চার বছরেও সংস্কার হয়নি ভাঙা জেটি

চার বছরেও কক্সবাজারের মহেশখালী উপজেলার খাদ্যগুদামের ভাঙা জেটি সংস্কার হয়নি। এ কারণে বিকল্প ঘাট দিয়ে পণ্য ওঠানো-নামানোয় দুর্ভোগ পোহাচ্ছেন শ্রমিকেরা। এ ছাড়া চাহিদা অনুপাতে গুদামে পণ্য তোলা যাচ্ছে না। তার ওপর পণ্য ওঠানো-নামানো চলে শুধু জোয়ারের সময়। এ জেটি দিয়ে সরকারিভাবে বরাদ্দ দেওয়া টিআর (টেস্ট রিলিফ), কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিসহ (কাবিখা) বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চাল ও গম আনা হয়।
উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ১৯৯২ সালে পৌরসদরের গোরকঘাটা এলাকায় সাগরের সঙ্গে সংযুক্ত রশিদ মিয়া খালে এ জেটি নির্মাণ করা হয়। পরে ২০০৯ সালের ৫ ফেব্রুয়ারি বড় মাছ ধরার একটি নৌকার ধাক্কায় ওই জেটি ভেঙে যায়। এরপর চার বছর পার হয়ে গেলেও এটি সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মহেশখালীর তিনটি গুদামের মধ্যে একটি বন্ধ রয়েছে। বাকি দুটিতে পণ্য মজুত করা হয়।
সরেজমিনে দেখা গেছে, জেটির ভাঙা অংশ পড়ে আছে খালে। খালের পাড়ের সঙ্গে নৌকায় তক্তা সংযুক্ত করে ঝুঁকিপূর্ণ অবস্থায় উন্নয়ন প্রকল্পের জন্য আনা গমের বস্তা নামাচ্ছেন শ্রমিকেরা। প্রতিটি বস্তার ওজন ৫০ কেজি। শ্রমিক জাফর আলম (৬০) বলেন, নৌকা থেকে মালামাল ওঠাতে কষ্টের শেষ নেই। নৌকা থেকে বস্তা নিয়ে যেতে হয় প্রায় ১০০ গজ দূরের গুদামে। প্রায় ছোটখাটো দুর্ঘটনায় আহত হচ্ছেন অনেকে। তা ছাড়া খাল দিন দিন ভরাট হয়ে যাচ্ছে। এ কারণে জোয়ারের সময় কোনো রকমে মালামাল তুলতে পারলেও ভাটার সময় তা সম্ভব হচ্ছে না।
উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ পাল চৌধুরী বলেন, ভাঙা জেটি সংস্কার না হওয়ায় সরকারি বরাদ্দের টিআর, কাবিখা, ঈদের বিশেষ ভিজিএফ ও ভিজিডির চাল-গম গুদামে ওঠানো-নামানোয় বেশ কষ্ট হচ্ছে। প্রতিদিন ৫০ থেকে ৬০ টন মালামাল ওঠানোর কথা থাকলেও এখন তোলা যাচ্ছে মাত্র ২৫ টন। জেটি সংস্কারের ব্যাপারে বেশ কয়েকবার লিখিতভাবে জানানো হয়েছে, কিন্তু কাজ হয়নি।