চার প্রতিবন্ধীর এগিয়ে চলার গল্প
কক্সবাজারের চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা খোন্দকারপাড়ার কৃষক মোহাম্মদ হোছাইনের চার ছেলে ফরিদুল আলম, জামাল উদ্দিন, লিয়াকত আলী ও মোবারক আলী। এঁরা সবাই শারীরিক প্রতিবন্ধী। শিশুকাল থেকেই অন্যের সহযোগিতা নিয়েই তাঁরা চলাফেরা করেছেন। কিন্তু শারীরিক প্রতিবন্ধিতা তাঁদের কিছু একটা করে বাঁচার অদম্য স্পৃহাকে দমিয়ে রাখতে পারেনি। ভিক্ষা না করে সমাজের আর দশজনের মতোই রোজগারের উপায় করেন তাঁরা। প্রথমে সামান্য পুঁজি বিনিয়োগ করে কাপড়ের ব্যবসা শুরু করেন। কয়েক বছরের মাথায় তাঁরা এখন লাখপতি। স্থানীয় লোকজনের ভাষায় ‘মিনি গার্মেন্টসের মালিক’। পারিবারিক সূত্র জানায়, ছোটবেলা থেকে প্রতিবন্ধী হওয়ার কারণে চার ভাইয়ের কেউ লেখাপড়া করতে পারেননি। সংসারে দারিদ্র্য লেগেই ছিল। বড় ছেলে ফরিদুল আলম প্রথমে স্থানীয় একটি পানের দোকানে চাকরি করতেন। কয়েক বছরের মাথায় তিনি নিজেই একটি পানের দোকান খোলেন। মেজ ছেলে জামাল উদ্দিন সেলাই কাজের প্রশিক্ষণ নিলেও টাকার অভাবে দোকান খুলতে পারেননি। অন্য দুই ছেলেও বেকার সময় পার করছিলেন। ফরিদুল আলম বলেন, স্থানীয় ব্যক্তিদের পরামর্শে ছোট ভাই জামাল চকরিয়া উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধী হিসেবে ২০ হাজার টাকা সুদমুক্ত ঋণ নেন। পরে আত্মীয়স্বজনের কাছ থেকে আরও কিছু টাকা ধার নিয়ে তাঁরা একটি সেলাইয়ের (টেইলারিং শপ) দোকান খোলেন। এটি চালিয়েই সচ্ছলতার মুখ দেখেছেন চার ভাই মিলে। স্থানীয় চাষি আনোয়ারুল হাকিম ও আমিন উল্লাহ বলেন, চোখের সামনে চার ভাই লাখপতিতে পরিণত হয়েছেন। আর ইচ্ছা ও পরিশ্রম করার মানসিকতা থাকলে যে কেউ স্বাবলম্বী হতে পারেন, তার দৃষ্টান্ত এই চার ভাই। এই দোকানের কাপড় চকরিয়া, কক্সবাজারসহ জেলার আনাচকানাচে ছড়িয়ে পড়ছে। সরেজমিনে দেখা গেছে, বর্তমানে ওই দোকানে ছয় শারীরিক প্রতিবন্ধীসহ ১৮ জন কাপড় তৈরির কাজ করছেন। গ্রামের নারী-পুরুষ সবাই এই দোকানে কাপড় সেলাই করতে দিচ্ছেন। জামাল উদ্দিন বলেন, ‘ঢাকা ও চট্টগ্রাম থেকে কাপড় কেনা গেলে মুনাফা একটু বেশি হয়। বর্তমানে খরচ বাদে আট থেকে ১০ হাজার টাকা লাভ হচ্ছে। বিভিন্ন উৎসবের সময় লাভ আরও বেশি হয়। এর আগে লাভের টাকা থেকে ঋণের কিস্তি ও কর্জ পরিশোধ করেছি। দোকানে বর্তমানে ১০টি সেলাই মেশিন রয়েছে।’ দোকানের কর্মচারীরা জানান, এই প্রতিষ্ঠানে কাজ করে তাঁরাও স্বাবলম্বী হচ্ছেন। দোকানের পরিচালকদের উৎসাহে তাঁদের কাজের উদ্যম দিন দিন বাড়ছে। মিনি গার্মেন্টেসের মালিক চার ভাই বলেন, ‘প্রতিবন্ধী হলেও আমরা এখন সমাজের বোঝা নই। পরিকল্পিতভাবে কাজ করলে এবং সহযোগিতা পেলে প্রতিবন্ধীরাও সম্পদে পরিণত হতে পারে।’