চার বছর পর মায়ের কোলে

রান্নার জন্য চাল ছিল না সেদিন। ক্ষুধায় কাতর পুরো পরিবার। বাবা বলেছিলেন, ‘চাল নিয়ে আয়।’ ছয় বছরের শিশু ইনামুল হক বেরিয়েছিল চালের খোঁজে। স্টেশনে গিয়ে ট্রেন দেখে ভুলে গিয়েছিল ক্ষুধার কথা। খেলার ছলে উঠে পড়েছিল সেই ট্রেনে। দালালের খপ্পরে পড়ে পাচার হচ্ছিল ভারতে। সীমান্তে ভারতীয় পুলিশ তাকে আটক করে। ছেলেটির আশ্রয় মেলে শিলিগুড়ির একটি সেফ হোমে। এরপর সেখানেই কেটে যায় চার বছর।
এদিকে সন্তানের খোঁজে দিশেহারা হয়ে পড়েন মা। ধরনা দিতে থাকেন নানাজনের কাছে। শেষ পর্যন্ত স্থানীয় ইউনিয়ন পরিষদের চেষ্টায় খোঁজ মেলে ইনামুলের। পরিচয় মিলতেই ভারতীয় সেফ হোম কর্তৃপক্ষ তাকে বাংলাদেশে পাঠায়। গত ৩১ মার্চ মায়ের কাছে ফিরে আসে সে।
প্রিয় সন্তানকে ফিরে পেয়ে যেন হাতের মুঠোয় পৃথিবী পান মা। আবার দুশ্চিন্তাও বাসা বাঁধে মনে। বেদনা তৈরি হয় সন্তানের ভবিষ্যৎ নিয়ে। ৩ এপ্রিল ইনামুলদের বাড়িতে গিয়ে আনন্দ-বেদনার মিশেলে তৈরি এক চিত্র দেখা যায়।
পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কদমতলী গ্রাম। কাঁচা সড়কের পাশে এক আত্মীয়ের জমিতে ছোট্ট একটি টিনের ঘর নিয়ে ইনামুলদের বাড়ি। বাবা সিহাব উদ্দিন শ্রমজীবী। তবে অসুস্থতার কারণে এখন কাজ করতে পারেন না। মা সাজু খাতুন গৃহিণী। সাত বছর বয়সী এক বোন আছে ইনামুলের। পরিবারে নতুন সদস্য হিসেবে যোগ হয়েছে এক মাস বয়সী এক ভাই। সব মিলিয়ে পাঁচজনের সংসার। কিন্তু আয়ের কোনো উৎস নেই তাদের। ইনামুলের হারিয়ে যাওয়া, ফিরে আসা এবং বর্তমান অবস্থা—সব বিষয়ে কথা হয় পরিবারটির সঙ্গে। তবে এ গল্পের পুরোটাই অভাব, অনটন ও দুঃখগাথার। ভালো লাগার যেটুকু, তা এনামুলের চার বছরের ভারতবাস। সেফ হোমের আতিথেয়তায় মুগ্ধ ইনামুল। কীভাবে হারিয়েছিল মনে নেই। তবে বন্ধু, স্কুল, পড়ালেখা, গল্প, আড্ডা—অনেক কিছুই ভুলতে পারছে না সে।
দিনাজপুরের হিলি সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে শিলিগুড়ির বালুঘাট। সেখানকার একটি সেফ হোমে আশ্রয় মিলেছিল ইনামুলের। পড়ত পাশের প্রণবানন্দ বিদ্যাপীঠ স্কুলে। চার বছর আগে প্রথম শ্রেণিতে ভর্তি। এরপর চতুর্থ শ্রেণিতে পড়া অবস্থায় বাংলাদেশে ফিরে এল সে।
সেফ হোমের গল্প বলতে গিয়ে ছলছল ইনামুলের চোখ। ওখানে বেশ আনন্দেই কাটত তার সময়। সমবয়সী ৩০–৩৫ জন বন্ধু ছিল। তাদের মধ্যে কয়েকজন বাংলাদেশি। সবাই মিলে একসঙ্গে স্কুলে যেত, খেলত, গল্প করত। শিক্ষকেরা তাদের অনেক ভালোবাসতেন। তবে যখন একা থাকত, তখন মায়ের কথা খুব মনে পড়ত। বাড়িতে ফিরে আসতে খুব ইচ্ছা হতো। কিন্তু অচেনা-অজানা পরিবেশ থেকে মুক্তির উপায় তার জানা ছিল না। তাই বাড়িতে আসতে না পারার বেদনা তাকে সব সময় কষ্ট দিত।

ছেলেটিকে খুঁজে পাওয়ার কাহিনি শোনান ফৈলজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হানিফ উদ্দিন। ইনামুলের মা সন্তানের খোঁজে প্রায়ই তাঁর কাছে যেতেন। বিষয়টি তাঁকে কষ্ট দিত। তাই পুলিশের গোয়েন্দা শাখাসহ বিভিন্ন দপ্তরকে তিনি জানিয়েছিলেন। এর সূত্র ধরেই গত ৩০ মার্চ রাতে হিলি সীমান্ত থেকে তাঁর কাছে একটি ফোন আসে। জানানো হয় ইনামুলকে দিনাজপুর জেলার হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ খবরে তিনি ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ড সদস্য সবুজ আলীকে পাঠিয়ে সেখান থেকে তাকে নিয়ে আসেন। পরে স্থানীয় সুধীজনদের উপস্থিতিতে তাকে মায়ের হাতে তুলে দেওয়া হয়।
যত কষ্টই হোক, ছেলেকে আবার স্কুলে ভর্তি করাতে চান ইনামুলের বাবা। পড়ালেখা শিখিয়ে মানুষের মতো মানুষ করতে চান। ‘পরিবারের সবাইকে পেয়ে ভালো লাগছে’—বলে এনামুল। ঠিকমতো খাবার না জুটলেও স্বস্তিতে আছে সে। তারও ইচ্ছা পড়ালেখা চালিয়ে যাওয়ার। তাই ফিরে আসার সময় যে বইগুলো নিয়ে এসেছিল, সেগুলো পড়ছে প্রতিদিন।