চার দিন ধরে নিখোঁজ কক্সবাজারের কাউসার
কক্সবাজার সদর উপজেলার পিএম খালী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মো. কাউসার মিয়া (১৪) চার দিন ধরে নিখোঁজ রয়েছে। সে শহরের ঝাউতলা গাড়ির মাঠ দুই নম্বর গলি এলাকার সাহেব মিয়ার ছেলে। ৪ এপ্রিল বিকেল তিনটায় কাউসার জরুরি কাজে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার সঙ্গে থাকা মুঠোফোনে সংযোগ পাওয়া গেলেও কেউ ধরছে না। পরিবারের সদস্যদের সন্দেহ, মুক্তিপণ আদায়ের জন্য কাউসারকে কেউ অপহরণ করেছে। এ নিয়ে আশঙ্কায় উদ্বেগে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। এ ব্যাপারে ৫ এপ্রিল কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর-২০৪, তারিখ ০৫-০৪-২০১১) লিপিবদ্ধ করা হয়েছে। কাউসারের বাবা সাহেব মিয়া জানান, কাউসারের শারীরিক গঠন হালকা-পাতলা, উচ্চতা প্রায় পাঁচ ফুট, মুখমণ্ডল লম্বাটে, গায়ের রং শ্যামলা, পরনে ছিল কালো গেঞ্জি ও প্যান্ট। সে চট্টগ্রামের আঞ্চলিক ও সাধু ভাষায় কথা বলে। পরিবারের সদস্যরা জানান, তিন বোন এক ভাইয়ের মধ্যে কাউসার দ্বিতীয়। বিজ্ঞান বিভাগ থেকে আগামী বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।কাউসার রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর ঘনঘন অজ্ঞান হয়ে পড়ছেন তার মা। কাউসারের খোঁজ পেলে, হাজি ম্যানশন, গাড়ির মাঠ (দুই নম্বর গলি), ঝাউতলা, কক্সবাজারে অথবা মুঠোফোনে (০১৮১৯ ৫২৩৪৯৫, ০১৭১২ ৬৯৭০০০) জানানোর জন্য অনুরোধ করেছে তার পরিবার। সহূদয় সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে জানিয়েছে কাউসারের পরিবার।