চার বছরে ১৭ হাজার মামলা নিষ্পত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছরে প্রায় ১৭ হাজার মামলা নিষ্পত্তি করে চট্টগ্রাম জেলা আদালতের নজির গড়েছেন বিদায়ী মহানগর হাকিম মোহাম্মদ মাহবুবুর রহমান। ২০০৮ সালের ২২ মে থেকে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। গত মঙ্গলবার ছিল চট্টগ্রামে তাঁর শেষ কর্মদিবস।আদালত সূত্র জানায়, চট্টগ্রাম মহানগর হাকিম আদালতের পাশাপাশি মাহাবুবুর রহমান চট্টগ্রাম সিটি করপোরেশনের বিশেষ আদালত সালিসি পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাঁকে এখন নোয়াখালী আদালতে বদলি করা হয়েছে। আগামী সপ্তাহে তিনি নতুন কর্মস্থলে যোগ দেবেন। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য আইনজীবীরা তাঁকে মঙ্গলবার সংবর্ধনা দিয়েছেন।সিটি করপোরেশনের দুটি আদালতে বিশেষ মহানগর হাকিম হিসেবে তিনি নগরবাসীর সঙ্গে সিটি করপোরেশনের অভ্যন্তরীণ বিরোধসংক্রান্ত প্রায় দেড় হাজার মামলার নিষ্পত্তি করেন। আর সালিসি পরিষদের চেয়ারম্যান হিসেবে পারিবারিক বিরোধসহ বিভিন্ন অভিযোগের আরও প্রায় দেড় হাজার মামলাও নিষ্পত্তি করেন তিনি। আদালত সূত্র আরও জানায়, মোহাম্মদ মাহাবুবুর রহমান চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে সরাসরি রেকর্ডভুক্ত প্রায় সাড়ে তিন হাজার মামলা নিষ্পত্তি করেন। আরও প্রায় পাঁচ হাজার মামলা বিচারের জন্য তৈরি করে বিভিন্ন আদালতে পাঠিয়েছেন। এ ছাড়া কোতোয়ালি জোনের পুলিশের ফাইল করা মামলার মধ্যে প্রায় আড়াই হাজার মামলা তিনি নিষ্পত্তি করেছেন। আরও প্রায় তিন হাজার ৩০০ মামলা বিচারের জন্য প্রস্তুত করে বিভিন্ন আদালতে পাঠান।জানা যায়, মাহাবুবুর রহমান ভারপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হিসেবেও বেশ কিছুদিন দায়িত্ব পালন করেন। এ সময় নিষ্পত্তি হয় প্রায় ৩৫০টি মামলা। এ ছাড়া মহানগর হাকিম হিসেবে আরও দুই হাজার ৬৫০টি নিয়মিত মামলা নিষ্পত্তি করেন তিনি। এদিকে, তিনি মহানগর পুলিশ অধ্যাদেশে করা প্রায় পাঁচ হাজার মামলাও নিষ্পত্তি করেন।