চার জেলায় বিতর্ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটে বিতর্ক কর্মশালা শেষে উপস্থিত বিতর্কে অংশ নেওয়া শিক্ষার্থীরা
লালমনিরহাটে বিতর্ক কর্মশালা শেষে উপস্থিত বিতর্কে অংশ নেওয়া শিক্ষার্থীরা

কুড়িগ্রাম: ২০ নভেম্বর অনুষ্ঠিত কুড়িগ্রাম পিটিআই স্কুলের হলরুমে দিনব্যাপী বিতর্ক কর্মশালা ও সাংগঠনিক বৈঠক। কর্মশালায় ৫৭ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
বিতর্ক কর্মশালায় প্রশিক্ষণ দেন বন্ধুসভা জাতীয় পর্ষদের সদস্য ও বিতার্কিক কৌশিক সুর। সাংগঠনিক বিষয়ে কথা বলেন ঢাকা মহানগর বন্ধুসভার অনিমেষ বৈদ্য। কেন আমরা বন্ধুসভা করি, বন্ধুসভার আদর্শ, গঠনতন্ত্র ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন কুড়িগ্রাম প্রতিনিধি সফি খান। অংশগ্রহণকারীরা সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডেমো বিতর্কের আয়োজন করে।
মো. ওবায়েদুর রহমান

গাজীপুর: ২০ নভেম্বর গাজীপুরে বিতর্ক কর্মশালার আয়োজন করা হয়। ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় গাজীপুর, কালিয়াকৈর ও ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বন্ধুসভার ৫৭ জন সদস্য অংশ নেন। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে এ কর্মশালা। বিতর্কের ওপর প্রশিক্ষণ দেন বিতার্কিক উত্তম রয়। বিতর্ক কর্মশালার শেষে শুরু হয় সাংগঠনিক বৈঠক। বৈঠকে বন্ধুসভার নানা বিষয়ে আলোচনা করেন ঢাকা মহানগর বন্ধুসভার হোসাইন সোহাগ।
রাজিব সরকার


লালমনিরহাট: ২১ নভেম্বর লালমনিরহাটে এক বিতর্ক কর্মশালার আয়োজন করা হয়। লালমনিরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজন করা হয় এ কর্মশালার। বিতর্ক কর্মশালাটি পরিচালনা করেন জাতীয় পরিচালনা পর্ষদের সদস্য কৌশিক সুর। বিতর্ক কর্মশালায় লালমনিরহাট প্রথম আলো বন্ধুসভার কার্যকরী কমিটির সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ৬৪ জন অংশগ্রহণ করেন। ‘মেধা নয়, পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি’ শিরোনামে একটি উপস্থিত বিতর্কের আয়োজন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংগঠনিক বৈঠক। বন্ধুসভার সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন ঢাকা মহানগর বন্ধুসভার অনিমেষ বৈদ্য।
বৈঠক শেষে বন্ধুসভার উপ-অনুষ্ঠান সম্পাদক শরিফা খাতুন ও পরিবেশ সম্পাদক রেহেনা খাতুন দুটি সংগীত পরিবেশন করেন।
আসাদুজ্জামান খন্দকার


দিনাজপুর: বন্ধুসভা ২০ নভেম্বর এক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতার বিষয় ছিল ‘প্রযুক্তিনির্ভর অপরাধের মোকাবিলায় সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করা যুক্তিযুক্ত’।
টসে জিতে সরকারি দলের পক্ষে লড়েন মেহেনাজ মুন্নি (দলনেতা), জাকিয়া সুলতানা ও অলিভা রাণী শীল। বেসরকারি দলের পক্ষে ছিলেন মো. নাজমুল হোসাইন (দলনেতা), অর্জুন রায় ও হোসেন মো. সালেহীন। সেরা হয়েছে সরকারি দল। সেরা বক্তা নির্বাচিত হন সরকারি দলের মেহেনাজ মুন্নি। বিতর্ক প্রতিযোগিতা পরিচালনা করেন বন্ধুসভার সভাপতি মো. মুস্তাফিজুর রহমান ও সহ-সভাপতি মোহাম্মদ আলী।
মোহাম্মদ আলী খন্দকার