চার বছরে দেশী দশ
ঢাকার বসুন্ধরা সিটি শপিংকমপ্লেক্সের দেশী দশ চত্বরকে দেখাচ্ছিল মেলার মতো। গান বাজছে, ছোট ছেলেমেয়েরা ছোটাছুটি করছে। কারও কারও অপেক্ষা আবার ছোট্ট ট্রেনে ওঠার জন্য। বড়রাও পিছিয়ে নেই। ঘুরে ঘুরে দেখছেন ১০টি দোকানের জিনিসপত্র। হাতে হাওয়াই মিঠাই, ঝালমুড়ি, আমড়ার রসসহ আরও কত কী। দেখানো হয় পুতুল নাচও। এ চিত্র গত ২৯ সেপ্টেম্বর দেশী দশ চত্বরের। এদিন চার বছরে পা রাখল দেশী দশ। প্রবর্তনা, নিপুণ, কে ক্র্যাফট, অঞ্জন’স, রঙ, বাংলার মেলা, সাদাকালো, বিবিয়ানা, নগরদোলা ও দেশাল—এই দশ ফ্যাশন হাউস নিয়েই দেশী দশ।লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় দেশী দশের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। ফরিদা পারভীন জানান, এর আগে তিনি কখনো দেশী দশে আসেননি। প্রথমবারের মতো এসে তিনি মুগ্ধ। তিনি নিজে কেনাকাটা করেন। ক্রেতাদেরও দেশীয় পোশাক কিনতে বলেন। এরপর ‘মিলন হবে কত দিনে’ গানটি গেয়ে শোনান তিনি। হাবিবুল বাশার অভিনন্দন জানান দেশী দশের উদ্যোক্তাদের।মঞ্চে বিভিন্ন মাধ্যমের শিল্পী, কলাকুশলী, ও অন্য উদ্যোক্তারা এসে শুভেচ্ছা জানান। এদিন কথা হয় রঙের অন্যতম উদ্যোক্তা সৌমিক দাশের সঙ্গে। তিনি জানান, সবার ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চান। ঢাকার বাইরে চট্টগ্রামে আরেকটি শাখা রয়েছে দেশী দশের। ভবিষ্যতে আরও শাখা বাড়ানোর পরিকল্পনা আছে তাঁদের।