চার দশক পর আবার একসঙ্গে সবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ রিকশাওয়ালা, কেউ কৃষক। আছেন মুক্তিযোদ্ধা-শিক্ষকও। অনেকে জন্মভিটা থেকে উদ্বাস্তু হয়েছেন। নদীভাঙনের শিকার হয়ে চলে গেছেন অন্যত্র। আবার সবাই মিললেন একসঙ্গে।

গত শুক্রবার কক্সবাজারের চকরিয়া উপজেলার রামপুর সমবায় কৃষি উপনিবেশ সমিতির ৪৮ বছর পূর্তি ও সাধারণ সভা উপলক্ষে মিলিত হন সমিতির ৯৮৯ জন সদস্য। তাঁরা আসেন চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা, পটিয়া, কক্সবাজারের কুতুবদিয়া, পেকুয়া, মহেশখালী ও চকরিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে।

১৯৬৯ সালের জানুয়ারিতে সমিতি গঠন করার পর দুই বছর সাধারণ সভা হলেও নানা জটিলতায় এরপর সমিতির কার্যক্রম অনেকটা বন্ধ হয় যায়। সমিতির সদস্যরাও বিচ্ছিন্ন হয়ে পড়েন। এখন আবার সমিতির কার্যক্রম শুরু হয়েছে।

দীর্ঘ সময় পর প্রতিবেশীকে কাছে পেয়ে একে অপরকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন অনেকে। খোঁজখবর নেন পরিবারের। প্রবীণ সদস্য আহমদ মিয়া আরেক সদস্য হারুন সিকদারকে জড়িয়ে ধরে বলেন, ‘এত বছর কোথায় ছিলি? তোরা বেঁচে আছিস? আমি তো জেনেছিলাম ৯১ সালের ঘূর্ণিঝড়ে তোদের কেউ বেঁচে নেই!’ ঘূর্ণিঝড়ের পর হারুন সিকদার জন্মভিটা ছেড়ে চলে যান বাঁশখালীতে।

সমিতির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এরশাদ সরকারের সময় ভিন্ন জেলার মানুষকে রামপুর চিংড়িঘের ইজারা দেওয়া হয়। ওই সময় সমিতির অনেক সদস্য উচ্ছেদ হয়ে যান। বিভিন্নজনকে মামলায় জড়িয়ে দেওয়া হয়। আবার ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে অনেকে মারা গেছেন, নিখোঁজ হয়েছেন। কেউ কেউ জন্মভিটা থেকে উচ্ছেদ হয়ে বিভিন্ন উপজেলা-জেলায় চলে গেছেন। তাঁদের একত্র করে আমরা সমিতি পুনরুজ্জীবিত করেছি। যাঁরা মারা গেছেন, তাঁদের ওয়ারিশদের অন্তর্ভুক্ত করেছি।’

গত শুক্রবার সকালে চকরিয়ার একটি কমিউনিটি সেন্টারে সমিতির ৪৮ বছর পূর্তি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আবু জাফরের সভাপতিত্বে ও সদস্য হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম।

বিশেষ অতিথির ছিলেন কক্সবাজার জেলা পরিষদের সদস্য জাহেদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা এম এ মান্নান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন। বক্তব্য দেন বদিউল আলম, মোহাম্মদ শাহজাহান, মিনা আকতার, জয়নাল উদ্দিন, সাইফুল ইসলাম, সালাহউদ্দিন, প্রদীপ কুমার শীল, মোহাম্মদ ইয়াছিন, বাবুল সিকদার, সিফা আকতার, লিপিকা শীল প্রমুখ।

পরে সমিতির সাধারণ সভায় বিগত বছরের হিসাব নিরীক্ষা প্রতিবেদন অনুমোদিত হয় এবং আগামী অর্থবছরের বাজেট পেশ করা হয়। মধ্যাহ্ন ভোজের পর ছিল সাংস্কৃতিক আয়োজন। এতে গান করেন স্থানীয় শিল্পীরা।