চার তারকাপ্রাপ্ত প্রথম মার্কিন নারী অ্যাডমিরাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিশেল হাওয়ার্ড
মিশেল হাওয়ার্ড

যুক্তরাষ্ট্রের প্রথম চার তারকাপ্রাপ্ত নারী অ্যাডমিরাল হলেন মিশেল হাওয়ার্ড। সম্প্রতি এ চার তারকা আনুষ্ঠানিকভাবে দেওয়া হয় মিশেলকে। নেভাল অপারেশনের ৩৮তম ভাইস চেয়ার মিশেলের পুরো নাম মিশেল জ্যানিনি হাওয়ার্ড। যুক্তরাষ্ট্র নৌবাহিনীর সর্বোচ্চ পদ অ্যাডমিরালের পরের দায়িত্বে থাকা মিশেল এর আগে প্রথম নারী আফ্রিকান-আমেরিকান হিসেবে তিন তারকা পেয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ইউএসএস রুশমোর রণতরীর প্রথম নারী কমান্ডার হিসেবেও কাজ করেছেন।
১৯৮২ সালে যুক্তরাষ্ট্র নৌবাহিনীতে যোগ দেওয়া মিশেলের বাবা নিক হাওয়ার্ড ছিলেন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর মাস্টার সার্জেন্ট। তাঁর মায়ের নাম ফিলিপা। ১৯৭৮ সালে গ্যাটওয়ে হাইস্কুল এবং পরবর্তী সময়ে ইউএস নেভাল অ্যাকাডেমি থেকে স্নাতক সম্পন্ন করেন তিনি। এ ছাড়া যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর কমান্ড অ্যান্ড জেনারেল স্টাফ কলেজ থেকে মিলিটারি আর্টস অ্যান্ড সায়েন্সেস বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন মিশেল।
যুক্তরাষ্ট্র নৌবাহিনীর হয়ে অনেকগুলো বড় কার্যক্রমের নেতৃত্বে থাকা মিশেল কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন একাধিক পুরস্কার। এর মধ্যে রয়েছে নেভি ডিস্টিংগুইসড সার্ভিস পদক, ডিফেন্স সুপিরিয়র সার্ভিস পদক, লিজিয়ন অব মেরিট, মেরিটোরিয়াস সার্ভিস পদক, নেভি কমানডেশন পদক, নেভি অ্যাচিভমেন্ট পদক ইত্যাদি।
ব্যক্তিগত জীবনে মার্কিন মেরিনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ওয়েন কাউলেসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিশেল। পারিবারিকভাবেই সশস্ত্রÊবাহিনীতে কাজ করতে আগ্রহী হন মিশেল। নিজের সেরা কাজটা সব সময়ই করে যেতে চান তিনি।
গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরী
তথ্যসূত্র: ইউএস নেভি, উইকিপিডিয়া, ফোর্বস