চার বছরেও সন্ধান মেলেনি ব্যবসায়ী মোজাফফরের
চার বছরেও ব্যবসায়ী মোজাফফর আহমদের সন্ধান মেলেনি। ২০০৭ সালের ৯ সেপ্টেম্বর রাতে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বাসার অদূরে ভ্যাট কার্যালয়ের ক্লাবে গিয়ে তিনি আর ফেরেননি। এ ঘটনায় সন্দেহভাজন ছয় আসামি উচ্চআদালত থেকে জামিন পান। মোজাফফরের স্ত্রী জাহানারা আহমদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘ওরা (তদন্তকারী সংস্থা) শুধু বলে আমরা তদন্ত করছি। আমাদের বিশ্বাস, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাশে জায়গার বিরোধ নিয়ে ঘটনাটি ঘটতে পারে। প্রাণনাশের আশঙ্কায় আমার স্বামী ডবলমুরিং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। কারণ, তাঁকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। একজন ব্যবসায়ী ও নগরের এক শীর্ষ সন্ত্রাসী এই হুমকি দিয়েছিলেন, যা জিডিতে উল্লেখ আছে। সিআইডি ওই পথে তদন্ত করলে আমার স্বামীর নিখোঁজ হওয়ার তথ্য উদ্ঘাটন করতে পারবে।’পুলিশ সূত্র জানায়, মোজাফফর নিখোঁজ হওয়ার ঘটনায় তৈরি পোশাক কারখানার মালিক মো. মামুন, জাহাঙ্গীর আলম, শুল্ক কর্মকর্তা নুরুল আলম, ব্যবসায়ী মুন ও ভ্যাট ক্লাবের সামনে অপেক্ষমাণ রিকশার চালক ভুট্টোকে গ্রেপ্তার করা হয়। এঁদের মধ্যে ব্যবসায়ী ও জাহাঙ্গীর আলম ২০০৬ সালে ব্যবসায়ী মোজাফফরকে হুমকি দিয়েছিলেন বলে ডবলমুরিং থানায় দুই দফা জিডি হয়। মোজাফফর নিজেই জিডি করেন। তবে চার বছর আগে গ্রেপ্তারের পর মো. মামুন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।মোজাফফরের স্ত্রী জাহানারা আহমদ জানান, মেডিকেল কলেজসংলগ্ন সাড়ে পাঁচ কাঠার একটি প্লট বিক্রির জন্য আমার স্বামী মামুনের সঙ্গে বায়না করেন। এতে মামুন জমির মূল্য বাবদ ৯৫ লাখ টাকার মধ্যে ১৫ লাখ টাকা দেন। বাকি ৮০ লাখ টাকা এক মাসের মধ্যে পরিশোধ করে জমিটি নিবন্ধন করার কথা ছিল। মামুন সময় চাওয়ায় তা হয়নি। এ ব্যাপারে মামুনের কাছে উকিল নোটিশও পাঠানো হয়। মোজাফফর নিখোঁজ হওয়া-সংক্রান্ত মামলাটি তদন্ত করছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্ত কর্মকর্তা ও জ্যেষ্ঠ পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম চৌধুরী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘ডবলমুরিং থানা ও নগর গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত করে। অনেক পরে আমরা তদন্তের দায়িত্ব পাই। এ কারণে মোজাফফর সাহেবের নিখোঁজ হওয়ার রহস্য উদ্ঘাটনে আমাদের হিমশিম খেতে হচ্ছে।’ তদন্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম আরও বলেন, ‘মোজাফফর সাহেব বাড়ির পাশে ভ্যাট ক্লাবে নিয়মিত যেতেন। অনেক রাত করে তিনি বাসায় ফিরতেন। তবে ঘটনার সময় ওই ক্লাবে যাঁরা ছিলেন, তাঁরাই মোজাফফর সাহেবের ব্যাপারে ভালো তথ্য দিতে পারেন। এর মধ্যে ছয় আসামি হাইকোর্ট থেকে জামিন পান, যে কারণে তাঁদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের সুযোগ নেই। তবে প্রয়োজনে আমরা তাঁদের ডেকে এনে জিজ্ঞাসাবাদ করি। রহস্য উদ্ঘাটনে আমাদের চেষ্টার ত্রুটি নেই।’খোঁজ নিয়ে জানা যায়, ঘটনার সময় ২০০৭ সালের ৯ সেপ্টেম্বর রাতে ভ্যাট ক্লাবে মোজাফফরের সঙ্গে ছিলেন শুল্ক কর্মকর্তা নুরুল আমিন ও ব্যবসায়ী মুন। রিকশাচালক ভুট্টো মধ্যরাত কিংবা ভোরে মোজাফফরকে বাসায় পৌঁছে দিতেন। ইতিপূর্বে পুলিশ তাঁদের একাধিকবার জিজ্ঞাসাবাদ করে কোনো তথ্য পায়নি।