টিকিট কেনাবেচা শুরু হলো, ঢাকা থেকে গোপালগঞ্জে গিয়ে টিকিট কিনেছি। সারা রাত বন্ধুদের নিয়ে লাইনে থেকে টিকিট ভাউচার পেলাম বিকেলে। দেশের খেলার টিকিট পেয়ে লাইনে দাঁড়ানোর সব কষ্ট ভুলে যাই। ঢাকায় আফগানিস্তানকে হারানোর পর বন্ধুরা দলবেঁধে চলে যাই চট্টগ্রামের খেলা দেখতে। স্টেডিয়ামে বসে খেলা দেখলেই একটা খেলার প্রকৃত অনুভূতি পাওয়া যায়। দেশ ভালো করলেই সিট ছেড়ে উঠে যাই নিজের অজান্তে। চার-ছক্কা হলে গানের তালে নাচতে থাকি চেনা-অচেনাদের সঙ্গে। খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠের একদিক থেকে ‘বাংলাদেশ’ বলে চিৎকার উঠলে পুরো মাঠ ঘুরে অন্য পাশে গিয়ে শেষ হয়। অনেকটা ঘূর্ণিঝড়ের ঘোরার মতো। তবে নিজের দল যখন খারাপ খেলে, তখন ধৈর্য নিয়ে বাকি খেলা দেখার জন্য বসে থাকা বেশি চ্যালেঞ্জের। মাঝেমধ্যে মনে হয়, আর আসব না স্টেডিয়ামে। যেদিন হারে বাংলাদেশ, সেদিন মন খারাপ হয়। পরে আবার নতুন উদ্যমে মাঠে যাই।

শিক্ষার্থী, ঢাকা কলেজ