চার দেয়ালের ঈদ

ঈদে সবচেয়ে বেশি আনন্দ করে শিশুরাই। তারা নতুন জামা পরে। টুকটুকে রঙিন জুতো পরে। মা-বাবার হাত ধরে বেড়াতে যায়। দাদা-দাদি, নানা-নানি, বন্ধু, আত্মীয় ঘিরে রাখে তাদের। কিন্তু ঢাকার শিশুদের জন্য এ যেন সবই কেতাবি কথা। যান্ত্রিক জীবন অনেকটাই বদলে দিয়েছে ঢাকার শিশুদের শৈশব। শৈশবের ঈদের আনন্দ।
ঢাকার শিশুদের ঈদ কাটে চার দেয়ালে। সকালবেলা দল বেঁধে তারা পাড়া বেড়াতে যায় না। বাড়ির পাশের গলি বা মাঠে খেলতেও যায় না। প্রতিবেশীর সঙ্গে ভালো করে আলাপই নেই। তাই তাদের বাড়ি যাওয়াও বন্ধ।
বেসরকারি ব্যাংকে চাকরি করেন তৌহিদা জেসমিন। জানালেন, যানজট আর দুর্ভোগের কথা ভেবে তাঁরা একটা ঈদ ঢাকাতেই কাটান। ছয় বছরের স্কুলপড়ুয়া মেয়েকে জামা-জুতো সবই কিনে দেন। ঈদের দিন ছয় বছরের মেয়ে আরমাকে পুতুলের মতো সাজানোও হয়। এরপর ছবি তোলা। ফেসবুকে পোস্ট। সারা দিন বাড়িতেই টিভি দেখে, কম্পিউটার বা মোবাইল গেমস খেলে সময় কাটায় মেয়ে। বিকেলে হয়তো ফাস্ট ফুড বা বড় কোনো রেস্তোরাঁয় মেয়েকে নিয়ে খেতে যাওয়া হয়।
ঈদে কী করো, জানতে চাইলে আরমা বলে, ‘গেমস খেলি আর বাইরে খেতে যাই।’
চিকিৎসক নাসিমা আক্তার জানালেন, তিনি ঢাকাতেই ঈদ করেন। তাঁর দুই ছেলে ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র। কর্মস্থলে দায়িত্ব পালনের পর ছেলেদের নিয়ে কাছের দু-একজন আত্মীয়ের বাসায় যান। তবে সেখানে গিয়েও ছেলেরা টিভি দেখে। সমবয়সী কেউ নেই। তাই আত্মীয়দের বাসায় গিয়ে আনন্দ পায় না।
ঈদে কেমন লাগে, জানতে চাইলে নাসিমা আক্তারের ১২ বছরের ছেলে জারিফ জানায়, ‘পড়তে হয় না। এটাই মজার।’
গণমাধ্যমকর্মী আশেকুল ইসলাম জানালেন, তাঁরা স্বামী-স্ত্রী দুজনেই কর্মস্থলে দায়িত্ব পালন করেন ঈদে। বাসার গৃহকর্মীকে অনেক সাধ্যসাধনা করে রাখা হয়। শর্ত থাকে ঈদের পরে ছুটি দেওয়া হবে। ঈদের দিনটা গৃহকর্মীর কাছেই থাকে চার বছরের ছেলে। মাঝেমধ্যে হয়তো মা অথবা বাবার অফিসে ঘুরতে যায়।
ঢাকায় থাকা এসব শিশুর কাছে বদলে গেছে ঈদের সংস্কৃতি। চারপাশের উঁচু ভবনের ফাঁকে ওঠা ঈদের চাঁদ দেখতে তারা ছোটে না। অন্যরা দেখে ফেলবে বলে লুকিয়ে রাখে না ঈদের জামা। তাদের কাছে ঈদ তাই আর দশটা দিনের চেয়ে খুব বেশি অন্য রকম কিছু না।