উপজেলা নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় মহেশখালী এখন সরগরম। মাঠে থাকা চেয়ারম্যান প্রার্থীদের ছাপিয়ে লড়াই শুরু হয়েছে আওয়ামী লীগ ও বিএনপির চার নেতার মধ্যে। তাঁরা হলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, আওয়ামী লীগের বর্তমান সাংসদ আশেকুল্লাহ, জেলা আওয়ামী লীগের সদস্য আনছারুল করিম ও বিএনপির সাবেক সাংসদ আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ। পৃথকভাবে চার প্রার্থীকে সমর্থন দিয়েছেন এই চার নেতা। নিজেদের সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট চাইছেন বিভিন্ন সমাবেশে। ভোটাররা বলছেন, এই নির্বাচন চার নেতার অস্তিত্বের লড়াই।
দলীয় নেতা-কর্মীরা জানান, তফসিল ঘোষণার পর ৫ ফেব্রুয়ারি বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বিএনপির একক প্রার্থী হিসেবে উপজেলার বর্তমান চেয়ারম্যান আবু বক্করের নাম ঘোষণা করেন। পরে দলীয় সিদ্ধান্ত না মেনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল হক বিএনপির একক প্রার্থী হিসেবে মোহাম্মদ হাবিব উল্লাহের নাম ঘোষণা করেন। হাবিব বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহের ভাতিজা। দলীয় সিদ্ধান্ত না মানায় ১৪ ফেব্রুয়ারি আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ও মোহাম্মদ হাবিব উল্লাহকে দল থেকে বহিষ্কার করা হয়। এ নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন মাঠপর্যায়ের বিএনপির নেতা-কর্মীরা।
এদিকে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে আনোয়ার পাশা চৌধুরীকে চূড়ান্ত করে জেলা আওয়ামী লীগ। তাঁর পক্ষে কাজ করছেন সাংসদ আশেকুল্লাহ। কিন্তু সেই সিদ্ধান্ত না মেনে আনছারুল করিম সমর্থন দেন মোহাম্মদ হোছাইন ইব্রাহিমকে। এ নিয়ে আওয়ামী লীগও বিভক্ত হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, চার নেতাই নিজ নিজ প্রার্থীর পক্ষে ভোট চাইছেন। বক্তব্য দিচ্ছেন পথসভায়। বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অন্য তিন নেতাও মাঠ চষে বেড়াচ্ছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৩ জানুয়ারি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এতে ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয় ২৭ ফেব্রুয়ারি। কিন্তু ওই দিন মহেশখালীতে হিন্দু সমপ্রদায়ের আদিনাথ মেলা শুরু হচ্ছে। ফলে নির্বাচনের সময় পেছানোর জন্য আদিনাথ সংস্কার কমিটির সহসভাপতি দীপক পাল উচ্চ আদালতে একটি রিট করলে পুনরায় নির্বাচনে তারিখ নির্ধারণ করার জন্য প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আদালত রুল জারি করেন। পরে দুই দিন পিছিয়ে ১ মার্চ মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হয়। দুই দিন বাড়তি সময় পাওয়ায় প্রার্থীরা তা কাজে লাগাচ্ছেন।
ভোটারদের সঙ্গে আলপে জানা গেছে, স্থানীয় নির্বাচন হলেও এতে জাতীয় নির্বাচনের আমেজ পাচ্ছেন তাঁরা।
মাতারবাড়ি ইউনিয়নের মগডেইল এলাকার বাসিন্দা নুর বক্স বলেন, পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে চার নেতা এখন কোমর বেঁধে মাঠে নেমেছেন। এটা তাঁদের অস্তিত্বের লড়াই।
জানতে চাইলে সাবেক সাংসদ আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ বলেন, ‘বিএনপির বেশির ভাগ নেতা-কর্মী মোহাম্মদ হাবিব উল্লাহর পক্ষে। তাঁকে বিজয়ী করতে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা মাঠে কাজ করছেন। তাই আমিও তাঁর পক্ষে।’
আওয়ামী লীগের সাংসদ আশেকুল্লাহ বলেন, ‘আনোয়ার পাশা চৌধুরী আওয়ামী লীগের দলীয় প্রার্থী। তাঁর পক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।’
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেন, বিএনপির একক প্রার্থী আবু বকর ছিদ্দিক। তাঁকে বিজয়ী করার লক্ষ্যে মাঠে কাজ করার জন্য বিএনপি ও অঙ্গ সংগঠনের সব নেতা-কর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে।