দিনটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের ৪০ বছর পূর্তি উৎসব। কেবল রসায়নের সূত্র মনে রাখাই নয়, পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও তাঁরা যে অনন্য, তারই প্রমাণ পাওয়া গেল মঞ্চজুড়ে। ফাহাদ ও নূপুরের উপস্থাপনায় শুরুতেই চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা ১৯৫২ থেকে ১৯৭১ সাল পর্যন্ত দেশের ইতিহাস তুলে ধরেন। এরপর চলে তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের নৃত্য; কৌশিক, পপি, অমিত আর আতাহারের হাস্যরসাত্মক বাংলা সিনেমা। মিনা কার্টুন, সিন্দাবাদ, নবাব সিরাজউদ্দৌলা আর বাকের ভাই মূর্ত হয়ে ওঠেন অভিনয়ের জাদুতে। সাজিয়া ও অমিত করেন মিউজিক্যাল ড্রামা; মোহসিন তানজিনা ফিউশন নাচ; লিসা লুনার ধ্রুপদি নাচ; শিক্ষক হামিদুল কবিরের মামুনিয়া গান ও এ রকম আরও কিছু চমৎকার পরিবেশনা। সন্ধ্যায় ফানুস আর আতশবাজির আলোয় ক্যাম্পাস আলোকিত হয়ে ওঠে। সবশেষে ছিল ডিজে শো।১৯৭২ সাল থেকে যাত্রা শুরু করা ‘ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল’ বিভাগটি ২০১২ সালের ২৯ ডিসেম্বর পূর্ণ করল ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই বিভাগের শিক্ষার্থীরা গবেষণা ও ইন্ডাস্ট্রিতেই কেবল নন; অন্যান্য পেশার ক্ষেত্রেও সফলতার স্বাক্ষর রেখেছেন। তাঁদেরই মিলনমেলা বসেছিল বিভাগের সম্মুখে এবং তারপর ছাত্র-শিক্ষককেন্দ্র মিলনায়তনে। নবীন ও প্রাক্তন—সব মিলিয়ে প্রায় ৮৫০ জনের এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় সকাল নয়টায়। ক্যাপ, বর্ণিল বেলুনে সজ্জিত টমটম গাড়ি আর ব্যান্ডের তালে তালে শোভাযাত্রা বিভাগ থেকে বের হয়ে ছাত্র-শিক্ষককেন্দ্রে আসে।অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। উড়ানো হয় পায়রা ও বেলুন। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক দেশীয় শিল্পের বিকাশে এ বিভাগের অগ্রণী ভূমিকা তুলে ধরেন। অনুষ্ঠানের আহ্বায়ক নুরুল আমিনের তত্ত্বাবধানে মাস খানেক ধরে চলে অনুষ্ঠানের প্রস্তুতিপর্ব। বিভাগের চেয়ারপারসন সারওয়ার উদ্দিন ফলিত রসায়নের প্রয়োজনীয়তা উল্লেখ করে বিভাগের উন্নয়ন ও গবেষণা খাতে আরও বিনিয়োগের প্রত্যাশা ব্যক্ত করেন।স্মৃতিচারণাপর্বে ইসমাইল হোসেন সিরাজি, প্রকাশ চন্দ্র সাহা, বিশ্বাস করবী ফারহানাসহ অনেকেই তাঁদের হারানো দিনের কথা মনে করে স্মৃতির পাতায় যেন হারিয়ে যান। দুপুরের খাবারের পর শুরু হয় মূল আকর্ষণ—সাংস্কৃতিক অনুষ্ঠান। এই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোস্তফা জোবায়ের বলেন, ‘অনুষ্ঠানটি শেষ হওয়ার পর থেকে অনেক খারাপ লাগছে। গত ১০ দিন কতই না মজা করলাম! সকাল থেকে রাত পর্যন্ত রিহার্সেল করা, আড্ডা, মজা করা আরও কত কী! আবার এ রকম কোনো অনুষ্ঠান জীবনে পাব কি না, কে জানে!’ কথা হয় শিক্ষার্থী প্রজ্ঞাতেজ চাকমা, রিশাত কৌশিক, শারমিন সাদিয়া, সাররিনা সুলতানা, ফাতেমা অনামিকা প্রমুখের সঙ্গে। ভবিষ্যতে আবারও সবাই এক হবেন, এই প্রত্যাশায় শেষ হয় চমৎকার এই দিনটির।