চার তরুণের স্মরণ

সিসি ক্যামেরার (ক্লোজ সার্কিট ক্যামেরা) কাজকে আরও সহজ করা দরকার। কিন্তু কীভাবে? প্রশ্নটা প্রমিত অনন্য চক্রবর্তীর মাথায় গেঁথে যায় সেই পয়লা বৈশাখের দিনেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে ঘটে যাওয়া সেই ন্যক্কারজনক ঘটনার পর তাঁর কেবলই মনে হয়েছে, এতগুলো সিসি ক্যামেরা থেকে তাহলে লাভ কী হলো? অপরাধীদের যদি শনাক্তই না করা গেল? ডেন্টাল কলেজের শিক্ষার্থী প্রমিত বিষয়টি নিয়ে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তাঁর আরও তিন বন্ধুর সঙ্গে। প্রমিতের প্রশ্ন সংক্রমিত হয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মিম আরাফাত ও শাহরীন সেলিম এবং অর্থনীতি বিভাগের অভিন্ন ফারুকের মনে। তাঁরাও ভাবতে বসেন বিষয়টি নিয়ে। তারপর?
তার পরের গল্প শুনতেই আমরা পয়লা সেপ্টেম্বর মুখোমুখি হয়েছিলাম এই চার বন্ধুর। টিএসসির সবুজ ঘাসে পা ছড়িয়ে বসে শোনা হলো সেই গল্প। এই চার বন্ধু মিলে ‘স্মরণ’ নামে একটি সফটওয়্যার তৈরি করেছেন, যে সফটওয়্যারটি সিসি ক্যামেরার কাজকে আরও সহজ করে দিয়েছে।
প্রমিতই শুরু করেন, ‘সফটওয়্যারটি সিসি ক্যামেরার সঙ্গে যুক্ত থাকবে। এর প্রথম বিশেষত্ব হচ্ছে, এটি মানুষের মুখ শনাক্ত করতে পারে। আর দ্বিতীয় বিশেষত্ব হচ্ছে, সফটওয়্যারটি প্রতি সেকেন্ডে দুটি করে ছবি তুলে ডেটাবেইসে সংরক্ষণ করে রাখে।’
এই দুটি বিশেষত্বের ফলে কী সুবিধা পাওয়া যাবে, সেটি ব্যাখ্যা করেন মিম আরাফাত। তিনি বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজ থেকে মানুষের মুখ শনাক্ত করার প্রধান সমস্যা হচ্ছে ছবিগুলো যখন জুম করা হয়, তখন সেগুলো ফেটে যায়, ফলে চেহারা অস্পষ্ট হয়ে যায়। কিন্তু এই সফটওয়্যার যেহেতু প্রতি সেকেন্ডে দুটি করে ছবি তুলে রাখবে সেহেতু ছবিগুলো হবে স্পষ্ট। ফলে সহজেই আপনি কাঙ্ক্ষিত মানুষকে শনাক্ত করতে পারবেন।’
‘এর আরেকটি সুবিধা হলো’ কথা শুরু করেন শাহরীন সেলিম, ‘এটি আপনার সময় বাঁচাবে। ধরা যাক, কোনো একটি সিসি ক্যামেরায় ২০ ঘণ্টার ফুটেজ আছে। এই ২০ ঘণ্টার মধ্যে কোন সময়টুকু আপনি দেখতে চান, সেটি নির্বাচন করে দিলেই সেই সময়ের স্ন্যাপগুলো দেখা যাবে। ফলে আপনাকে পুরো ২০ ঘণ্টার ফুটেজ দেখতে হবে না।’
সেলিমের কথা শেষ হতেই শুরু করেন ফারুক, ‘সুবিধা আছে আরও। এটি পুরুষ ওনারীর চেহারা আলাদা করতে পারে। ফলে নারী হোস্টেলগুলোর সিসি ক্যামেরায় এই সফটওয়্যার ব্যবহার করা যাবে। এ ছাড়া বিভিন্ন কলকারখানা ও অফিসের সিসি ক্যামেরায় ব্যবহার করা যাবে।’
দীর্ঘ সময় নিশ্চুপ ছিলেন প্রমিত। তিনি আবার বলতে শুরু করেন, ‘এই সফটওয়্যারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এটি লোকবল কমাবে। ধরা যাক, কোনো এক জনসমাবেশে ১০০টি সিসি ক্যামেরা আছে। এগুলো মনিটর করার জন্য নিশ্চয় ১০০ জন মানুষ প্রয়োজন। কিন্তু এই সফটওয়্যার থাকলে এই বিপুলসংখ্যক লোকবলের প্রয়োজন হবে না। এটি স্বয়ংক্রিয়ভাবে স্ন্যাপ তুলে ডেটাবেইসে সংরক্ষণ করবে।’
আমরা এতক্ষণ মুগ্ধ হয়ে শুনছিলাম এই চার বন্ধুর কথা। স্মরণ আবিষ্কার করে সত্যিই এক অবিস্মরণীয় কাজ করেছেন এই চার মেধাবী। ইতিমধ্যে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান তাঁদের এই ব্যতিক্রমী আইডিয়ার প্রশংসা করেছে। অনেকে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে তাঁদের এই সফটওয়্যার নিয়ে। প্রশংসা করেছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেস্ট ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন কল্পকৌশল। প্রমিত বলেন, ‘গত জুলাই মাসে বাংলাদেশে এসেছিলেন কল্পকৌশলের শিক্ষার্থীরা। তাঁরা ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) ক্যাম্পাসে একটি কর্মশালার আয়োজন করেছিলেন। সেই কর্মশালায় আমরা স্মরণ প্রজেক্ট উপস্থাপন করেছিলাম। তাঁরা বলেছেন, এটি একটি মিলিয়ন ডলার আইডিয়া।’