চার বছরেও শেষ হয়নি মিলনায়তনের নির্মাণকাজ
ফেনীর পরশুরাম উপজেলা মিলনায়তন নির্মাণের কাজ দীর্ঘ চার বছরেও শেষ হয়নি। অথচ কার্যাদেশে সময়সীমা দেওয়া হয়েছিল এক বছর।ফেনী জেলা পরিষদ সূত্র জানায়, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আনোয়ারুল ইকবালের নিজ এলাকা ফেনীর পরশুরাম উপজেলা সদরে একটি মিলনায়তন নির্মাণের উদ্যোগ নেয় তৎকালীন সরকার।এর জন্য স্থান নির্বাচন করা হয়েছে পরশুরাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠের পশ্চিম পাশে ফেনী-পরশুরাম সড়কসংলগ্ন সাবেক পৌর ভবন এলাকায়। এটি উপজেলা সদরের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত।৫০০ আসনবিশিষ্ট এ মিলনায়তনে একটি মঞ্চ, মঞ্চের পেছনে সাজঘরের ব্যবস্থা রাখা হয়েছে। সামনে গাড়ি পার্কিংয়ের জন্যও ব্যবস্থা রাখা হয়েছে।ফেনী জেলা পরিষদ এ মিলনায়তন নির্মাণের জন্য এক কোটি ১০ লাখ টাকার একটি প্রাক্কলন তৈরি করার পর দরপত্র আহ্বান করা হয়।কিন্তু দরপত্র জমা পড়ে উঁচু দরে। ফলে এক কোটি ২০ লাখ টাকায় ফুলগাজীর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাহিদ হোসেন ফার্মকে ২০০৭ সালে ২১ নভেম্বর কার্যাদেশ দেওয়া হয়।কার্যাদেশে প্রতিষ্ঠানটিকে এক বছরের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা বলা হয়। কিন্তু কাজটি চার বছরেও শেষ হয়নি। ইতিমধ্যে বেশ কয়েক বার কাজ শেষ করার সময় বাড়ানো হয় এবং ঠিকাদারি প্রতিষ্ঠানকে ফেনী জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন কিস্তিতে ৭৩ লাখ ১১ হাজার ৭৬৫ টাকা পরিশোধ করা হয়েছে।ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ করা হয়, শুধু সরকারের তহবিল-সংকটের কারণেই কাজটি শেষ করতে বিলম্ব হচ্ছে। নির্মাণসামগ্রীর মূল্যের ঊর্ধ্বগতির কারণে কাজ শেষ করতে যতই বিলম্ব হচ্ছে, ততই তার প্রতিষ্ঠানকে লাভের পরিবর্তে আর্থিক লোকসান গুনতে হচ্ছে।পরশুরাম বাজারের ছালেহ আহমদ নামের এক ব্যবসায়ী বলেন, পরশুরামে এখন পর্যন্ত কোনো ভালো মিলনায়তন নেই। ফলে এখানকার মানুষের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করতে বেশ কষ্ট হয়।উপজেলা সদরে একটি আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত মিলনায়তন নির্মাণের খবরে এলাকার মানুষ বেশ খুশি হয়েছিল।পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার বলেন, কাজ অতি ধীরগতিতে চলছে। ফেনী জেলা পরিষদকে কাজটি দ্রুত বাস্তবায়নরে জন্য বারবার বলা হয়েছে।ফেনী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ এস এম মৈনুর চার বছরেও কাজটি শেষ না হওয়ার কারণ সম্পর্কে প্রথম আলোকে বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে যথাসময়ে অর্থবরাদ্দ পাওয়া যায়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানকে সময়মতো বিল পরিশোধ করা যায়নি। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে চিঠি দেওয়া হয়। গত বছরের ২৮ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জুবাইদা নাসরিন জেলা পরিষদকে দেওয়া এক চিঠিতে জানান, পরশুরাম উপজেলা মিলনায়তন নির্মাণ প্রকল্পের অবশিষ্ট অর্থ ফেনী জেলা পরিষদের অনুকূলে বরাদ্দকৃত এডিপি/ নিজস্ব/ সাশ্রয়কৃত অর্থ হতে পর্যায়ক্রমে ব্যয় নির্বাহের জন্য বলা হয়।জুবাইদা নাসরিন জানান, মিলনায়তনের কাজ ইতিমধ্যে ৮০ শতাংশ শেষ হয়েছে। বর্তমানে মেঝেতে (ফ্লোর) টাইলস বসানো, আসবাবপত্র এবং রঙের কাজ বাকি রয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। ঠিকাদারের বিলও দেওয়া যাবে।