‘এক সের পাবি, দেড় সের খাবি, ঘরত নিবি কি’, ‘মাঝি ত্রিবেণীর ঘাটের জোয়ার ধইরে যেও,’ ‘ও শাম রেঙ্গুম ন যাইও’সহ অসংখ্য জনপ্রিয় মাইজভান্ডারি ও আঞ্চলিক গানের গায়িকা কল্পনা লালা। ১৯৭২ সাল থেকেই পেশাদার শিল্পী হিসেবে গান করছেন।বিক্রমপুরের মেয়ে কল্পনা বাবার চাকরির সূত্রে শৈশবেই চট্টগ্রামে আসেন। মা-বাবা দুজনই গান গাইতেন। কল্পনা তখন তৃতীয় শ্রেণীর ছাত্রী। একদিন বাবা সবাইকে চমকে দিয়ে ঘরে নিয়ে এলেন একটি হারমোনিয়াম। মূলত তখন থেকেই গানের সঙ্গে তাঁর সখ্য। শুরুতে নির্মল মিত্রের কাছে গান শিখেছেন। তাঁর কাছে গান শিখতে শিখতেই বেতারের কিছু অনুষ্ঠানে অংশ নিতে শুরু করেন। ষাটের দশকে রবীন্দ্রসংগীত নিষিদ্ধ করার প্রতিবাদে প্রগতিশীল সাংস্কৃতিক কর্মীরা প্রতিবাদের ঝড় তুলেছিলেন। তখন চট্টগ্রামে নিয়মিত রবীন্দ্রসংগীতের আসর জমত। সে সময় মুসলিম হলে আয়োজিত একটি বড় অনুষ্ঠানে তিনি প্রথম গান করেছিলেন। মঞ্চে গান গাওয়া সেই শুরু।স্বাধীনতার পর এনায়েতবাজার মহিলা কলেজে পড়ার সময় এক অনুষ্ঠানে একটা স্ক্রিপ্ট পড়েছিলেন। সেটা দেখে বেতারের প্রযোজক ফজলে হোসেন তাঁকে নিয়ে গেলেন বেতারে নাটকের জন্য। চুয়াত্তরে বেতারে তালিকাভুক্ত গানের শিল্পী হন। আর এদিকে বিভিন্ন সংগঠনের গীতি নৃত্যনাট্যগুলোতেও গান করেছেন। এর মধ্যে বিয়েটাও হয়ে যায় স্বপন লালার সঙ্গে। স্বামীর অনুপ্রেরণায় বেতারে নিয়মিত আধুনিক ও নজরুলসংগীত করছেন। ছিয়াত্তরে চট্টগ্রাম বেতার আয়োজিত সংগীত সম্মেলনে তিনি ওয়েস্টার্ন বিটে প্রথম মরমি গান ও মাইজভান্ডারি গান করেছিলেন।নজরুলসংগীত ও আধুনিক গানের শিল্পী কল্পনা লালার এটি ছিল একটি বড় টার্নিং পয়েন্ট। বেতারের সম্মেলনে যেদিন মাইজভান্ডারি গান গেয়ে শ্রোতাদের বিমোহিত করেছিলেন, সেদিন নিজেই ভাবতে পারেননি সারা দেশে তিনি একদিন এই লোকগানের শিল্পী হিসেবে খ্যাতি পাবেন।এরপর কল্পনা লালার শিল্পীজীবনের কাহিনি শুধু বিকাশের। একের পর এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাচ্ছেন। আর দর্শক-শ্রোতাদের মাতিয়ে গান গাইছেন। এ রকম একটি দিনের কথা স্মরণ করে তিনি বললেন, ‘একবার ঢাকায় শিল্পকলা একাডেমীর অনুষ্ঠানে আমি গান করছিলাম। তো, সেদিন দর্শকেরা কিছুতেই আমাকে নামতে দেবে না মঞ্চ থেকে। কিন্তু সব শিল্পীর জন্যই সময় বাঁধা ছিল। তখন মমতাজ উদদীন আহমেদ আমার মাথায় হাত দিয়ে বললেন, “তুই অনেক ভালো গেয়েছিস আর দুটা গান গেয়ে দে।” স্যারের সেই আবেগভরা কথাগুলো আমার এখনো মনে আছে।’ দীর্ঘ শিল্পীজীবনে এ রকম বহু টুকরো স্মৃতি রয়েছে তাঁর। সে রকম আরেকটি মজার স্মৃতির কথা বললেন, ‘কলকাতা মহাজাদি সদনে এক অনুষ্ঠানে গান করতে গিয়েছিলাম। তাতে হেমন্ত মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, বনশ্রী সেনগুপ্তও গান গেয়েছিলেন। অনুষ্ঠানস্থলে পৌঁছার পর আমাকে দেখে হেমন্ত মুখোপাধ্যায় বললেন, ‘‘বাংলাদেশ থেকে একটা মেয়ে আসার কথা, তুই কি সেই মেয়ে?’’ সেই সময় একজন লোক চেয়ার ছেড়ে দেন, আমি সেখানে বসলাম। পরে খেয়াল করলাম, যিনি জায়গাটা ছেড়ে দিয়েছেন, তিনি মন্ত্রী সুভাষ চক্রবর্তী।’ অনুষ্ঠান শেষে হেমন্ত মুখোপাধ্যায় তাঁর গানের প্রশংসা করলেন।কল্পনা লালা প্রায় হাজারের ওপরে আঞ্চলিক, মাইজভান্ডারি ও আধুনিক গান করেছেন। গানের অডিও ক্যাসেটও বের হয়েছে অনেক। ছায়াছবির গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। চার দশকের গানের জীবনে অভিজ্ঞতা আর প্রাপ্তির পাশাপাশি অপ্রাপ্তি, অভিযোগও আছে তাঁর। তিনি বলেন, ‘আঞ্চলিক গানে যখন থেকে রুচির বিকার ঘটেছে, অশ্লীল শব্দের অনুপ্রবেশ ঘটেছে তখন থেকেই গান গাওয়া কমিয়ে দিয়েছি।’কথায় কথায় আঞ্চলিক গানের পৃষ্ঠপোষকতার অভাবের কথাও বললেন। বেতারে শিল্পীসম্মানীটাও সম্মানজনক নয় বলে উল্লেখ করলেন। তবে এসব ছোটখাটো অভিযোগ তাঁর শিল্পীজীবনে কোনো বাধা নয়। তিনি মনে করেন শিল্পীর মূল কাজ নিরন্তর সাধনা এবং জীবনের শেষ দিন পর্যন্ত তা-ই করে যেতে চান।