খাগড়াছড়িতে বৈসাবি (ত্রিপুরা-বৈসুক, মারমা-সাংগ্রাই, চাকমা-বিজু) উৎসবের অনুষ্ঠানমালা শুরু হয়েছে গত মঙ্গলবার। সর্বজনীন বৈসাবি উদ্যাপন কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানমালা উদ্বোধন করেন প্রবীণ শিক্ষাবিদ অনন্ত বিহারী খীসা।চার দিন ধরে চলবে এই আয়োজন। বৈসাবি উদ্যাপন কমিটির সদস্য সচিব দীপায়ন চাকমা জানান, উৎসব উপলক্ষে এবার ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা ও নদীতে ফুল ভাসানোর কর্মসূচি নেওয়া হয়েছে।এদিকে, গত সোমবার বৈসাবি উদ্যাপন কমিটির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে বৈসাবি উৎসব উপলক্ষে পার্বত্য জেলাগুলোতে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করার দাবি জানানো হয়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট উৎসব উপলক্ষে দুই দিনের কর্মসূচি গ্রহণ করেছে। ইনস্টিটিউটের গবেষণা কর্মকর্তা জীতেন চাকমা জানান, কর্মসূচির মধ্যে রয়েছে বেইন বুনন প্রতিযোগিতা, পাঁচন রান্না প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বাংলাদেশ মারমা উন্নয়ন সংসদ সদর উপজেলা শাখা প্রতিবছরের মতো এবারেও সাংগ্রাই উৎসব উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে। সাংগ্রাই উদ্যাপন কমিটির সদস্য মংনু মারমা জানান, সাংগ্রাই উপলক্ষে শোভাযাত্রা, ঐতিহ্যবাহী পানিখেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এদিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ বৈসাবি উৎসব উপলক্ষে ১২ এপ্রিল শোভাযাত্রার আয়োজন করেছে। কর্মসূচি হাতে নিয়েছে। এ ছাড়া জেলার বিভিন্ন অঞ্চলে গ্রামভিত্তিক ক্লাব-সংগঠন ঐতিহ্যবাহী খেলাধুলার পাশাপাশি জনপ্রিয় খেলা ক্রিকেট, ফুটবল, ভলিবল, দাবা ইত্যাদির আয়োজন করেছে। এদিকে, দীঘিনালা উপজেলায়ও পালিত হবে বৈসাবি উৎসব। উৎসব উপলক্ষে গ্রামীণ খেলাধুলা, বিজু নাচ ও গরাইয়া নাচের আয়োজন করা হবে আদিবাসীপাড়াগুলোতে।