চার পাড় ঘিরেই বস্তি
একসময় বিনোদনপ্রিয় মানুষের অন্যতম আকর্ষণ ছিল আসকার দীঘি। দীঘির চারপাশে চলত আড্ডা। বড় আয়োজনে চলত মাছ শিকারের প্রতিযোগিতা। বর্তমানে দীঘিটি টিকে থাকলেও পড়েছে দূষণ ও দখলের কবলে। এটি এখন কচুরিপানা ও মশার প্রজননকেন্দ্রে পরিণত হয়েছে। ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে পানি। দখলদারেরা অল্প অল্প করে চালিয়ে যাচ্ছে ভরাটপ্রক্রিয়া। দীর্ঘদিন ধরে চার পাড়ে অসংখ্য স্থাপনা গড়ে উঠেছে। দীঘির পাড়ের মালিক দাবিদারও অনেকেই।দীঘির উত্তর, দক্ষিণ ও পশ্চিম পাড়ে রয়েছে দুটি মসজিদ ও একটি মন্দির। দীঘির চার পাড় ঘিরে গড়ে ওঠা স্থাপনার বড় অংশই বস্তি। উত্তর পাড়ে বাইরে থেকে আসবাবপত্রের দোকান দেখা গেলেও এসব দোকানের নিচে (আন্ডারগ্রাউন্ড) কারখানার সঙ্গেই রয়েছে কারখানার শ্রমিকদের বসতঘর। এসব বস্তির ময়লা-আবর্জনা ও বর্জ্য ফেলা হয় দীঘির ভেতর। চার পাড়ে রয়েছে কাঁচা (খোলা) পায়খানা। এসব পায়খানার বর্জ্যও দীঘির পানিকে দূষিত করছে। জানা গেছে, বস্তির বাসিন্দারাই এসব আবর্জনা দীঘিতে ফেলে। তারাই ভোগ করে এর কুফল।দীঘির পানি ব্যবহার করে মূলত নিম্ন-আয়ের মানুষ। দীঘির পূর্ব পাশে নোংরা পানিতে গোসল করছিলেন বস্তির বাসিন্দা রাবেয়া বেগম। এত নোংরা পানিতে গোসল করছেন, অসুখ-বিসুখ হয় না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আল্লাহ বাঁচায়া রাখে।’ রাবেয়া অভাবের তাড়নায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা থেকে শহরে এসেছেন কাজের খোঁজে। বিভিন্ন বিয়েতে রান্নার কাজ করেন তিনি। তাঁর দুই ছেলে কাজ করেন আসবাবপত্রের কারখানায়।পূর্ব পাড়েই রয়েছে দীঘির সমান্তরালে ১৪-১৫টি ঘর। কবুতরের খোপের মতো এসব ঘরের ভাড়া ৫০০ থেকে এক হাজার ২০০ টাকা। এক পাশে রয়েছে একটি নলকূপ। স্থানীয় বাসিন্দারা জানান, অনেক সময় সেটি নষ্ট থাকে। তাই বস্তিবাসীর সব ধরনের কাজ চলে দীঘির পানিতে। শওকত আলী চৌধুরীর জায়গায় গড়ে ওঠা এসব ঘরের ভাড়া নেন দেখভালের দায়িত্বে নিয়োজিত এম কে মির্জা আরিফ।দীঘির পাড়ের বস্তি ঘুরে দেখা যায়, অধিকাংশ লোকজনই এসেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকা থেকে। নগরের অন্য এলাকার তুলনায় এই দীঘির পাড়ের ঘরভাড়া কম হওয়ায় এখানেই আবাস গড়েছেন তাঁরা। নাজমা আকতার, জাহানারা বেগম, ফরিদ মিয়াসহ কয়েকজন জানালেন, তাঁরা প্রয়োজনে নিজ খরচে দীঘির জলীয় অংশ ভরাট করে বাড়তি ঘরও তৈরি করে নিতে পারেন।তাতে মালিক কিছু বলেন না। একেকটি ঘরে বাস করেন আট থেকে ১০ জন। এভাবে চার পাড় দখল ও বস্তিবাসী লোকজনের যথেচ্ছ ব্যবহারে দীঘিটির সার্বিক অবস্থা এখন বিপন্ন। অথচ এই দীঘিকে ঘিরে গড়ে তোলা যেত বিনোদনমূলক ব্যবস্থা। নগরের কর্মব্যস্ত মানুষের জন্য এটিই হতে পারত স্বস্তিতে নিঃশ্বাস ফেলার জায়গা।