চার পোশাক ডিজাইনারের যাত্রা শুরু
চার নবীন ডিজাইনারের আত্মপ্রকাশ ঘটেছে সম্প্রতি। শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারিতে নিজেদের নকশা করা পোশাকের প্রদর্শনী করে সৃজনশীল প্রতিভার প্রমাণ দিল নাইমা নাজনিন, শাউলি নাজনিন, ফাতেমা আক্তার, রাজীব আহমেদ। ১২ ডিসেম্বর তিন দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান ও ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ। নবীনদের পথযাত্রার শুরুতে উৎসাহ দিতে সেদিন উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রওশন আরা, লুৎফা সানজিদা, মোহছেনা কোরাইশী, শিল্পী আহমেদ নেওয়াজের মতো অভিজ্ঞ ফ্যাশন ডিজাইনার ও শিল্পীরা। প্রদর্শনীর শুরুর দিন গ্যালারির ছোট্ট পরিসরে অনাড়ম্বর এক ফ্যাশন শোর আয়োজন করা হয়। প্রথমে গতানুগতিক শাড়ি, ধুতি-পাঞ্জাবি ও ফ্রক পরে আসে মা-বাবা ও একটি মেয়ে নিয়ে ছোট একটি মডেল পরিবার। এরপর বিভিন্ন ট্রেন্ডি পোশাকে র্যা ম্পে আসেন মডেলরা। প্রদর্শন করে যান শাড়ি, ফতুয়া, কুর্তি ও পাঞ্জাবি। আমাদের দৈনন্দিন সাধারণ পোশাকগুলোই নবীন ডিজাইনারের ছোঁয়ায় অন্য রকম হয়ে উঠেছে। কোথাও দেখা যায় বাংলার চিরন্তন রং লাল-সবুজ, শাড়ির আঁচলে উঠে এসেছে দেশের মানচিত্র। ধুতি-পাঞ্জাবিতেও দেখা যায় আধুনিকতার পরশ। বিভিন্ন রঙের সাহসী ব্যবহার, হাতের কাজ সর্বত্রই চোখে পড়ে তরুণদের মার্জিতভাব ও রুচির ছাপ। ফ্যাশন শোর পর সাফিয়া গাজী চারজনের সঙ্গে আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেন।সোমনাথ ঘোষ বলেন, ‘শিক্ষা, শিল্প, সংস্কৃতি অর্থাৎ প্রগতি যেখানে, সেখানেই আমরা। ওরা আগে শিখেছে এখন পেশা হিসেবে নিয়ে ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করেছে। আমরা যদি তাদের পোশাক কিনি অর্থাৎ তাদের পৃষ্ঠপোষকতা করি তবেই তাঁরা এগিয়ে যাওয়ার সুযোগ পাবে।’নবীন ডিজাইনার নাইমা নাজনিন জানান, তাঁদের দলের নাম ফোর ডি গ্রুপ। তাঁর বুটিকসের নাম সপ্তবর্ণা, শাউলি নাজনিনের রোদেসী, ফাতেমা আক্তারের দার্পি, রাজীব আহমেদের রিজরাজ। তাঁরা ‘ভোগ’ থেকে দুই বছরের ফ্যাশন ডিজাইনিংয়ের কোর্স সম্পন্ন করেন। ভবিষ্যতেও দলবদ্ধ হয়ে অনেকে কাজ করতে চান।