চট্টগ্রাম-সন্দ্বীপ-হাতিয়া ও চট্টগ্রাম-বরিশাল নৌপথে যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। এই পথে চলাচলকারী চারটি জাহাজের মধ্যে তিনটিই বিকল হয়ে গেছে। জাহাজের অভাবে গত বছর থেকে চট্টগ্রাম-সন্দ্বীপ-হাতিয়া-বরিশাল রুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। বাকি একটি জাহাজ চট্টগ্রাম-সন্দ্বীপ-হাতিয়া রুটে চলাচল করছে অনিয়মিতভাবে। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন সংশ্লিষ্ট নৌপথের যাত্রীরা।জানা গেছে, বর্তমানে চট্টগ্রাম-সন্দ্বীপ-হাতিয়া রুটে যে জাহাজটি চলাচল করছে, সেটির ইঞ্জিনেও প্রায় সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তাই এটিও যেকোনো সময় বিকল হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। খোঁজ নিয়ে জানা যায়, এক বছর আগেও এমভি বারআউলিয়া ও এমভি আলাউদ্দিনসহ চারটি জাহাজ চলাচল করত সন্দ্বীপ-হাতিয়া ও চট্টগ্রাম-বরিশাল রুটে। এতে কোনো জাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটির পরিবর্তে অন্য জাহাজ দিয়ে সংশ্লিষ্ট রুটে যাত্রী পরিবহন মোটামুটি সম্ভব হতো। কিন্তু গত বছর থেকে এমভি বারআউলিয়া অকেজো অবস্থায় কর্ণফুলীতে নোঙর করে রাখা হয়েছে। মেরামতের অপেক্ষায় এমভি আলাউদ্দিন রয়েছে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে। এ অবস্থায় গত বছরের জুন থেকে চট্টগ্রাম-বরিশাল নৌপথে যাত্রী পরিবহন বন্ধ করে দেওয়া হয়।সূত্র জানায়, গত সপ্তাহ পর্যন্ত চট্টগ্রাম থেকে এমভি মতিন ও এমভি মনিরুল হক নামে দুটি জাহাজ সন্দ্বীপ-হাতিয়া রুটে চলাচল করছিল। কিন্তু জাহাজ দুটিতে প্রায় সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ভেঙে পড়ে সন্দ্বীপ-হাতিয়া নৌপথের সময়সূচি। সর্বশেষ গত বৃহস্পতিবার এমভি মনিরুল হকে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ওই দিন এর সময়সূচি বাতিল করা হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ঘাটে এসে জাহাজ না পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন অনেকে। বর্তমানে এমভি মতিন দিয়ে সপ্তাহে দুই-তিন দিন চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে যাত্রী পরিবহনের ব্যবস্থা করছেন কর্তৃপক্ষ। তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এমভি মতিনের অবস্থাও তেমন ভালো নয়। এটিও যেকোনো সময় যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে নৌযোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। গত মঙ্গলবার সন্দ্বীপ থেকে চট্টগ্রাম আসা যাত্রী ইসমাইল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গত চার দিন সন্দ্বীপ থেকে কোনো জাহাজ ছাড়েনি। প্রধান এই রুটটি অনিয়মিত হয়ে পড়ায় আমরা সন্দ্বীপবাসী যোগাযোগের ক্ষেত্রে অসহায় হয়ে পড়েছি। জরুরি প্রয়োজনে চট্টগ্রাম বা অন্য কোথাও যাওয়ার উপায় নেই। লক্কড়ঝক্কড় অবস্থায় এমভি মতিন কোনো রকমে চললেও যেকোনো সময় এটিও বন্ধ হয়ে যেতে পারে।’ সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ-হাতিয়ার উদ্দেশে জাহাজ ছাড়া হতো সপ্তাহে পাঁচ দিন। কিন্তু গত বৃহস্পতিবার ও শনিবার সন্দ্বীপ-হাতিয়ার উদ্দেশে চট্টগ্রাম থেকে নির্ধারিত জাহাজ ছাড়েনি। ফলে ওই দুই দিন যাত্রীদের তোপের মুখে পড়েন বিআইডব্লিউটিসির কর্মকর্তারা। বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (যাত্রীসেবা) মোহাম্মদ গিয়াস উদ্দিন পাটোয়ারী যাত্রীদের বিক্ষোভের কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘চলাচলের উপযুক্ত না হওয়ায় জাহাজ ছাড়া সম্ভব হয়নি। ফলে আমাকে যাত্রীদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে। সামনে ঈদের মৌসুমে কি করব বুঝতে পারছি না।’ সংস্থার নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, জাহাজ চলাচল অনিয়মিত এবং বারবার বিকল হওয়ার মূল কারণ ইঞ্জিন। জাহাজগুলোতে ‘ভলভো’ ইঞ্জিন স্থাপন করা হয়েছে। এ ইঞ্জিন নষ্ট হলে সহজে খুচরা যন্ত্রাংশ পাওয়া যায় না। তা ছাড়া এ ইঞ্জিন মেরামতের জন্য পর্যাপ্ত দক্ষ জনবলও সংস্থার নেই। তিনি বলেন, জাহাজ ছাড়ার সময়সূচি ঠিক রাখতে হলে নতুন জাহাজ সংযোজন ও পুরোনো জাহাজ দ্রুত মেরামত করা প্রয়োজন। কিন্তু সংস্থায় গত ১০ বছরে নতুন জাহাজ সংযোজন করা হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন জাহাজ সংযোজনের ব্যাপারে মন্ত্রণালয় পর্যায়ে সিদ্ধান্ত নিতে হবে।