চার প্রজাতির নতুন পাখি এসেছে কাট্টলী বিলে

রাঙামাটির কাপ্তাই লেকের লংগদু উপজেলা সদর ইউনিয়নের কাট্টলী বিলে প্রতিবছরের মতো এবারও শীতকালীন দেশগুলো থেকে পরিযায়ী পাখি এসেছে। বাড়ছে পাখির সংখ্যাও। পাখি বিশেষজ্ঞরা বলেন, গত বছর এই বিলে ১০ প্রজাতির পাখি দেখা গেছে। আর এই বছর নতুন আরও চার প্রজাতির পাখি এসেছে।
১৩ জানুয়ারি কাট্টলী বিলে গিয়ে দেখা গেছে, জেলেদের মাছ ধরার নৌকার কাছাকাছি কয়েক হাজার পরিযায়ী ও দেশি পাখি বিলের পানিতে সাঁতরাচ্ছে। হ্রদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঝাঁক বেঁধে উড়ছে পাখিরা। পাখির কলকাকলি ও ডানা ঝাপটানির শব্দে মুখর চারপাশ।
জেলেরা বলেন, শীতের শুরুতেই ঝাঁক বেঁধে বিলে আসা শুরু করে পরিযায়ী পাখিরা। বিলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাখিদের অবাধ বিচরণ। কাট্টলী বিলের জেলে মো. জাকির হোসেন ও মো. নজরুল ইসলাম প্রথমআলোকে বলেন, বিলে কয়েক হাজার জেলে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। প্রতিদিন কয়েক মেট্রিক টন মাছ শিকার করা হয়। মাছ ধরার সময় কিছু মাছ পানিতে পড়ে যায়। সেই মাছ খেতে পাখিরা ভিড় জমায়। এ বছর নতুন নতুন পাখি দেখা যাচ্ছে। এ ছাড়া এখানকার লোকজন শিকার করেন না বলে, পাখিরা নির্ভয়ে এখানে আসছে।
পরিবেশ ও পাখি বিশেষজ্ঞরা জানান, কাট্টলী বলে পরিযায়ী পাখির মধ্যে আছে টিকিহাঁস, বালিহাঁস, গিরিহাঁস, ছোট সরালি, বড় সরালি, চখাচখি, লেঞ্জা হাঁস, গাঙচিল, গাঙ কবুতর, ছোট ডুবুরি, বড় ডুবুরি, ফিশ ইগল, মেটে মাথা টিটি, হটটিটি ইত্যাদি। এ ছাড়া দেশি পাখির মধ্যে আছে পানকৌড়ি, চিল, কানিবক, সাদা বকসহ নানা ধরনের পাখি।
বাঘাইছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি মো. আবুল ফজল প্রথমআলোকে বলেন, পার্বত্য অঞ্চলে পরিবেশকর্মীদের প্রচারণা কারণে সচেতনতা সৃষ্টি হয়েছে। এ জন্য পাখির শিকার অনেক কমে গেছে। পাখিরাও অনেক নিরাপদ বোধ করছে। তাই শীতপ্রধান দেশ থেকে হাজার হাজার পাখি প্রতিবছর কাট্টলী বিলে আসছে।
পাখি বিশেষজ্ঞ রোনাল্ড হালদারপ্রথমআলোকে বলেন, ‘হিমালয় ও সাইবেরিয়া অঞ্চলসহ শীতপ্রধান দেশ থেকে হাজার মাইল পাড়ি দিয়ে বিভিন্ন প্রজাতির পাখি এ দেশে আসে। যেখানে নিরাপত্তা ও খাদ্য পায়, পাখিরা সেখানে যায়। আমাদের দেশে হাওর, বিল নদী-নালায় পরিযায়ী পাখিরা বিচরণ করে। শীত শেষে আবার চলে যায়।’
রোনাল্ড হালদার বলেন, কাট্টলী বিলে ১২ থেকে ১৪ প্রজাতির পরিযায়ী পাখি আসে। গত কয়েক বছর আগে বিলের কয়েকটি জায়গায় পাখি দেখা যেত। এখন বিলের সর্বত্র পাখির দেখা মিলছে। এ বছর চার প্রজাতির নতুন পাখির এসেছে। এর মধ্যে ছোট ডুবুরি পাখি বিরল প্রজাতির। এ ছাড়া সংখ্যায় কম হলেও লেঞ্জ হাঁস, পলাশি ফিশ ইগল ও গিরিহাঁস দেখা যাচ্ছে বিলে। পরিযায়ী পাখির মধ্যে বিলে সবচেয়ে বেশি আছে টিকিহাঁস। বড় ডুবুরির সংখ্যাও বাড়ছে।