চার-ছক্কার আসরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় দল
আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় দল

এম এ আজিজ স্টেডিয়ামে হাজারো দর্শক। কেউ কেউ সঙ্গে করে নিয়ে এসেছেন বাদ্যযন্ত্রও। একেকটা চার ও ছক্কার পর সবার সে কী উচ্ছ্বাস! আবার উইকেট পতনে উন্মাতাল দর্শকেরা। গত ১৯ মে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় দখিনা আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা।
আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে মুখোমুখি হয়েছিল প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়। চূড়ান্ত পর্বের খেলায় প্রিমিয়ারকে ৭৭ রানে হারিয়ে চ্যাম্পিয়েনর মুকুট পরে বিজিসি ট্রাস্ট। চূড়ান্ত পর্বের খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করে বিজিসি ট্রাস্ট। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে তারা ১৬৭ রানের বড় সংগ্রহ করে। ১৬৮ রানের জয়ের লক্ষ্যে ছুটতে গিয়ে প্রিমিয়ার নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ১৭.১ ওভারে ৯০ রানে অলআউট হয়ে যান প্রিমিয়ারের খেলোয়াড়েরা। খেলায় ম্যাচসেরা হন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিপন কুমার। একই দিন টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ২৯ রানে ইসলামী বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে সাদার্ন বিশ্ববিদ্যালয়।
খেলা শেষে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর, সাদার্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরোয়ার জাহান, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) অতিরিক্ত সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, ক্রিকেট সম্পাদক আব্দুল হান্নান আকবর, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য রঞ্জিত কুমার ধর ও টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহ্বায়ক আলী ইকরামুল হক।