চার পরীক্ষার্থীর জন্য চার শিক্ষক তবু ফেল
চারজন শিক্ষার্থীর জন্য শিক্ষক ছিলেন চারজন। শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত সমান হওয়া সত্ত্বেও এইচএসসি পরীক্ষায় কৃতকার্য হয়নি তারা। আর তারা ফেল করায় গোটা উপজেলায় বিজ্ঞান বিভাগে কেউ পাস না করার রেকর্ডটাও হয়ে গেল।
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়ের এই চিত্রে হতাশ অভিভাবক ও শিক্ষকেরা। উপজেলার একমাত্র কলেজ টেকনাফ ডিগ্রি কলেজ থেকে এবার ১৭০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিলেও পাস করেছেন মাত্র ৮৬ জন। জিপিএ-৫ পাননি কোনো শিক্ষার্থী। তবে অপেক্ষাকৃত ভালো ফল করেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা। ৭৩ জন আলিম পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬৪ জন। এখানেও কেউ জিপিএ-৫ পাননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা নুরুল আবসার জানান, টেকনাফ উপজেলায় এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫১ শতাংশ। তবে আলিমের পাসের হার ৮৭ দশমিক ৬৭ শতাংশ।
কয়েকজন অভিভাবক জানান, পুরো উপজেলার একটি কলেজ ও একটি মাদ্রাসার থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ না পাওয়া দুঃখজনক।
ফল বিপর্যয় প্রসঙ্গে টেকনাফ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ জয়নাল আবেদিন বলেন, কলেজের বিজ্ঞান বিভাগে চারজন শিক্ষক আছেন। আবার মাত্র চারজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করেনি। পরীক্ষার আগ পর্যন্ত হরতাল, অবরোধসহ দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে ঠিকমতো পাঠদান হয়নি। তবে ভবিষ্যতে লেখাপড়ার মান উন্নয়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।