চার বছর ধরে বিভক্ত কক্সবাজার জেলা বিএনপি। কমিটিও দুটি। দলীয় সব কর্মসূচি পালন হয় পৃথকভাবে। কেন্দ্র থেকে একাধিকবার এ কোন্দল নিরসনে উদ্যোগ নেওয়া হলেও কেউ কাউকে ছাড় দিতে নারাজ। এ নিয়ে হতাশ তৃণমূলের নেতা-কর্মীরা। এ কোন্দল জিইয়ে থাকলে আগামী নির্বাচনে কক্সবাজার জেলায় বিএনপির শক্ত অবস্থানে চিড় ধরবে বলে আশঙ্কা করছেন জেলার জ্যেষ্ঠ নেতারা।
নেতা-কর্মীরা জানান, ২০০৯ সালের ২০ নভেম্বর রাতে কক্সবাজার স্টেডিয়ামে জেলা বিএনপির সম্মেলনের কমিটি ঘোষণা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর এক পক্ষ কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীকে সভাপতি ও জেলা আদালতের সাবেক সরকারি কৌঁসুলি শামীম আরাকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির কমিটি ঘোষণা দেয়। অপর পক্ষ কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ লুৎফুর রহমান ওরফে কাজলকে সভাপতি এবং কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সাংসদ আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ওরফে ফরিদকে সাধারণ সম্পাদক করে পাল্টা কমিটি গঠন করে। প্রায় চার বছর ধরে দুই কমিটি পাল্টাপাল্টিভাবে কর্মসূচি পালন করে আসছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা বলেন, কোন্দলের কারণে আগামী নির্বাচনে প্রতিটি সংসদীয় আসনে দলের একাধিক প্রার্থী মাঠে নামতে পারেন। তখন সব কটি আসন বিএনপির হাতছাড়া হতে পারে। কোন্দল নিরসনের জন্য কেন্দ্র থেকে একাধিকবার চেষ্টা করা হলেও কতিপয় প্রভাবশালী নেতার কারণে তা সম্ভব হচ্ছে না।
জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটি বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের দখলে রয়েছে। ২০০৮ সালের অষ্টম সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির সাংসদ হাছিনা আহমদ, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এ এইচ এম হামিদুর রহমান ও কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফুর রহমান সাংসদ নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনেও জেলার চারটি সংসদীয় আসনই বিএনপির দখলে ছিল।
টেকনাফের শাহপরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ইসমাইল বলেন, কক্সবাজার বিএনপির দুর্গ। কিন্তু এখন এই দুর্গের নড়বড়ে অবস্থা কোন্দলের কারণে। জ্যেষ্ঠ নেতাদের বিরোধে তৃণমূলের নেতা-কর্মীরাও দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। আগামী নির্বাচনের আগে এ কোন্দল নিরসন জরুরি।
দলীয় সূত্র জানায়, সর্বশেষ গত ২৯ আগস্ট জেলা বিএনপির একটি পক্ষ (শাহজাহান চৌধুরী) কক্সবাজার সাংস্কৃতিককেন্দ্রে এবং আরেক পক্ষ (লুৎফুর রহমান) কলাতলীস্থ তারকা হোটেল ওশান প্যারাডাইসের বলরুমে পৃথকভাবে তৃণমূল প্রতিনিধি সম্মেলন আহ্বান করে। দুই পক্ষের সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান। দুটি সভায় তিনি কোন্দল নিরসনের আহ্বান জানিয়ে বক্তব্য দেন। কিন্তু সেই আহ্বানে কোনো কাজ হয়নি। আগের অবস্থায় রয়েছে কোন্দল।
জানা যায়, বর্তমানে লুৎফুর রহমানের সমর্থকেরা জেলা বিএনপি কার্যালয় দখলে রেখেছেন। অপর পক্ষের কোনো আলাদা কার্যালয় নেই।
কোন্দল প্রসঙ্গে জানতে চাইলে লুৎফুর রহমান বলেন, দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জেলা বিএনপির কোন্দল নিরসনের জন্য নানা উদ্যোগ নিয়েছেন। কিন্তু একটি মহলের গোঁয়ার্তুমির কারণে চেয়ারপারনের নির্দেশ কার্যকর করা যাচ্ছে না। মহলটি চাইছে না কোন্দলের নিরসন হোক।
অপর অংশের সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, বড় দল হিসেবে বিএনপিতে ভুল বোঝাবুঝি থাকতে পারে। এতে দলের কোনো ক্ষতি হচ্ছে না। অতীতের অন্যান্য সময়ের তুলনায় বিএনপি এখন ভালোই চলছে।