চার দলকে কুপোকাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কটা দেশ ছোট শিশুদের ক্রয়-বিক্রয়ের একটি বাড়ি হিসেবে পরিচিত হবে? বিষয়টি খুবই অমানবিক হলেও তৃতীয় বিশ্বের অনুন্নত দরিদ্র দেশগুলো, যারা তাদের নিজের সন্তানদের ঠিকমতো লালন-পালন করতে পারে না, তারা তাদের সন্তানদের উন্নত বিশ্বের কাছে বিক্রি করলে বিনিময়ে কিছু টাকা পাবে। সেই সঙ্গে এসব শিশুও উন্নত সেবা এবং সুযোগ-সুবিধা পাবে—এ ধরনের যুক্তি উঠে আসে অস্ট্রেলেশিয়ান আন্তবিশ্ববিদ্যালয় ডিবেটিং চ্যাম্পিয়নশিপে।‘অস্ট্রালস’ নামে পরিচিত এ প্রতিযোগিতায় সুশাসন, পরিবেশ, অপরাধ ও শান্তি, ধর্ম অধ্যয়ন, খেলাধুলা, প্রযুক্তি, ব্যবসা প্রভৃতি বিষয় নিয়ে বিতর্ক অনুষ্ঠিত হয় বিশ্বের আগামী দিনের নেতাদের মধ্যে। গত ৬-১৩ জুলাই কোরিয়ায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, জাপান, ভারত, চীন, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, বাংলাদেশসহ ১৫টি দেশের ১১৪টি দল অংশ নেয়।বাংলাদেশ থেকে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের রেফায়া রাশমিন ও আভিয়া নাহরিন এবং মার্কেটিং বিভাগের রায়হা নাওয়াল।এ প্রতিযোগিতায় বাংলাদেশসহ সাতটি দেশ চারটি পর্বে জয়লাভ করে। শীর্ষস্থানীয় দলটি পাঁচটিতে জয়লাভ করে পরবর্তী রাউন্ডে ওঠে। আর বাকি সাতটি দলে সবার পয়েন্ট সমান হওয়ায় গড় পয়েন্টের ভিত্তিতে নির্ধারিত হয় বিজয়ীদের স্থান। রেফায়া জানান, ‘অল্পের জন্য হাতছাড়া হয় পরবর্তী রাউন্ডে ওঠার সুযোগ। তার পরও এটা অবশ্যই আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমরা বড় চারটি দলকে হারিয়েছি। ভবিষ্যতে আমাদের লড়তে হবে আরও ভালো করার জন্য।’চিন্তাটা প্রথমে মাথায় আসে রেফায়ার। এ বছরের জানুয়ারিতে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেফায়া আবেদন করেন। মার্কেটিং বিভাগের রায়হা নাওয়াল ও অর্থনীতি বিভাগের আভিয়া নাহরিনকে নিয়ে দল গড়া হয়।নতুন যাঁরা এ প্রতিযোগিতায় অংশ নিতে চান, তাঁদের জন্য রেফায়া জানান, এ বিতর্ক প্রতি বছর অনুষ্ঠিত হয়। জানুয়ারির দিকে রেজিস্ট্রেশন করতে হয় এবং যাতায়াতের খরচ নিজেই বহন করতে হয়। সেজন্য স্পনসরের বিকল্প নেই। জনতা ব্যাংক ছিল আমাদের মূল স্পনসর। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারকাতের কাছে কৃতজ্ঞ।কোরিয়া সফরের অভিজ্ঞতা জানতে চাইলে তিনজনই কোরিয়ার সামাজিক নিরাপত্তার বিষয় নিয়ে সন্তোষ প্রকাশ করেন। রায়হা জানালেন, কোরিয়ার মানুষ খুবই অতিথিপরায়ণ।আভিয়া সবচেয়ে অবাক হয়েছেন উন্নত প্রযুক্তির ব্যবহার দেখে। শহরজুড়েই ওয়াইফাই সিস্টেম। আর তিনজনই যে বিষয়টি বেশি উপভোগ করেছেন তা হলো, কোরিয়ার খাবার। তাঁদের কাছে সবচেয়ে মজার খাবার ছিল অক্টোপাস ফ্রাই। কোরিয়ানরা তাদের পূর্বসূরিদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ এবং শ্রদ্ধাশীল। কারণ, এই পূর্বসূরিদের জন্য গোটা দেশই অনেক বেশি পরিপাটি হয়েছে এবং প্রায় সব দিক থেকেই পরিপূর্ণ।পরবর্তী পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে রায়হা বলেন, কোরিয়ানদের মানবিক গুণাবলি থেকে যে শিক্ষা পেয়েছেন, তা জীবনের প্রতিটি ক্ষেত্রেই পালন করতে চান। পাশাপাশি বিতর্কের ক্ষেত্রেও যে নতুন বিষয়গুলো জেনেছেন, তা সবার মধ্যে ছড়িয়ে দিতে চান। আভিয়ার মতে, ‘বিতর্কের কোনো ভালো পরিবেশ ও ব্যবস্থা আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় নেই।’ একে উন্নত করাটা জরুরি বলে মনে করেন আভিয়া।রেফায়ার মতে, বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে একজন শিক্ষার্থী তাঁর জ্ঞানের পরিধি কতটা বিস্তৃত করতে পারেন, বিষয়টি সম্পর্কে অনেকেরই কোনো ধারণা নেই। তাই শিক্ষার্থীদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করাটাও একান্ত জরুরি। এ জন্য তুখোড় কয়েকজন বিতার্কিককে আমন্ত্রণ জানানোর একটা পরিকল্পনা করছেন আমাদের এই তিন বিতার্কিক।